Home
নীলকান্তমণি রহস্য (শার্লক হোমস)

নীলকান্তমণি রহস্য (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল

নীলকান্তমণি রহস্য (শার্লক হোমস)

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

বড়দিনের ঠিক দু’দিন পরে সকালের দিকে আমি শার্লক হোমসের বাসায় গেলাম। হোমসকে বড়দিনের প্রীতি আর শুভেচ্ছা জানাবার জন্যেই আমার যাওয়া। গায়ে একটা টকটকে লাল রঙের ড্রেসিং গাউন চাপিয়ে হোমস সোফায় বসেছিল। সোফার ডান ধারে হাতের কাছে তার পাইপগুলো পর পর সারবন্দি ভাবে সাজিয়ে রাখা। আর যে-সোফাটায় সে বসেছিল তার চারধারে আজকের প্রায় সব ক’টা খবরের কাগজ মেঝের কার্পেটের ওপর এলোমেলো ভাবে ছড়ানো। সোফার কাছেই একটা কাঠের চেয়ার। সেই চেয়ারের ঠেসান দেবার উঁচু জায়গাটা থেকে বহু পুরনো ধুলো-পড়া ফাট-ধরা শক্ত একটা ফেল্ট হ্যাট ঝোলানো। চেয়ারটার বসবার জায়গায় ফরসেপ আর লেন্স রাখা আছে। আমি বুঝতে পারলাম যে, খুব খুঁটিয়ে পরীক্ষা করে দেখবার জন্যেই ওই টুপিটাকে ওইখানে ওই ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

“ব্যস্ত রয়েছ দেখছি। কাজে বাধা দিলাম মনে হচ্ছে,” আমি বললাম।

“মোটেই নয়। উলটে তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারব ভেবে ভাল লাগছে।”

আঙুল দিয়ে টুপিটা দেখিয়ে হোমস আমাকে বলল, “এ ব্যাপারটা অবশ্য যাকে বলে জলের মতো সোজা। তবে কী জানো, কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো যে শুধু ইন্টারেস্টিং তাই নয়, তার থেকে অনেক কিছু শেখবারও আছে।”

আমি একটা আরামকেদারা ঘরের জ্বলন্ত চুল্লির গনগনে আগুনের কাছে টেনে নিয়ে বসে হাত-পা গরম করতে লাগলাম। বাইরে সাংঘাতিক বরফ পড়ছে। জানলার সব শার্শি পুরু বরফে একেবারে ঢেকে গেছে।

আমি বললাম, “দেখে যদিও মনে হচ্ছে খুবই সাধারণ একটা টুপি তবু আমি জোর করে বলতে পারি যে, এই টুপিটার সঙ্গে কোনও রহস্যময় ঘটনার যোগ আছে। আর এই টুপির সূত্র ধরেই তুমি সেই রহস্যের জাল ছিঁড়ে ফেলে অপরাধীকে ধরে ফেলবে।”

“আরে না, না। এটার সঙ্গে কোনও অপরাধের যোগাযোগ নেই,” শার্লক হোমস হাসতে হাসতে বলল। “এটাকে বলতে পারো একটা আজব কাণ্ড। দেখো, মাত্র কয়েক মাইল জায়গার মধ্যে চল্লিশ লক্ষ লোক যদি সদাসর্বদাই গুঁতোগুঁতি ধাক্কাধাক্কি করে তা হলে এমন কিছু কিছু উদ্ভট ঘটনা ঘটতেই পারে যা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। এই যে লন্ডনে এত লোক সারা দিন কাজেকর্মে ঘোরাঘুরি দৌড়োদৌড়ি করছে, কখনও আনন্দে হইচই করছে কখনও গোলমাল করছে—এই সব কাণ্ডকারখানার মাঝখানে এমন ঘটনা ঘটা খুবই সম্ভব যা ভীষণ রকম অস্বাভাবিক মনে হলেও তাকে কোনও ভাবেই অপরাধমূলক ব্যাপার বা ক্রাইম বলা যায় না।”

