
বড়লোকের কাণ্ড (শার্লক হোমস)
আর্থার কোনান ডয়েল
১৮৮৭ সালের বসন্তকালে হোমস বেশ শক্ত রকমের অসুখে পড়ে গেল। আজ যে ঘটনার কথা বলছি সেটা যখন ঘটে হোমস কিন্তু তখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। অবশ্য এর ঠিক আগে দুটো খুব জটিল সমস্যার সমাধান করে হোমস বেশ নাম কিনেছিল। এর একটা হচ্ছে দ্য নেদারল্যান্ড সুমাত্রা কোম্পানির রহস্য, আর একটা হচ্ছে ব্যারন মোপেরটিউসের ঘটনা। এ ঘটনা দু’টোর কথা এখনও অনেকেরই মনে আছে। আর ওই কেস দু’টোর সঙ্গে বহু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্নও জড়িয়ে আছে। তাই ওই কেস দুটোর সম্বন্ধে সব কথা খুলে বলবার সময় এখনও আসেনি। আজ যেটা লিখছি সেটাও কিছু কম চমক লাগানো বা কম জটিল নয়।
ডায়েরির পাতা ওলটাতে ওলটাতে দেখছি যে, ১৪ এপ্রিল লিয়ন্স থেকে আমার নামে একটা জরুরি টেলিগ্রাম আসে। টেলিগ্রামে লেখা ছিল যে, গুরুতর অসুস্থ অবস্থায় শার্লক হোমস ডুলাং হোটেলে রয়েছেন। শীঘ্র আসুন। টেলিগ্রামটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। চব্বিশ ঘণ্টার মধ্যেই হোমস যে-হোটেলে ছিল সেখানে পৌঁছে গেলাম। প্রথমেই হোমসকে ভাল করে পরীক্ষা করে দেখলাম। মারাত্মক কোনও অসুখ না হলেও শরীর বেশ খারাপ হয়েছে। বুঝলাম যে, গত দু’মাসের হাড়ভাঙা খাটুনির ফলে হোমসের লোহার শরীরও কাবু হয়ে পড়েছে। পরে হোমস আমাকে বলেছিল, গত দু’মাসে সে প্রতিদিন গড়ে পনেরো ঘণ্টা পরিশ্রম করেছে। আর কাজের সময় তার স্নান-খাওয়ার কথা মনেই থাকে না। এত প্রচণ্ড খাটাখাটুনি করে হোমস রহস্যের মীমাংসা করল বটে কিন্তু নিজে পড়ে গেল অসুখে। সারা ইউরোপ হোমসের নামে পাগল। আমি যখন হোমসের ঘরে গেলাম তখন মেঝের কার্পেটে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। মেঝে-ভরতি টেলিগ্রাম আর টেলিগ্রাম। চেনা, আধচেনা, অচেনা লোকে অভিনন্দন জানিয়ে তারবার্তা পাঠিয়েছে। কিন্তু হোমসের কোনও হুঁশ নেই। সে একদম চুপচাপ। তিন তিনটে দেশের বিরাট পুলিশবাহিনী একসঙ্গে মিলেমিশে বহু চেষ্টা করেও যে দুর্দান্ত প্রতারককে ধরতে পারেনি, তাকে বুদ্ধির খেলায় প্রতি পদে পদে ঠকিয়ে হাতেনাতে ধরে ফেলার এই যে অসাধারণ কৃতিত্ব তাও হোমসকে এতটুকু বিচলিত করতে পারেনি। হোমসকে এত কাহিল অবস্থায় আগে কখনও দেখিনি।
তিন দিন বাদে আমরা বেকার স্ট্রিটে ফিরে এলাম। ডাক্তার হিসেবে আমার মনে হচ্ছিল যে, এই সময় হোমস যদি লন্ডনের বাইরে কোনও খোলামেলা জায়গায় হাওয়া বদলাতে যেত তো সেটা ওর শরীরের পক্ষে তো বটেই মনের পক্ষেও ভাল হত। বছরের এই সময়টা আমারও ঘর থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। আমার বন্ধু কর্নেল হেটার সারের কাছে রাইগেটে একটা বাড়ি কিনেছে। সে প্রায়ই আমাকে তার ওখানে বেড়াতে যেতে বলে। আফগানিস্তানে হেটারের সঙ্গে আমার আলাপ হয়। আমি চিকিৎসা করে ওকে সারিয়ে তুলেছিলাম। শেষ বার যখন হেটারের সঙ্গে দেখা হয় তখন ও আমাকে বলেছিল যে, আমি যদি হোমসকে সঙ্গে নিয়ে তার ওখানে আসি তাতে তার তো কোনও অসুবিধে হবেই না, উলটে সে খুব খুশি হবে। আমি কায়দা করে কথাটা একদিন হোমসের কাছে পাড়লাম। হোমস প্রথমটায় রাজি হয়নি। পরে যখন শুনল যে, হেটার আমাদেরই মতো বিয়েটিয়ে করেনি তখন রাইগেটে যেতে রাজি হয়ে গেল। আমি হোমসকে বললাম, “ভয় পেয়ো না, তুমি ওখানে স্বাধীন ভাবেই থাকতে পারবে।” লিয়নস থেকে ফেরার ঠিক সাত দিন পরে আমরা রাইগেটে গেলাম। হেটার যাকে বলে অনেক পোড়-খাওয়া সৈনিক। জীবনে তার অভিজ্ঞতা প্রচুর। আমি জানতাম যে, হোমসের সঙ্গে হেটারের বন্ধুত্ব হতে দেরি হবে না। হলও ঠিক তাই।
