
ব্রুক স্ট্রিট রহস্য (শার্লক হোমস)
আর্থার কোনান ডয়েল
ব্রুক স্ট্রিট রহস্য (শার্লক হোমস)
| আর্থার কোনান ডয়েল | |
| detective |
Posted byকাব্য রচিত31-Oct-2025
Change color
খাপছাড়া ভাবে আমি যে-স্মৃতিকথা লিখে যাচ্ছি তার কারণ কিন্তু একটাই। সেটা হল আমার বন্ধু শার্লক হোমসের কাজের ধারা আর তার আশ্চর্য বিশ্লেষণ-ক্ষমতার কথা সাধারণ লোককে জানিয়ে দেওয়া। কিন্তু লিখতে বসে বেশ মুশকিলে পড়ে গিয়েছি। যে-ধরনের লেখা লিখতে চাই সে রকমের ঘটনা একটাও পাচ্ছি না। ডায়েরির পাতা ওলটাতে ওলটাতে দু’ ধরনের ‘কেস’ নজরে পড়েছে। এক ধরনের রহস্যের তদন্তে হোমস এমন অসম্ভব বাহাদুরি দেখিয়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। এগুলোকে প্রায় অলৌকিক কাণ্ড বলা যায়। তবে এই ঘটনাগুলোর কোনওটাই দম-বন্ধ-করা রহস্যকাহিনী নয়। এমনকী, বেশ চমকদারও কিছু নয়। তাই এই কাহিনীগুলো লিখতে বিশেষ উৎসাহ পাই না। বুঝতে পারি না, এগুলো পড়তে পাঠকদের ভাল লাগবে কিনা। কতকগুলো ঘটনা আবার রোমহর্ষক। এই সব রহস্যের তদন্তের জন্যে হোমসের ডাক পড়েছে। হোমস ফয়সালাও করে দিয়েছে। তবে সমাধান এত সহজেই হয়ে গেছে যে, হোমস তার কেরামতি দেখাবার বিশেষ কোনও সুযোগই পায়নি। আর সেই কারণেই এই জাতীয় রহস্যের সমাধানে হোমসের ‘পার্ট’ খুব একটা বড় কিছু নয়।
‘বোহেমিয়ায় কেলেঙ্কারি’ বলে যে-ঘটনাটার কথা আগে লিখেছি, সেটা এই ধরনেরই ব্যাপার। গ্লোরিয়া স্কট জাহাজের তদন্তটাও এই ধরনের। এ ধরনের রহস্য সমাধানের ঘটনাগুলো আমার মোটেই ভাল লাগে না। আমার ইচ্ছে হোমসের জীবনী লেখা। তাই যে-সব রহস্যের সমাধানে হোমস তার প্রতিভার পুরোদস্তুর পরিচয় দিতে পেরেছে, সেগুলোর দিকেই আমার ঝোঁক বেশি। আমি হোমসের এই অদ্ভুত ক্ষমতার কথা লিখে যেতে চাই। এসব কথা বলবার পরে আজকে যে-ঘটনার কথা লিখব বলে বসেছি সেটা অবশ্য দ্বিতীয় দফার মধ্যেই পড়ে। এই রহস্যের সমাধান করতে হোমসকে বেশি খাটাখাটনি করতে হয়নি বটে, তবে ঘটনাটা খুবই অদ্ভুত। তাই এই ঘটনার কথা না লিখে পারলাম না।
অক্টোবর মাস। আজ সারা দিন ধরে বৃষ্টি হয়েছে আর গুমোট করে রয়েছে। হোমস বলল, “বিচ্ছিরি আবহাওয়া। এখন একটু হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও ধরেছে দেখছি। ওয়াটসন, লন্ডনের পথেঘাটে খানিক ঘুরে এলে কেমন হয়?”