“তা যা বলেছ। সত্যি কথা বলতে গেলে শেষ যে ছ’টা তদন্তের কথা আমার ডায়েরিতে লেখা তার মধ্যে তিনটে তো আইনের চোখে যাকে অপরাধ বলা যায় সে রকম কোনও ঘটনাই নয়,” আমি বললাম।

“খুবই ঠিক কথা। তুমি আইরিন অ্যাডলারের কাগজপত্র, মিস মেরি সাদারল্যান্ড আর ওই যেটাকে তুমি ‘ওষ্ঠবক্র রহস্য’ নাম দিয়েছ, সেগুলোর কথা বলছ তো? আমার বিশ্বাস যে এই টুপির ব্যাপারটাও ওই রকমেরই একটা ‘নির্দোষ’ ধরনের কাণ্ড হবে।…তুমি পুলিশ কমিশনার পিটারসনকে চেনো তো?”

“হ্যাঁ, চিনি বই কী।”

“এটা ওঁর সম্পত্তি।”

“এই টুপিটা পিটারসনের?”

“না, না। এই টুপিটা পিটারসন পেয়েছে। টুপির মালিক যে কে সেটা অবশ্য আমরা এখনও জানতে পারিনি। আমি বলি কী, এটাকে একটা ছেঁড়া-ফাটা টুপি হিসেবে না দেখে একটা ধাঁধা বা সমস্যা হিসেবে দেখো। আচ্ছা, প্রথম কথা হল এটা এখানে এল কী করে? বড়দিনের দিন ভোরে এই টুপিটা আর একটা বেশ মোটাসোটা নধরকান্তি হাঁস আমার কাছে আসে। সেই হাঁসটা অবশ্য এখন পিটারসনের রান্নাঘরে হাঁড়িতে ফুটছে। অল্প কথায় ব্যাপারটা এই রকম। পিটারসনকে তুমি তো জানো। বেশ সৎ, পরিশ্রমী লোক। বড়দিনের দিন ভোর চারটে নাগাদ সে টটেনহ্যাম কোর্ট রোড ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার গ্যাসের আলোয় তার নজরে পড়ল যে, একজন বেশ লম্বা লোক সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আগে হেঁটে চলেছে। লোকটির পিঠে একটা বেশ হৃষ্টপুষ্ট হাঁস ঝোলানো। গুজ স্ট্রিটের কাছাকাছি যখন এসে পড়েছে তখন পিটারসন দেখল যে ওই লোকটির সঙ্গে একদল গুন্ডাজাতীয় লোকের কথাকাটাকাটি হচ্ছে। হঠাৎ গুন্ডাদলের একজন ধাক্কা মেরে ওই টুপিটা ফেলে দিল। তখন লোকটি তার হাতের লাঠিটা বাঁইবাঁই করে ঘোরাতে শুরু করল। আর তার ফলে ওইখানে একটা দোকানের শোকেসের কাচ লাঠির ঘায়ে ভেঙে যায়। এই সব দেখে পিটারসন লোকটিকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্যে সেই দিকে দৌড়ে যায়। কিন্তু মজা হল এই যে, একজন পুলিশের পোশাক-পরা লোককে ছুটে আসতে দেখে আর দোকানের কাচ ভেঙে ফেলার জন্যে ওই লোকটি ভয় পেয়ে তার কাঁধের হাঁসটিকে ওইখানে ফেলে দিয়ে একটা গলির ভেতরে ছুটে পালায়। ওইখানে এত সরু সরু গলি আছে। যে সমস্ত পাড়াটা যেন একটা গোলকধাঁধা। পিটারসনকে ছুটে আসতে দেখে ইতিমধ্যে ওই গুন্ডাগুলোও পিঠটান দেয়। তাই রঙ্গমঞ্চে পৌঁছে পিটারসন এই টুপিটা আর সেই হাঁসটাকে পড়ে থাকতে দেখে।”

“পিটারসন নিশ্চয় টুপি আর হাঁসটা মালিকের কাছে পৌঁছে দিয়ে আসে?”