যে দিন রাইগেটে গেলাম সে দিন রাত্তিরে খাওয়াদাওয়া সেরে আমরা হেটারের অস্ত্রাগারে বসে ছিলাম। হোমস একটা সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। আর আমি হেটারের অস্ত্রশস্ত্র নেড়েচেড়ে দেখছিলাম।
কথায় কথায় হেটার বলল, “যদি কোনও গোলমাল হয় তাই আজ থেকে একটা পিস্তল সঙ্গে নিয়ে শুতে যাব ঠিক করেছি।”
আমি অবাক হয়ে বললাম, “গোলমাল?”
“হ্যাঁ। কিছু দিন ধরে হাঙ্গামা হচ্ছে। বুড়ো অ্যাক্টন এ অঞ্চলের বিরাট ধনী লোক। টাকার কুমির বলতে পারো। গত সোমবার তার বাড়িতে চুরি হয়েছে। বিশেষ কোনও ক্ষতি হয়নি বটে, তবে চোর ধরা পড়েনি।”
“চুরির ব্যাপারে কোনও সূত্র পাওয়া যায়নি?” হোমস নড়েচড়ে বসে হেটারকে জিজ্ঞেস করল।
“না। এখনও পর্যন্ত সে রকম কিছু পাওয়া যায়নি। তবে এ হচ্ছে পাড়াগাঁয়ের ছিঁচকে চুরি। আপনি হালে যে ভাবে বিরাট আন্তর্জাতিক জালিয়াতির পাণ্ডাকে ধরে ফেললেন তারপর এত তুচ্ছ ব্যাপারের কথা আপনাকে বলতেই লজ্জা করে।”
হেটারের কথায় হোমস মাথা নেড়ে আপত্তি জানাল। তবে তার ঠোঁটের কোণে চাপা হাসি দেখে বুঝলাম যে, সে মনে মনে খুবই খুশি হয়েছে।
হোমস বলল, “এই চুরির ব্যাপারে ইন্টারেস্টিং কিছু নজরে পড়েছিল কি?”
“না, আমার তো কিছু মনে হচ্ছে না। চোরেরা লাইব্রেরি ঘরটা তছনছ করেছিল। তবে তাদের পরিশ্রম পোষায়নি। বইপত্র উলটে পালটে, লেখবার টেবিলের ড্রয়ারের তালা ভেঙে শেষ পর্যন্ত চোরেরা যা হাতাতে পেরেছিল তা হল পোপের ‘হোমার’-এর এক খণ্ড, দুটো রুপোর জল-করা বাতিদান, একটা হাতির দাঁতের পেপারওয়েট আর একটা ব্যারোমিটার।”
আমি বললাম, “অদ্ভুত সব জিনিস চুরি গেছে তো?”
হেটার বলল, “চোর হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে বোধহয় সরে পড়েছে!”
হোমস সোফায় আরাম করে বসে বলল, “চুরি-যাওয়া জিনিসের ধরন দেখে স্থানীয় পুলিশের তো বোঝা উচিত ছিল। ব্যাপারটা তো পরিষ্কার!”
আমি হাত তুলে হোমসকে বারণ করলাম, “হোমস, তুমি এখানে শরীর সারাতে এসেছ। শরীরের এই অবস্থায় তুমি আর নতুন কোনও রহস্য নিয়ে মাথা ঘামাবে না।”
হোমস হতাশ ভাবে হেটারের দিকে তাকাল। তার ভাবটা হল—দেখলেন তো, আমার কী অবস্থা! এরপর আমরা অন্য ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে লাগলাম।
কিন্তু ভাগ্যের কী অদ্ভুত পরিহাস! পরদিনই এমন ঘটনা ঘটে গেল যে, আমার ডাক্তারি উপদেশ আর কোনও কাজেই এল না। আমরা আর হাত-পা গুটিয়ে বসে থাকতে পারলাম না। আমরা বিশ্রাম নিতে এসেছিলাম, বিশ্রাম নেওয়া মাথায় উঠল। আমরা প্রাতরাশ সারছিলাম। হঠাৎ উদ্ভ্রান্তের মতো হেটারের নায়েব এসে হাজির।
সে হাঁপাতে হাঁপাতে বলল, “আপনি কি খবরটা শুনেছেন স্যার? কানিংহামদের বাড়িতে সাঙ্ঘাতিক ঘটনা ঘটে গেছে।”
কফিতে চুমুক দিতে দিতে হেটার বলল, “কী হয়েছে? চুরি?”