ঘরে হাত-পা গুটিয়ে বসে থেকে আমারও বিরক্তি ধরে গিয়েছিল। হোমসের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ঘণ্টা তিনেক আমরা ব্রুক স্ট্রিট আর স্ট্র্যান্ড বরাবর ঘুরে বেড়ালাম। অজস্র লোকের মিছিল। প্রত্যেকটি লোকই আলাদা। তাদের বেশবাসের ধরন, হাঁটাচলার কায়দা সবই আলাদা। সব দিক দিয়ে এক অপূর্ব বর্ণাঢ্য শোভাযাত্রা। হোমস মাঝে মাঝেই এক এক জনকে ভাল করে দেখে নিয়ে তাদের সম্বন্ধে তার মতামত দিচ্ছিল। সে সব শুনতে আমার বেশ মজা লাগছিল। আর অবাক হচ্ছিলাম হোমসের দেখবার আর অনুমান করবার ক্ষমতা দেখে।
আমরা যখন বেকার স্ট্রিটে ফিরে এলাম তখন রাত দশটা বেজে গেছে। দরজার কাছে এসে দেখি একটা ব্রুহাম দাঁড়িয়ে আছে।
“হুম…ডাক্তারের গাড়ি দেখছি! ভদ্রলোক জি. পি.। পারিবারিক চিকিৎসক বলেই বোধ হচ্ছে। খুব বেশি দিন ডাক্তারি শুরু করেননি। তবে পসার বেশ ভালই জমেছে,” হোমস বলল। “মনে হচ্ছে আমাদের কাছেই এসেছেন। খুব ভাল সময়েই আমরা ফিরে এসেছি।”
হোমসের কায়দাকানুন আমি এখন মোটামুটি রপ্ত করেছি। তাই কী ভাবে হোমস এ কথাগুলো বলল তা আন্দাজ করতে পারলাম। গাড়ির ভেতরের বাতিদান থেকে ঝোলানো একটা বেতের বাক্সে ডাক্তারি জিনিসপত্র। বাতির আলোয় বাক্সের ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছিল। একনজরে গাড়ির ভেতরটা দেখে নিয়ে হোমস সিদ্ধান্ত নিয়েছিল যে, ওটা ডাক্তারের গাড়ি। আমাদের বসবার ঘরে আলো জ্বলছিল। আলো দেখেই হোমস বুঝে নিয়েছিল যে, গাড়ির মালিক বোধহয় আমাদের কাছেই এসেছেন। হঠাৎ একজন ডাক্তার আমাদের কাছে এলেন কেন? নিজে ডাক্তার বলেই বোধহয় আমার আগ্রহ বেশি হল। কৌতূহলে টগবগ করতে করতে আমি হোমসের পিছু পিছু উঠে এলাম।
আমরা ঘরে পা দিতেই ফায়ারপ্লেসের সামনে থেকে এক ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। খোঁচা খোঁচা দাড়ি গোঁফওলা মুখ শুকিয়ে একেবারে আমসি। ভদ্রলোকের বয়স তেত্রিশ-চৌত্রিশের বেশি হবে না। কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে, যে-কোনও কারণেই হোক তাঁর শরীর ভাল নয়। এই বয়সের লোকের যতটা চনমনে থাকা উচিত, ভদ্রলোক মোটেই সে রকম নন। তাঁর চেহারায় একটা ক্লান্তির ছাপ, ভদ্রলোকের হাবভাবও বেশ লাজুক লাজুক। ভদ্রলোকের হাতের আঙুলগুলো এত সুন্দর যে, দেখলেই মনে হয় কোনও চিত্রকরের আঙুল, সার্জেনের আঙুল বলে বোঝা যায় না। ভদ্রলোকের পোশাকও বেশ রুচিসম্পন্ন। কালো ফ্ৰককোট আর গাঢ় রঙের ট্রাউজার্স। টাই রঙিন।
হোমস হেসে হেসে বলল, “গুড ইভনিং ডক্টর। আপনাকে আমাদের জন্যে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।”
“ও, আপনি বুঝি আমার কোচোয়ানের সঙ্গে কথা বলছিলেন।”
“না। ওই যে পাশের টেবিলে মোমবাতিটা জ্বলছে, ওটা দেখেই বুঝলাম। আপনি বসুন। আর আমি আপনার কী উপকারে লাগতে পারি, যদি বলেন…”
“আমার নাম ডাঃ পার্সি ট্রেভেলিয়ন,” আগন্তুক বললেন, “আমার ঠিকানা ৪০৩ ব্রুক স্ট্রিট।”
আমি জিজ্ঞেস করলাম, “আচ্ছা আপনিই কি সেই নার্ভের অসুখের ওপর বইটা লিখেছেন?”
