Home
বোহেমিয়ায় কেলেঙ্কারি (শার্লক হোমস)

বোহেমিয়ায় কেলেঙ্কারি (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল

বোহেমিয়ায় কেলেঙ্কারি (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

আজকাল শার্লক হোমসের সঙ্গে আমার দেখাশোনা বড় হয় না। সংসারের নানান ঝামেলা, তার ওপর ডাক্তারি প্র্যাকটিসের চাপ। আমার দম ফেলবার ফুরসত নেই। আর হোমসও খুব ঘরকুনো লোক। বন্ধুবান্ধবের বাড়ি যাওয়া তার ধাতে নেই। বেকার স্ট্রিটের বাসায় নিজের বইপত্তরের মধ্যে ডুবে থাকতেই সে ভালবাসে। যদিও তার জীবনের লক্ষ্য হল অপরাধের হেস্তনেস্ত করে অপরাধীকে ধরা এই কাজের প্রয়োজন ছাড়া সে ঘর থেকে মোটেই বের হতে চায় না। হোমসের ক্ষুরধার বুদ্ধি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ-ক্ষমতা আর খুবই তুচ্ছ সূত্র ধরে বেশ জটিল রহস্যের সমাধান করে ফেলবার কায়দা লন্ডনের বিশাল পুলিশবাহিনীকে মাঝে মাঝে রীতিমতো চমকে দেয়। আর পাঁচজনের মতোই আমিও এখন শার্লক হোমসের কীর্তি-কাহিনীর সংবাদ পাই খবরের কাগজের মারফত। একদিন দেখলাম যে, ট্রেপফ খুনের কিনারা করতে হোমস ওডেসায় গেছে। কিছুদিন পরে আবার দেখলাম যে, হোমস ট্রিনকোমালি গেছে অ্যাটকিনসন ভাইদের রহস্য সমাধান করতে। আর এই সেদিন দেখলাম যে, ইংল্যান্ড রাজবংশের ভীষণ গুরুত্বপূর্ণ অথচ একান্ত গোপনীয় একটা ব্যাপারের সুচারু সমাধান করেছে হোমস।

একদিন রাত্তিরে—সঠিক তারিখটা হল ২০ মার্চ ১৮৮৮—আমি রুগি দেখতে গিয়েছিলাম। রুগি দেখে বাড়ি ফেরবার সময় হঠাৎ খেয়াল হল যে আমি বেকার স্ট্রিট ধরে হাঁটছি। পুরনো বাসার দরজার কাছে এসে আমার অনেক কথা মনে পড়ে গেল। ভাবলাম একবার শার্লক হোমসের খবরাখবর নেওয়া যাক। কেমন আছে? কী করছে? রাস্তা থেকে আমি দেখতে পেলাম তাঁর ঘরে বেশ জোরালো আলো জ্বলছে। নজরে পড়ল তার রোগা লম্বা শরীরের ছায়া বার-দুয়েক জানলার কাচে পড়েই সরে গেল। বুঝলাম হোমস ঘরের মধ্যে পায়চারি করছে। শার্লক হোমসকে আমি যত ভাল ভাবে চিনি তত ভাল ভাবে তাকে আর কেউ চেনে না। তার ওই ভাবে বুকের ওপর আড়াআড়ি দু’হাত রেখে ঘরের ভেতর অস্থির ভাবে পায়চারি করা দেখেই আমি বুঝতে পারলাম যে, নতুন কোনও তদন্তের ভার হাতে নিয়ে সেই রহস্যের নেশায় সে এমন উত্তেজিত হয়ে পড়েছে। আমি দরজার বেল টিপলাম আর তার প্রায় সঙ্গে সঙ্গে আমার পুরনো ঘরে গিয়ে দাড়ালাম।