“খুন!”
ঠক করে কফির কাপটা টেবিলে নামিয়ে হেটার বলল, “সে কী! কে খুন হল? জে. পি. না তার ছেলে?”
“ওঁরা কেউ খুন হননি। খুন হয়েছে ওঁদের কোচোয়ান উইলিয়ম। গুলি একেবারে হৃৎপিণ্ড এফোঁড়-ওফোঁড় করে চলে গেছে। বেচারা সঙ্গে সঙ্গে মারা পড়েছে।”
“ওকে গুলি করল কে?”
“সেই চোরটা। গুলি ছুড়েই লোকটা পালিয়েছে। চোরটা রান্নাঘরের জানলা ভেঙে ঘরে ঢুকেছিল। উইলিয়ম দেখতে পেয়ে তাকে ধরে ফেলে, আর তখন ও উইলিয়মকে গুলি করে পালায়। মনিবের সম্পত্তি বাঁচাতে গিয়ে বেচারা প্রাণটা দিল।”
“কখন হয়েছে?”
“কাল রাত বারোটার কাছাকাছি।”
“ঠিক আছে, একবার ওদের ওখান থেকে ঘুরে আসতে হবে,” বলে হেটার কফির কাপ তুলে নিয়ে কফি খেতে লাগল। হেটারের নায়েব চলে গেল।
হেটার আমাদের বলল, “বিচ্ছিরি ব্যাপার। বুড়ো কানিংহাম এ অঞ্চলের একজন হোমরাচোমরা মানুষ। বুড়ো খুব কষ্ট পাবে। উইলিয়ম ওদের বহু দিনের পুরনো লোক। লোকটা যেমন কাজের তেমনই বিশ্বাসী। অ্যাক্টনদের বাড়িতে যারা চুরি করেছিল এটা নির্ঘাত তাদেরই কাজ।”
হোমস খুব চিন্তিত ভাবে বলল, “মানে, যারা সেই অদ্ভুত জিনিস চুরি করে পালিয়েছে?”
“হ্যাঁ।”
“হুম। আসলে হয়তো ব্যাপারটা খুবই সরল। তবে ওপর ওপর দেখলে খাপছাড়া বলে মনে হয় না কি? কোনও চোরের দল যদি এ কাজ করে থাকে তবে সহজ বুদ্ধিতে মনে হয় যে, তারা একই জায়গায় বার বার চুরি করতে আসবে কেন? এখান থেকে দুরে কোথাও গিয়ে চুরি করাটাই তাদের পক্ষে স্বাভাবিক। কেন না তাতে ধরা পড়ার আশঙ্কা কম। কাল রাত্তিরে আপনি যখন পিস্তল নিয়ে শুতে যাবার কথা বলছিলেন তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই রকম জায়গায় চুরি-ডাকাতি হবে ভাবা যায় না। কিন্তু দেখছি আমার এখনও অনেক কিছু শিখতে বাকি আছে।”
হেটার বলল, “আমার ধারণা, চোরেরা আমাদের রাইগেট অঞ্চলের লোকই হবে। আর তা যদি হয় তো তাদের নজর গোড়াতেই পড়বে বড়লোকদের ওপর। অ্যাক্টন আর কানিংহাম হচ্ছে এখানকার সবচেয়ে নামজাদা লোক।”
হোমস বলল, “এরাই বোধহয় সবচেয়ে বড়লোকও।”
“এক সময় তো তাই ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে ওদের মধ্যে মামলা চলছে। আর মামলা চালাতে গিয়ে ওদের টাকা জলের মতো খরচ হচ্ছে। অ্যাক্টন নাকি কানিংহামদের সম্পত্তির অর্ধেকের মালিকানা দাবি করছে। উকিলরা এই সুযোগে দু’হাতে টাকা লুটছে।”
হোমস হাই তুলতে তুলতে বলল, “যদি এ কাজ এই অঞ্চলের কোনও ডাকাত করে থাকে তো তাকে ধরে ফেলা শক্ত হবে না। যাকগে, ওয়াটসন, তুমি চিন্তা কোরো না। আমি এ ব্যাপারে নাক গলাব না।”
হোমসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হেটারের নায়েব ঘরের দরজা খুলে বলল, “ইন্সপেক্টর ফরেস্টার দেখা করতে এসেছেন।”
যে-পুলিশ ইন্সপেক্টরটি ঘরে ঢুকলেন তাঁর বয়স কম, তবে চোখেমুখে বুদ্ধি আর উৎসাহের ছাপ ফুটে আছে। হেটারের দিকে তাকিয়ে পুলিশ ইন্সপেক্টর বললেন, “গুড মর্নিং মিঃ হেটার। আশা করি অসময়ে এসে আপনাকে বিরক্ত করিনি। আমরা শুনলাম যে, বেকার স্ট্রিট থেকে মিস্টার শার্লক হোমস আপনার কাছে এসেছেন।”