আমি যে তাঁর বইয়ের কথা জানি এ কথা জেনে ভদ্রলোকের মুখ খুশিতে চকচকে হয়ে উঠল।
“বইটার কথা আজকাল কারও মুখেই শুনি না। তাই আমার ধারণা হয়েছিল, বইটার কথা সকলেই ভুলে গেছে। প্রকাশক বিক্রির যা হিসেব দিয়েছে তা দেখেও আমার ধারণাটা আরও জোরদার হয়েছে,” ভদ্রলোক বললেন, “আপনি কি ডাক্তারি লাইনের লোক?”
“হ্যাঁ। আমি মিলিটারিতে সার্জেন ছিলাম। এখন রিটায়ার করেছি।”
“আমার বরাবরের ঝোঁক নার্ভাস ডিজিজের ওপর। আমার ইচ্ছে ছিল যে পড়াশোনা করে আমি এই ধরনের অসুখের ওপর বিশেষজ্ঞ হব। কিন্তু অনেক সময় মানুষ হাতের কাছে যা পায় সেটাকেই আঁকড়ে ধরে। এখন সেসব কথা থাক। আমি জানি আপনাদের সময়ের দাম আছে। তাই কাজের কথায় আসি। মিঃ হোমস, কিছু দিন ধরে আমার ব্রুক স্ট্রিটের বাসায় অদ্ভুত সব কাণ্ড ঘটছে। আজ রাতে ব্যাপার এমন সাঙ্ঘাতিক হয়েছিল যে, আমার মনে হল আর কালবিলম্ব না করে আপনাকে সব কথা জানানো উচিত। আপনার সাহায্য আর পরামর্শ ছাড়া আমার কোনও গতি নেই।”
শার্লক হোমস একটা চেয়ারে আরাম করে বসে পাইপ ধরাল। “আমার সাহায্য আর পরামর্শ দুই-ই আপনি পাবেন। কোন ঘটনার জন্যে আপনি এত ঘাবড়ে গেছেন সেটা তা হলে খুলে বলুন।”
ডাঃ ট্রেভেলিয়ন বললেন, “দু’-একটা ঘটনা এতই তুচ্ছ যে, সেসব কথা আপনাকে বলতেই আমার লজ্জা হচ্ছে। কিন্তু ব্যাপারটা এতই গোলমেলে আর শেষটায় এমন সাঙ্ঘাতিক আকার নিয়েছে যে, আমার মনে হয় সব কথা আপনাকে খুলে বলাই ভাল। কোন কথাটা দরকারি আর কোনটা অদরকারি সেটা আপনি ঠিক বুঝে নেবেন।
“আমার ছাত্র জীবনের কথা দিয়েই শুরু করি, না হলে সব জিনিসটা হয়তো আপনার কাছে খোলসা হবে না। আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। অহংকার করছি মনে করবেন না, আমার মাস্টারমশাইরা বলতেন যে, আমার যে রকম মেধা তাতে আমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। পাশ করবার পরই আমি কিংস কলেজের হাসপাতালে একটা চাকরি পাই। চাকরির সঙ্গে সঙ্গে গবেষণা আরম্ভ করি। আমার বরাত ভাল বলতে হবে, আমি ক্যাটালেপসির ওপর যে-কাজ করছিলাম তা অনেকেরই নজরে পড়ে। শেষ পর্যন্ত যে-বইটার কথা আপনার বন্ধু একটু আগে বলছিলেন, সেই বইটার জন্যে ব্রুস পিংকারটন প্রাইজ আর মেডেল পাই। সবাই তখন স্বীকার করলেন যে, আমি অল্প সময়ের মধ্যে খুব নাম করব।