“না হে, না। আসল গোলমালটা তো সেইখানেই। হাঁসটার বাঁ পায়ে অবশ্য একটা কার্ড আটকানো ছিল। তাতে লেখা, মিসেস হেনরি বেকারকে। আর টুপিটার ভেতরে এইচ বি এই দুটি অক্ষর লেখা ছিল। কিন্তু মুশকিল কী জানো? লন্ডন শহরে অন্তত হাজারখানেক বেকার পদবির লোক আছে। তাদের মধ্যে আবার খুব কম হলেও শ’খানেক লোকের নাম হেনরি। সুতরাং আসল মালিককে খুঁজে বের করে মাল ফেরত দেওয়া মোটেই সোজা কথা নয়।”

“পিটারসন তখন কী করল?”

“সেই দিনই সকালে সে হাঁস আর টুপিটা নিয়ে আমার কাছে এসে হাজির। পিটারসন জানে যে, যে-কোনও রকম সমস্যার সমাধান করতে আমার খুব ভাল লাগে। তুমি আসবার একটু আগে পর্যন্ত হাঁসটা আমার জিম্মায় ছিল। আমার মনে হল যে আর বোধহয় ওই হাঁসটা রাখা ঠিক হবে না। ওটাকে এবার রান্নাঘরে পাঠানোই উচিত। তাই যেহেতু পিটারসন ওটাকে কুড়িয়ে পেয়েছিল সেই ওটার সদ্‌গতি করছে, আর আমি অপরিচিত সেই লোকটির টুপি নিয়ে নাড়াচাড়া করছি, যদি কোনও কিছু করা যায়।”

“কিন্তু টুপি আর হাঁসের মালিক কি খবরের কাগজে কোনও বিজ্ঞাপন-টিজ্ঞাপন দেননি?”

“না?”

“তা হলে কোন সূত্র ধরে তুমি তার সন্ধান পাবে বলে আশা করছ?”

“যেটুকু তথ্য বিচার-বিবেচনা করে বের করতে পারি।”

“এই টুপিটা থেকে?”

“নিশ্চয়ই।”

“যাহ্। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে ঠাট্টা করছ। এই ছেঁড়া-ফাটা টুপিটা থেকে কী তথ্য তুমি পাবে বলে আশা করো ?”

“তুমি তো আমার কাজের ধরন জানো। এই নাও লেন্স। তুমি নিজে পরীক্ষা করে দেখো এটা থেকে এর মালিক সম্বন্ধে কী কী খবর জানতে পারো।”

একরকম বাধ্য হয়েই আমি টুপিটা হাতে নিয়ে ঘুরিয়েফিরিয়ে দেখতে লাগলাম। খুবই সাধারণ একটা গোল কালো টুপি। টুপিটা অনেক দিন ব্যবহার করা হয়েছে। প্রায় জরাজীর্ণ অবস্থা। টুপিটার ভেতরে লাল রঙের সিল্কের কাপড়ের অস্তর। তবে রংটা প্রায় উঠেই গেছে। টুপিটার ভেতরে কোনও কোম্পানির নাম নেই। তবে হোমস যে রকম বলেছিল একদিকে এইচ বি হরফদুটো লেখা। টুপিটার দু’দিকে ফুটো করা আছে। বোঝা যায় ওখানে চামড়ার সরু পটি লাগানো ছিল। পটিটা ছিঁড়ে গেছে। টুপিটায় ধুলো জমে রয়েছে। রং চটে গেছে। বেশ কয়েক জায়গায় ফাট ধরেছে। কালি লাগিয়ে রংচটা জায়গাগুলোকে কালো করবার চেষ্টা করা হয়েছে।