হেটার মাথা নেড়ে হোমসকে দেখিয়ে দিল। ইন্সপেক্টর সামনে ঝুঁকে পড়ে হোমসকে অভিবাদন জানালেন। “মিঃ হোমস, আশা করি আমরা এই খুনের ব্যাপারে আপনার সাহায্য পাব।”
হোমস আমার দিকে তাকিয়ে হেসে বলল, “ওয়াটসন, অদৃষ্টের পরিহাস!” তারপর ইন্সপেক্টরকে বলল, “আপনি আসবার ঠিক আগেই ওই ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম। ইন্সপেক্টর, আপনি বোধহয় কিছু খাঁটি খবর দিতে পারবেন।” হোমস যে ভাবে আরামকেদারায় হেলান দিয়ে বসল তাতে আমার বুঝতে কষ্ট হল না যে, হোমসকে ঠেকানো যাবে না।
“অ্যাক্টনের বাড়িতে যে-চুরি হয়েছে তার তদন্ত করতে গিয়ে আমরা সত্যি কথা বলতে কী কোনও সূত্রই পাইনি। তবে কালকের ব্যাপারে আমাদের হাতে প্রচুর সূত্র এসেছে। কোনও সন্দেহ নেই যে, দুটোই একই দলের কাজ। একটা লোককে দেখা গেছে।”
“আচ্ছা?”
“হ্যাঁ স্যার। তবে মুশকিল হচ্ছে যে, উইলিয়ম কিরানকে গুলি করে মেরেই লোকটা একেবারে হরিণের মতো দৌড় লাগিয়েছিল। মিঃ কানিংহাম লোকটাকে শোবার ঘরের জানালা দিয়ে একনজর দেখতে পেয়েছিলেন। আর অ্যালেক কানিংহাম ওকে দেখেছিলেন পেছনের গলি থেকে। গোলমালটা বাধে পৌনে বারোটা নাগাদ। মিঃ কানিংহাম তখন সবে শুয়েছেন আর মিস্টার অ্যালেক তখন ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে সবেমাত্র পাইপ খেতে শুরু করেছেন। তাঁরা দু’জনেই কোচোয়ান উইলিয়মের গলা পরিষ্কার শুনতে পেয়েছিলেন। উইলিয়াম তখন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিল। চিৎকার শুনে ব্যাপার কী দেখার জন্যে মিস্টার অ্যালেক দৌড়ে নীচে নেমে যান। সিঁড়ির শেষ ধাপের কাছে এসে মিস্টার অ্যালেক দেখতে পান যে, পেছন দিকের গলির দরজাটা খোলা আর সেখানে দু’জন লোক ঝটাপটি ধস্তাধস্তি করছে। সেই সময় এক জন লোক গুলি ছোড়ে আর তার ফলে অপর লোকটি আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে খুনি বাগানের মধ্যে দিয়ে বেড়া ডিঙিয়ে পালায়। লোকটা বাগান থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই শোবার ঘরের জানলা দিয়ে মিঃ কানিংহাম ওকে দেখে ফেলেন। তার পরেই লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। মিঃ অ্যালেক খুনির পিছনে ধাওয়া না করে আহত লোকটিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। আর সেই জন্যে খুনেটা বিনা বাধায় পালিয়ে যায়। আমরা যেটুকু খবর পেয়েছি তা হল লোকটির দোহারা চেহারা, খুব লম্বাও নয় আবার বেঁটেও নয়। কালো রঙের পোশাক পরেছিল। এর কোনওটাই সূত্র হিসেবে কিছু নয়, তবে আমরা প্রাণপণ চেষ্টা করছি। লোকটা অন্য কোনও জায়গা থেকে এসে থাকলে ধরা পড়বেই পড়বে।”
হোমস বলল, “উইলিয়ম ওই সময়ে ওখানে কী করছিল? মরার আগে সে কি কিছু বলতে পেরেছিল?”
“না। কোন