
নতুন চাকরি (শার্লক হোমস)
আর্থার কোনান ডয়েল
আমার বিয়ের কিছু দিন পরেই আমি প্যাডিংটন অঞ্চলে ডাক্তারি করতে শুরু করলাম। এই অঞ্চলে ডাঃ ফারকার প্র্যাকটিস করতেন। ডাঃ ফারকারের রীতিমতো ভাল প্র্যাকটিস ছিল। ইদানীং তার প্র্যাকটিস অবশ্য পড়ে গিয়েছিল। তার এক নম্বর কারণ হল ডাঃ ফারকারের বয়স হয়েছে, আর দু’নম্বর কারণ তাঁর স্বাস্থ্য ভেঙে গেছে। ডাঃ ফারকার ‘সেন্ট ভাইটাসেস ড্যান্স’ গোছের স্নায়ুরোগে বড়ই কষ্ট পাচ্ছেন। আমার মনে হয় যে, তাঁর রুগি কমে যাবার আসল কারণ এটাই। সাধারণ লোকে বোধহয় ভাবতে লাগল যে ডাক্তারবাবু যদি নিজের অসুখই সারাতে না পারেন তো অন্য লোকের অসুখ সারাবেন কী করে? আর সেইজন্যে ডাঃ ফারকারের অসুখ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে প্র্যাকটিসও কমতে লাগল। ডাঃ ফারকারের জায়গায় আমি যখন এলাম তখন তাঁর আয় বছরে মাত্র তিনশো পাউন্ড। অথচ গোড়ায় গোড়ায় তার আয় ছিল বছরে বারোশো পাউন্ডেরও বেশি। তবে আমি ঘাবড়াইনি। আমার বয়স কম আর আমি খাটতেও পারি খুব। আমার মনে ভরসা আছে যে, কিছু দিনের মধ্যেই আমি প্র্যাকটিস জমাতে পারব।
প্র্যাকটিস করতে গিয়ে প্রথম মাস-তিনেক আমার যাকে বলে দম ফেলবার সময় ছিল না। আর তাই আমি বেকার স্ট্রিটের দিকে যেতে পারিনি। শার্লক হোমসের সঙ্গেও দেখাসাক্ষাৎ হয়নি। শার্লক হোমস আবার মহা ঘরকুনো। কাজের জন্যে ছাড়া তাকে ঘর থেকে বেরোতে আমি কখনও দেখিনি। সেটা জুন মাসের কথা। ব্রেকফাস্ট সেরে আমি ব্রিটিশ মেডিকেল জার্নালের নতুন সংখ্যাটা পড়ছিলাম। এমন সময় সদর দরজার ঘণ্টাটা বেজে উঠল। তার পরেই শার্লক হোমসের ভরাট গলার স্বর আমার কানে যেতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম।
ঘরে ঢুকতে ঢুকতে হোমস বলল, “ওয়াটসন, অনেক দিন পরে তোমাকে দেখে কী আনন্দই যে হচ্ছে, কী বলব। মিসেস ওয়াটসন আছেন কেমন? আমাদের সেই ‘সাইন অব ফোর’-এর ব্যাপারটার সব চুকে গেছে তো?”
হোমসের হাতটা আমার মুঠোয় জাপটে ধরে বললাম, “ধন্যবাদ। আমাদের খবর মোটামুটি ভাল।”
একটা রকিং চেয়ারে বসে হোমস বলল, “ডাক্তারি পেশার চাপে পড়ে তোমার গোয়েন্দাগিরির শখ একেবারে উবে যায়নি আশা করি।”
আমি বললাম, “ঠিক তার উলটো। কাল রাত্তিরেই আমি আমার পুরনো ডায়েরির পাতা উলটে উলটে দেখে কেসগুলো কী ভাবে সাজানো যায় তাই ভাবছিলাম।”
“তুমি কি তোমার ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছ?”
“না, মোটেই নয়। তোমার সঙ্গে গোয়েন্দাগিরি করতে পেলে আমি আর কিছুই চাই না।”
“ধরো যদি ব্যাপারটা আজকেই হয়?”
“হ্যাঁ। আমি রাজি।”
“ধরো, যদি বার্মিংহাম অবধি যেতে হয়?”
তুমি বললে আমি নিশ্চয়ই যাব।”
“তোমার প্র্যাকটিসের কী হবে?”
“কাছাকাছি আমার পরিচিত এক ডাক্তার আছেন। তিনি কোথাও গেলে আমি তাঁর রুগিদের দেখাশোনা করি। আমি বললে তিনি আমার রুগিদের চিকিৎসা করবেন।”
“বেশ, বেশ। খুব ভাল।” হোমস চেয়ারে হেলান দিয়ে বসে আমাকে খুব ভাল করে দেখতে লাগল। “কিছু দিন আগে তোমার শরীর খারাপ হয়েছিল দেখছি। গরমকালে সর্দি লাগলে ভীষণ ভোগায়।”
“হ্যাঁ, খুব ঠান্ডা লেগে গিয়েছিল। গত সপ্তাহে তিন দিন ঘরবন্দি ছিলাম। কিন্তু অসুখের কোনও চিহ্নই আর আমার শরীরে আছে বলে আমার মনে হয় না।”
“হ্যাঁ, সে কথা ঠিক বলেছ। তোমাকে বেশ ভালই দেখাচ্ছে।”
“তা হলে শরীর খারাপের খবর তুমি জানলে কী করে?”