যদিও আমাকে দেখে হোমস বিন্দুমাত্র উচ্ছাস দেখাল না তবুও আমি বুঝলাম যে, আমার আসায় সে খুবই খুশি হয়েছে। একটা চেয়ার টেনে বসতেই হোমস আমার দিকে সিগারের বাক্সটা এগিয়ে দিল। আমি একটা সিগার ধরালাম। তারপর সে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে ফায়ার প্লেসের আগুনের দিকে একদৃষ্টিতে বেশ খানিকক্ষণ চেয়ে থেকে বলল, “ওয়াটসন, তুমি এখন দিব্যি আরামে আছ দেখছি। যা ছিলে তাঁর চেয়ে অনেক মোটা হয়েছ। ওজন কত বাড়ল ? সাড়ে সাত পাউন্ড তো হবেই—”

“সাত পাউন্ড”, আমি জবাব দিলাম।

“না; আমার মনে হচ্ছে আর একটু বেশি হবে। দেখছি তুমি পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছ। প্র্যাকটিস করবার মতলব কিন্তু তুমি আমার কাছে কখনও বলোনি।”

“তা হলে তুমি জানলে কী করে,” আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম।

“আমি দেখতে জানি তাই জানতে পারি। আচ্ছা বলো তো দু’-তিন দিন আগে তুমি বৃষ্টিতে ভিজেছিলে কিনা? আর তোমার ঘরের কাজ করার লোকটি যেমন অলস তেমনই ফাঁকিবাজ কিনা?”

“হোমস,” আমি উত্তেজিত হয়ে বললাম, “এটা তোমার ভয়ানক রকম বাড়াবাড়ি হচ্ছে। তুমি যদি আজ থেকে দু’-তিনশো বছর আগে জন্মাতে লোকে তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারত। তুমি ঠিকই বলেছ, গত বৃহস্পতিবার আমাকে একটু পল্লি অঞ্চলে যেতে হয়েছিল আর আমি যাকে বলে কাকভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম। কিন্তু আমার আজকের পোশাক দেখে সে কথা তুমি জানলে কী করে? আর ঘরের কাজের মেয়েটির কথা যদি বলো তো তাকে এই মাস গেলেই ছাড়িয়ে দেব ঠিক করেছি। কিন্তু তার কাণ্ডও তো তোমার জানবার কথা নয়।”

হোমস খুশিতে হাত ঘষতে ঘষতে নিজের মনে হাসতে লাগল।

“আরে এ তো জলের মতো সোজা। তোমার বাঁ পায়ের জুতোর যেখানটায় ফায়ারপ্লেসের আগুনের আভা পড়েছে সেখানটায় দেখছি চামড়ার ওপর পর পর ছটা লম্বা আঁচড় টানা। বোঝাই যায় যে, অত্যন্ত যা তা করে দায়সারা ভাবে কেউ শক্ত কোনও কিছু দিয়ে জুতোয় লেগে থাকা শুকনো কাদা তুলতে চেষ্টা করেছে। আর এর থেকে আমি দুটো সিদ্ধান্ত করলাম। এক, তুমি ঝড় জলে ভিজেছিলে। আর তোমার কাজের লোকটি লন্ডন শহরের প্রধান অকর্মাদের একজন। আর তুমি যে ডাক্তারি করছ তার প্রমাণ পেলাম তুমি ঘরে পা দিতেই। যদি কোনও লোক ঘরে ঢোকবার সঙ্গে সঙ্গে আইডোফর্মের গন্ধে ঘর ভরে যায়, যদি তার ডান হাতের তর্জনীতে সিলভার নাইট্রেটের কালো দাগ লেগে থাকে, আর তার মাথার লম্বা টুপির একদিকটা স্টেথিসকোপ গুঁজে রাখার জন্যে ফুলে থাকে, আর এই সব দেখেও আমি যদি বুঝতে না পারি যে, সে একজন রুগিদেখা ডাক্তার তা হলে স্বীকার করতে হবে যে, আমার মতো মাথা-মোটা লোক লন্ডন শহরে আর দুটি নেই।”

