আমার বিয়ের অল্প কয়েক মাস পরের কথা। গরমকাল। রাত্তিরবেলায় শুতে যাবার আগে পাইপ খেতে খেতে একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। বোধহয় একটু ঢুলুনিও আসছিল। আজ সারা দিন বড় পরিশ্রম হয়েছে। আমার স্ত্রী আগেই শুতে গেছেন। সদর দরজায় খিল দেবার শব্দ কানে এল। বুঝলাম কাজের লোকেরাও যে-যার ঘরে শুতে চলে গেল। আমি চেয়ার থেকে উঠে পড়লাম। ঠুকে ঠুকে পাইপের ছাই ফেলে দিয়ে পাইপটা পরিষ্কার করতে যাব হঠাৎ সদর দরজায় ঘণ্টা ...