“কিন্তু আমার নিজের দিক থেকে একটা মস্ত বাধা ছিল। সেটা হল টাকা। আপনি তো জানেন কোনও চিকিৎসক যদি কোনও বিশেষ রোগের বিশেষজ্ঞ বলে নিজেকে দাঁড় করাতে চান, তাঁকে ক্যাভেন্ডিস স্কোয়ারের কাছাকাছি যে-সব রাস্তা আছে তারই কোনওটাতে চেম্বার খুলতে হয়। এটাও নিশ্চয়ই জানেন যে, ওই এলাকায় জায়গার ভাড়াও অসম্ভব বেশি। শুধু ঘর হলেই হবে না। উপযুক্ত আসবাবপত্র চাই। সাজসরঞ্জাম চাই। একখানা ভাল গাড়ি চাই। এ তো গেল সব বাইরের জোগাড়। এই সব নিয়ে চেম্বার খুললেই যে পসার হুহু করে জমবে তারও কোনও কথা নেই। বেশ কিছু দিন লেগে থাকতে হবে। আর এ সব করতে হলে চাই অনেক টাকা, যা আমার নেই। সুতরাং আমি ঠিক করলাম যে, বছর-দশেক চাকরি করে কিছু টাকা জমিয়ে নিয়ে নিজের চেম্বার খুলব। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। এমন ঘটনা যা আমি কখনও কল্পনাও করতে পারিনি। আর তাতে আমার জীবনের মোড়ই ঘুরে গেল।
“ব্লেসিংটন বলে সম্পূর্ণ অচেনা, অজানা এক ভদ্রলোক একদিন আমার সঙ্গে দেখা করতে এলেন। সেই হল ঘটনার সূত্রপাত। না বলে-কয়ে ব্লেসিংটন একদিন সকালে সোজা আমার ঘরে এসে হাজির।
“‘আপনি কি পার্সি ট্রেভেলিয়ন? ছাত্র হিসেবে আপনার তো খুব নাম ছিল? আচ্ছা কিছু দিন আগে আপনিই তো একটা প্রাইজ পেলেন, তাই না?’ ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন। আমি কোনও কথা না বলে শুধু মাথা নাড়লাম।
“ভদ্রলোক বললেন, ‘আমার কথার সোজাসুজি উত্তর দেবেন। তাতে আখেরে আপনারই ভাল হবে। আপনাকে দেখে মনে হচ্ছে যে জীবনে উন্নতি করতে গেলে যে বুদ্ধির দরকার তা আপনার আছে। কিন্তু আপনি কি যথেষ্ট রকম বিবেচক?’
“ভদ্রলোকের চাঁচাছোলা কথা শুনে আমি হেসে ফেললাম।
“বললাম, ‘আমার ধারণা যে আমার বিবেচনা শক্তি আছে।’
“‘আপনার কোনও বদ-অভ্যেস আছে? মানে কোনও রকমের নেশাটেশা করেন কি?’
“আমি একটু রাগ করেই বললাম, ‘এ সব আপনি কী বলছেন?’
“‘নানা, রাগ করবেন না। ঠিক আছে। এ কথাটা তো আমাকে জানতেই হত। এখন কথা হচ্ছে যে, আপনার এত গুণ থাকা সত্ত্বেও আপনি প্র্যাকটিস শুরু করেননি কেন?’