হোমসের কথা শুনে আমি না হেসে পারলাম না।

“দেখো হোমস, তুমি যখন সব ব্যাপার বেশ করে বুঝিয়ে বলো তখন মনে হয় এ সব তো জলের মতো সহজ। এটা তো আমারও বলতে পারা উচিত ছিল। কিন্তু প্রত্যেক বারই তোমার কথা শুনে কেমন বোকা বনে যাই। অথচ ভগবান আমাকে তো তোমারই মতন এক জোড়া চোখ দিয়েছেন।”

“ঠিক কথা।” মৌজ করে পাইপ ধরাতে ধরাতে হোমস উত্তর দিল, “আসলে তোমরা সবকিছুই চোখ দিয়ে ওপর ওপর দেখো, মন দিয়ে গভীর ভাবে দেখো না। যেমন ধরো আমাদের একতলা থেকে দোতলার সিঁড়ি দিয়ে তুমি কত বার ওঠানামা করেছ।”

“অসংখ্য বার।”

“তবু?”

“কয়েক শো বার তো হবেই।”

“ভাল কথা। বলো তো সিঁড়িতে কটা ধাপ আছে?”

“কটা ধাপ আছে? মানে…মানে…।”

“দেখলে তো। তাঁর মানে তুমি ভাল করে দেখোনি। আমি দেখেছি। ঠিক সতেরোটা ধাপ আছে। যাক গে। তুমি আমার ছোটখাটো রহস্য সমাধানের উৎসাহী সহকারী আর লেখক বলে তোমার এটা দেখা দরকার,” এই বলে হোমস টেবিল থেকে একটা খোলা চিঠি তুলে নিয়ে আমার দিকে এগিয়ে দিল। “চিঠিটা আজ বিকেলের ডাকে এসেছে।”

চিঠিটায় না আছে তারিখ না আছে লেখকের নাম বা ঠিকানা।

চিঠিটা এই রকম: “আজ রাত্তিরে পৌনে আটটা নাগাদ এক ভদ্রলোক বিশেষ গুরুতর একটি সমস্যার সমাধানের জন্য আপনার সঙ্গে দেখা করতে যাবেন। কিছুদিন আগে ইউরোপের কোনও রাজবংশের সুনাম বজায় রাখতে আপনি যে কুশলতার পরিচয় দিয়েছেন তার থেকে আমরা বুঝেছি যে, এই ধরনের গোপন ও গুরুত্বপূর্ণ কাজের ভার আপনাকে স্বচ্ছন্দে দেওয়া যায়। আপনার এই দক্ষতার কথা শুনেছি আমরা অনেক জায়গা থেকে। ওই সময়ে অবশ্যই বাড়ি থাকবেন। আর আগন্তুক যদি মুখোশ পরে থাকেন তো কিছু মনে করবেন না।”

চিঠিটা পড়ে আমি বললাম, “এ তো দেখছি রীতিমতো রহস্য। রহস্যটা কী ধরনের কিছু অনুমান করতে পেরেছ নাকি?”

“আমার হাতে কোনও তথ্য নেই। আর তথ্য ছাড়া সিদ্ধান্ত করাটা মস্ত ভুল। তাতে হয় কী, তথ্য অনুযায়ী সিদ্ধান্ত না করে তথ্যগুলোকে আমরা মনগড়া সিদ্ধান্তের মতো করে নিতে চাই। সে কথা থাক। এখন এই চিঠিটা থেকে তুমি কী সিদ্ধান্ত করতে পারো বলো।”

আমি খুব মনোযোগ দিয়ে চিঠির কাগজ আর হাতের লেখা পরীক্ষা করে হোমসকে নকল করে বললাম, “এই চিঠি যিনি লিখেছেন তিনি খুব ধনী লোক। এ চিঠির কাগজ যে রকম পুরু আর শক্ত তাতেই বোঝা যায় যে এটা দামি কাগজ।”