টুপিটা ফেরত দিয়ে আমি বললাম যে, কোনও সূত্রই আমার চোখে পড়েনি।

“ও কী বলছ! তোমার চোখের সামনেই সব কিছু রয়েছে। গোলমালটা কী হচ্ছে জানো, তুমি যা দেখছ তার থেকে কোনও সিদ্ধান্ত করতে পারছ না। আসলে তোমার এই পারছি না পারব না মনোভাবের জন্যেই তুমি ব্যাপারটা ধরতে পারছ না।”

“বেশ, আমি না হয় পারছি না, তুমি কী বুঝেছ সেটাই বলো শুনি।”

হোমস টুপিটা তুলে নিল। তারপর সেটার দিকে বেশ খানিকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। “এই টুপিটা থেকে যত কথা জানতে পারা উচিত ছিল ততটা হয়তো জানা যাবে না। তবে কতকগুলো ব্যাপার বেশ স্পষ্ট। আর কতকগুলো ব্যাপার ঠিক ততটা পরিষ্কার না হলেও মোটামুটি ভাবে যে ঠিক তা একরকম জোর করেই বলা যায়। যেমন ধরো, লোকটি বেশ বুদ্ধিমান। বছর তিনেক আগে পর্যন্ত সে বেশ পয়সাওলা লোকই ছিল। তবে এখন তার টাকাপয়সার বেশ টানাটানি যাচ্ছে। লোকটি যাকে বলে বেশ হুঁশিয়ার। মানে সে যখন কোনও কাজ করে তখন বেশ ভেবেচিন্তেই কাজ করে। তবে এখন সে কিছুটা বেহিসেবি হয়ে পড়েছে। তার এই টাকাপয়সার টানাটানি আর বেহিসেবি ভাব দেখে আমার মনে হচ্ছে যে তার স্বভাবও খারাপ হয়েছে। আর সেই কারণেও বোধহয় তার স্ত্রীর সঙ্গে বেশ ঝগড়াঝাঁটি চলছে।”

“হোমস!”

আমার কথা গ্রাহ্য না করে হোমস বলে চলল, “তবে লোকটি বেশ রাশভারী প্রকৃতির। অলস। নড়াচড়া করতে পছন্দ করে না। কোথাও বিশেষ যায় না। শরীরও এখন খুব আর শক্ত-সমর্থ নেই। লোকটি মাঝবয়সি। অল্প কিছুদিন আগে চুল কেটেছে। মাথায় লাইম ক্রিম মাখে। বলতে ভুলে গেছি, চুলে পাক ধরেছে। টুপিটা নিরীক্ষণ করে মোটামুটি ভাবে এই ক’টা কথা জোর করে বলা যায়। আর একটা কথাও বলতে পারি। খুব সম্ভবত ওর বাড়িতে গ্যাসের লাইন নেই।”

“তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ?”

“মোটেই নয়। এই যে কথাগুলো তোমাকে বললাম তারপরও কি তুমি ব্যাপারটা ধরতে পারছ না?”

“এ কথা হয়তো ঠিক যে আমি একটা নিরেট বোকা। কিন্তু বিশ্বাস করো তোমার কথার মাথামুণ্ডু আমি কিছুই ধরতে পারছি না। যেমন ধরো, কী করে তুমি বুঝলে যে লোকটি বেশ বুদ্ধিমান।”

হোমস টুপিটা তার মাথার ওপর বসাল। টুপিটা তার ভুরু পর্যন্ত ঢেকে দিল।

“দেখো, এটা হচ্ছে আকারের কথা। যার মাথায় এতখানি ব্রেন আছে সে আর যাই হোক বোকা নয়।”

“লোকটির অবস্থা যে খারাপ যাচ্ছে এটা জানলে কী করে?”