“আমি কোনও উত্তর দিলাম না।
“‘বুঝেছি, বুঝেছি। আর বলতে হবে না। পেটে বিদ্যে যত আছে, পকেটে পয়সা তত নেই,’ ভদ্রলোক বলে ফেললেন। ‘আচ্ছা আমি যদি বুক স্ট্রিটে আপনাকে একটা চেম্বার করিয়ে দিই তো কেমন হয়।’
“আমি অবাক হয়ে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলাম।
“ভদ্রলোক বললেন, ‘চেম্বারটা আপনার নয়, আমার নিজের স্বার্থেই খুলব। সব কথা আপনাকে খুলে বলি। বন্দোবস্তটা যদি আপনার পছন্দ হয় তো বলুন, আমি রাজি আছি। আমি কিছু টাকা ব্যবসায় খাটাতে চাই। টাকাটা আমি আপনার ওপরেই লগ্নি করব।’
“‘কিন্তু আমার ওপরে কেন,’ আমি বললাম।
“‘আমার কাছে এটা একটা ফাটকা খেলা। তবে অন্য ফাটকার চাইতে লোকসানের ঝুঁকিটা কম।’
“‘আমাকে কী করতে হবে?’
“‘সব কথাই আমি আপনাকে বলছি। আমি একটা বাড়ি ভাড়া করব। যা যা আসবাবপত্র বা সাজসরঞ্জাম লাগবে সব জোগাড় করব। লোকজনের মাইনে দেব। অন্যান্য খরচ খরচা সব আমার। আপনাকে যা করতে হবে, সেটা হল চেম্বারে বসে পসার জমানোর চেষ্টা। আপনার হাতখরচা ও অন্যান্য খরচাও আমি দেব। এ সবের বদলে আপনার যা আয় হবে তার তিন ভাগ আমার আর এক ভাগ আপনার।’
“মিঃ হোমস, ব্লেসিংটন এই অদ্ভুত প্রস্তাব নিয়ে আমার কাছে হাজির হল। এরপর সে আমাকে কী বলল, আমি তাকে কী বললাম, বা কী রকম দর কষাকষি চলতে লাগল সে সব কথা বলে আপনার অমূল্য সময় নষ্ট করব না। যাই হোক, অল্প কয়েকদিন পরে আমি ব্রুক স্ট্রিটের বাড়িতে উঠে গেলাম। ব্লেসিংটন যে-প্রস্তাব দিয়েছিলেন তাতেই শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম। ব্লেসিংটন আমার এক জন আবাসিক রুগি হিসেবে ওই বাড়িতেই থেকে গেলেন। ভদ্রলোকের ‘হার্ট’ খুব ভাল নয়, তাই সব সময়ে ডাক্তারের চোখে চোখে থাকতে হয়। বাড়ির দোতলায় সবচাইতে ভাল ঘরদুটো ব্লেসিংটন দখল করলেন। একটা তার বসার ঘর। অন্যটা শোবার ঘর। ভদ্রলোকের হালচালও তেমন স্বাভাবিক নয়। কারও সঙ্গে মেলামেশা করেন না। বাড়ির বাইরেও বড় একটা যান না। ভদ্রলোকের আচারব্যবহার হাবভাব সবই কেমন যেন সৃষ্টিছাড়া। তবে একটা বিষয়ে ভদ্রলোক খুব হুঁশিয়ার। প্রতি দিন সন্ধের পর তিনি আমার চেম্বারে আসতেন আর আমার সারা দিনের রোজগারের হিসেব নিতেন। তারপর পাইপয়সা হিসেব করে ওঁর নিজের অংশটা বুঝে নিয়ে সোজা ওপরে চলে যেতেন। ওঁর ঘরে একটা লোহার সিন্দুক আছে। টাকাটা সিন্দুকে পুরে ফেলতেন।
“একটা কথা না বলে থাকতে পারছি না। ব্লেসিংটন আমাকে নিয়ে যে-ফাটকা খেলছিলেন তার জন্যে ওঁকে হাহুতাশ করতে হয়নি কোনও দিন। গোড়া থেকেই আমার পসার জমে গিয়েছিল। কয়েক