“ঠিক বলেছ। কাগজটা খুব পুরু আর শক্ত। আসলে এটা কোনও ব্রিটিশ কোম্পানির তৈরি কাগজই নয়। কাগজটা আলোর সামনে ধরো তো।”

কাগজটা আলোর সামনে ধরতেই নজরে পড়ল কাগজের মধ্যে জলছাপে প্রথমে বড় হাতের E ছোট হাতের g তারপরে বড় হাতের P আর সব শেষে বড় হাতের G আর ছোট হাতের t লেখা।

“এর থেকে কী বুঝলে?” হোমস আমাকে জিজ্ঞেস করল।

“হয় প্রস্তুতকারকের নাম না-হয় তার মনোগ্রাম।”

“না, তা নয়। Gt হচ্ছে জার্মান Geselleschaft-এর সংক্ষিপ্ত রূপ, মানে ‘কোম্পানি’। ইংরেজিতে যেমন আমরা Co লিখি তেমনি। P হচ্ছে Papier, কাগজ। এখন Egটা কী হতে পারে? দেখি তো কন্টিনেন্টাল গেজেটিয়ারখানা,” বলতে বলতে হোমস বইয়ের শেলফ থেকে একটা মোটা বই নিয়ে এসে তার পাতা ওলটাতে লাগল। “এগলো..এগলোনিৎস…এই যে পেয়েছি এগরিয়া। বোহেমিয়ায় একটা জার্মানভাষী অঞ্চল। কার্লসবাডের খুব কাছে। জায়গাটা ভালেনস্টাইনের হত্যাস্থল বলে পরিচিত। এ ছাড়াও বহু কাচের কারখানা ও কাগজের কল আছে। কী বন্ধু, কেমন হল?” খুশিতে আটখানা হয়ে হোমস একমুখ পাইপের ধোঁয়া ছেড়ে দিল।

“তা হলে বোঝা গেল কাগজটা বোহেমিয়ায় তৈরি।” আমি বললাম।

“হ্যাঁ। আর এই চিঠি যিনি লিখেছেন তিনি জার্মান। এই যে লিখেছেন ‘আপনার এই দক্ষতার কথা আমরা শুনেছি অনেক জায়গা থেকে’—এই ধরনের বাক্য জার্মান ভাষারই বিশেষত্ব। কোনও ইংরেজ, ফরাসি বা রাশিয়ান এ ধরনের বাক্য লিখবে না। এখন প্রশ্ন হল এই জার্মান ভদ্রলোক যিনি বোহেমিয়ায় তৈরি কাগজে চিঠি লেখেন, মুখোশের আড়ালে মুখ ঢাকতে পছন্দ করেন, তিনি আমাদের কাছে কী চান। আর, আমার যদি ভুল না হয়ে থাকে তো ওই তিনি আসছেন।”

হোমসের কথা শেষ না হতেই আমাদের বাড়ির সামনের ফুটপাথ ঘেঁষে খপখপ আওয়াজ করতে করতে একটা ঘোড়ারগাড়ি এসে থামায় হোমস শিস দিয়ে উঠল।

“শব্দ শুনে মনে হল দু’-ঘোড়ায় টানা গাড়ি” বলে হোমস জানলা দিয়ে উঁকি মেরে দেখল। “ভারী সুন্দর একটা ছোট্ট ব্রুহাম গাড়ি। বুঝলে ওয়াটসন, ঘোড়া দুটোর তুলনা মেলা ভার। এক একটার দাম কম করে দেড়শো গিনি হবে। আর কিছু থাক বা না থাক, এই তদন্তে টাকার কমতি হবে না।”

আমি বললাম, “আমি তা হলে এখন চলি।”

“একদম নয়। যেখানে আছ ঠিক সেইখানেই বসে থাকো। তুমি হচ্ছ আমার বসওয়েল। তোমাকে ছাড়া আমার চলবে কী করে? আর তা ছাড়া মনে হচ্ছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হবে। তুমি যদি এখন চলে যাও তো পরে তোমাকে হয়তো পস্তাতে হবে।”