এই টুপিটা প্রায় বছর তিনেকের পুরনো। আর সেইজন্যেই টুপিটার ধারগুলো কুঁচকে গেছে। টুপিটা বেশ দামি। ভাল করে লক্ষ করলে দেখবে যে, টুপিটার অস্তরের কাপড়টাও বেশ দামি। শুধু তাই নয়, টুপিটার বাইরে যে সিল্কের বেড়টা দেওয়া আছে সেটাও খুব দামি ফিতে। ভদ্রলোক বছর তিনেক আগে এই দামি টুপিটা কিনে ছিলেন। এখন টুপিটা প্রায় ফেলে দেবার মতো অবস্থায় এসেছে, তবুও তিনি টুপিটা বদলাননি। এর থেকে অনুমান করা শক্ত নয় যে, তাঁর অবস্থা ভাল যাচ্ছে না।”

“হ্যাঁ, এখন অবশ্য মনে হচ্ছে যে তুমি যা বলছ তা হয়তো ঠিকই। তবে লোকটি আগে বেশ গোছালো হুঁশিয়ার ধরনের ছিল, আর এখন খানিকটা বেহিসেবি হয়েছে, এ কথা তুমি জানলে কী করে?”

শার্লক হোমস হেসে উঠল। “তিনি যে একসময়ে হুঁশিয়ার লোক ছিলেন তার প্রমাণ হল এইটে,” বলে সে টুপিটার দু’পাশে দুটো চাকতি আর আংটা দেখাল। এই জিনিসটা টুপির সঙ্গে লাগানো থাকে না। এটা ফরমাশ দিয়ে করাতে হয়। এটার সঙ্গে একটা পটি লাগানো থাকে সেটা চিবুকের সঙ্গে লেগে থাকে। হাওয়ার চোটে টুপিটা যাতে মাথা থেকে উড়ে না যায় সেইজন্যে লোকটি এটা ফরমাশ দিয়ে তৈরি করিয়েছিল। এর থেকেই বোঝা যায় যে, লোকটি বেশ ভেবেচিন্তে সব কাজ করত। কিন্তু দেখো, এই ইলাস্টিকের পটিটা ছিড়ে যাবার পরে আর নতুন পটি লাগানো হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে, ওই বিবেচনা করে কাজ করার অভ্যেসটা তার চলে গেছে। কিন্তু আবার উলটো দিক দিয়ে দেখো টুপিটার যেখানে যেখানে ফেটে বা ছিঁড়ে গেছে, সেখানে কালো কালি লাগানো, যাতে করে কারও নজরে না পড়ে। একটু ভাবলেই বুঝতে পারবে যে, অবস্থা পড়ে গেলেও ওর আত্মসম্মান বোধ নষ্ট হয়নি।”

“হুঁ। তোমার বিশ্লেষণ যে নির্ভুল তা মানতেই হয়।”

“আর লোকটি যে মাঝবয়সি, তার চুলে পাক ধরেছে, দু’-চার দিন আগে চুল কেটেছে আর চুলে লাইম ক্রিম লাগায়, এ সব কথাগুলো টুপিটার অস্তরটা দেখলেই বোঝা যায়। লেন্স দিয়ে দেখলেই দেখতে পাবে নাপিতের কঁচিতে কাটা ছোট ছোট চুল অস্তরের সঙ্গে একেবারে আটকে আছে যেন আঠা দিয়ে জোড়া। আর টুপিটা শুঁকলেই লাইম ক্রিমের গন্ধ পাবে। তা ছাড়া টুপিটায় যে-ধুলো লেগে রয়েছে তা রাস্তার নোংরা ধুলো নয়। এই ধরনের হলদে মোটা দানার ধুলো ঘরবাড়ির ভেতরেই হয়। এর মানে হল টুপিটা বহু দিন ঘরের ভেতরে টাঙানো ছিল। আর টুপির ভেতরে লক্ষ করলে দেখব

**********
No Review
Related Books
Loading books…