“কিন্তু তোমার মক্কেল—”

“তার কথা বাদ দাও। তোমার সাহায্যের প্রয়োজন আমারও হতে পারে আবার তারও হতে পারে। অতএব ওই চেয়ারটাতেই বসে থাকো আর সব কথা মন দিয়ে শোনো।”

এতক্ষণ সিঁড়িতে যে ধীর অথচ ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল তা আমাদের দরজার কাছে এসে থেমে গেল। আর তারপর দরজায় বেশ জোর টোকা পড়ল।

হোমস বলল, “ভেতরে আসুন।”

দরজা ঠেলে যিনি ঘরে ঢুকলেন উচ্চতায় তিনি সাড়ে ছ’ফুটের বেশি তবু কম নন। তাঁর হাত-পা বুকের ছাতি হারকিউলিসকে মনে পড়িয়ে দেয়। তাঁর জামাকাপড় খুব দামি। এত দামি যে, ইংল্যান্ডের শিক্ষিত ভদ্রলোক একে বলবে রুচির বিকার। তাঁর ডবল-ব্রেস্টেড কোটের বুকে ও হাতায় আস্ট্রাকানের ভেড়ার লোমের বেড় আর লম্বা পটি দেওয়া। তাঁর ঘন নীল ক্লোকে লাল সিল্কের পটি বসানো। আর ক্লোকের ঘাড়ের কাছে একটা ব্রোচ। আর ব্রোচের ঠিক মধ্যিখানে দামি বেরিল পাথর বসানো। তাঁর বুট জুতোর, যা প্রায় পায়ের ডিম পর্যন্ত উঁচু, সামনে তামাটে রঙের ‘ফার’ দেওয়া। তাঁর পোশাক-পরিচ্ছদ দেখলেই বোঝা যায় ভদ্রলোক অসম্ভব ধনী। তাঁর হাতে একটা চওড়া আকারের টুপি। কিন্তু তাঁর মুখের ওপরের দিক মুখোশে ঢাকা। আমার মনে হল মুখোশটা তিনি ঘরে ঢোকবার আগেই পরেছেন। কেননা তাঁর একটা হাত তখনও উঠে ছিল। মুখের তলার দিকটা খোলা। তাঁর ঠোঁট আর চিবুকের গড়ন দেখলে বোঝা যায় তিনি যেমন জেদি আর তেমনই দৃঢ়চেতা।

“আপনি আমার চিঠি পেয়েছিলেন?” ভদ্রলোক প্রশ্ন করলেন। গলার স্বর যেমন গম্ভীর তেমনই কঠোর। উচ্চারণ জার্মানদের মতো। “আমি লিখেছিলাম যে আমি আসব।” আগন্তুক আমাদের দু’জনের মুখের দিকে তাকালেন। আমি বুঝলাম তিনি ধরতে পারেননি আমাদের মধ্যে কে শার্লক হোমস।

হোমস বলল, “আপনি অনুগ্রহ করে বসুন। ইনি আমার বন্ধু ও সহকারী ডাঃ ওয়াটসন। আমাকে আমার কাজে প্রয়োজনে সাহায্য করেন। আপনার পরিচয় জানতে পারি কি?”

“আমাকে আপনি কাউন্ট ফন ক্রাম বলে ডাকতে পারেন। আমার দেশ বোহেমিয়া। আমি আশা করি আপনার এই বন্ধুটি ভদ্রলোক এবং কোনও গোপন কথা ফাঁস করে দেবেন না জেনে নির্ভাবনায় সব কথা বলা যায়। তা যদি না হয় তো আমার সমস্যাটা আমি কেবলমাত্র আপনার সঙ্গে আলোচনা করতে চাই।”

আমি উঠে যাবার জন্যে দাঁড়াতেই হোমস আমার হাত ধরে টেনে ফের বসিয়ে দিয়ে বলল, “

**********
No Review
Related Books
Loading books…