“বন্ধু হে, তুমি তো আমার কাজের ধরনধারণ জানো।”
“তুমি অনুমানের ওপর ভর করে বললে?”
“নিশ্চয়ই।”
“কী ভাবে অনুমান করলে?”
“তোমার চটির অবস্থা দেখে।”
হোমসের কথায় আমি আমার পেটেন্ট লেদারের নতুন চটির দিকে তাকালাম। “চটি দেখে কী ভাবে অনুমান—” হোমস আমাকে চুপ করিয়ে দিল।
হোমস বলল, “তোমার চটিজোড়া নতুন। মনে হয় অল্প কিছুদিন আগে কিনেছ। তোমার চটির সুকতলার ধারে ধারে ঝলসানির দাগ দেখতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম চটিটা ভিজে গিয়েছিল বলে আগুনের তাতে শুকোতে গিয়ে এই রকম হয়েছে। কিন্তু দেখলাম যে, চটির তলায় দোকানের ছাপ মারা পাতলা কাগজটা আটকে আছে। চটিটা যদি জলে ভিজে যেত তা হলে কাগজটা খুলে যেত। তা হলে তুমি নিশ্চয়ই আগুনের দিকে পা বাড়িয়ে বসেছিলে। আর যদিও এ বছর জুন মাসে বৃষ্টি অন্য বছরের তুলনায় বেশিই হচ্ছে, তা হলেও সুস্থ শরীরে। তুমি নিশ্চয়ই ওই ভাবে বসে থাকতে না।”
হোমস যখন তার কোনও একটা সিদ্ধান্তের কারণগুলো বুঝিয়ে বলে, তখন মনে হয় সব ব্যাপারটাই সোজা। এর মধ্যে বাহাদুরি কিছু নেই। হোমস আমার মনের কথাটা টের পেয়েছিল বোধহয়।
অল্প একটু হেসে হোমস বলল, “ওয়াটসন, সব কথা খুলে বলে আমি আমার নিজেরই ক্ষতি করছি। লোকে কার্যকারণ সম্পর্কটা না ধরতে পারলে বেশি রকম সমীহ করে।” বুঝলাম হোমস মনে দুঃখ পেয়েছে। তারপর একটু থেমে বলল, “তা হলে তুমি বার্মিংহাম। যাচ্ছ তো?”
“নিশ্চয়ই। কিন্তু মামলাটা কীসের?”
“ট্রেনে যেতে যেতে তোমাকে সব কথা খুলে বলব। আমার মক্কেল বাইরে গাড়িতে বসে আছেন। তুমি চটপট তৈরি হয়ে নাও।”
“এক মিনিট।” আমি আমার পাশের বাড়ির ভদ্রলোককে দেবার জন্যে একটা চিরকুট লিখে ফেললাম। তারপর দৌড়ে ওপরে গিয়ে আমার স্ত্রীকে সব কথা বলে এলাম। আমি নেমে এসে দেখলাম, হোমস বাড়ির বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে।
পাশের বাড়ির দরজার পেতলের নেমপ্লেটটা দেখিয়ে হোমস বলল, “তোমার প্রতিবেশী একজন ডাক্তার?”
“হ্যাঁ। আমার মতো উনিও এখানে প্র্যাকটিস শুরু করেছেন আর-একজনের জায়গায়।”
“যার জায়গায় উনি এসেছেন তিনি কি পুরনো কোনও ডাক্তার?”
“হ্যাঁ, আমি যাঁর জায়গায় এসেছি তিনি আর সেই ভদ্রলোক একসঙ্গে এখানে ডাক্তার হয়ে আসেন৷ ওঁরা যখন এখানে আসেন তখন এদিকে লোকজনের বাস সবেমাত্র শুরু হয়েছে।”
“তুমিই জিতে গেছ। তুমি যাঁর জায়গায় এসেছ তাঁর প্র্যাকটিস বেশি ছিল।”
“আমারও তাই মনে হয়। কিন্তু তুমি জানলে কী করে?”
“সিঁড়ির ধাপগুলো দেখে বন্ধু, স্রেফ সিঁড়ির ধাপগুলো দেখে। তোমার বাড়িতে ঢোকবার সিঁড়িগুলো এই বাড়ির সিঁড়ির চেয়ে অন্তত তিন ইঞ্চি বেশি ক্ষয়ে গেছে। যাই হোক, গাড়ির মধ্যে এই যে ভদ্রলোককে দেখছ, এঁর নাম মিঃ হল পাইক্রফট। ইনিই আমার মক্কেল। ওহে বাবু, গাড়িটা জোরে হাঁকাও দেখি, ট্রেন ছাড়তে বেশি দেরি নেই।”
গাড়ির ভেতরে একজন অল্পবয়সি ভদ্রলোক বসেছিলেন। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভাল। গায়ের রং ধপধপে ফরসা। মুখচোখে সাধাসিধে নিরীহ ভাব। তাঁর মুখের দিকে তাকালেই চোখে পড়ে ঠোঁটের ওপর খোঁচা খোঁচা হলদে গোঁফ। ভদ্রলোক কালো স্যুট আর চকচকে টপহ্যাট পরেছিলেন। চালাকচতুর চটপটে কাজের লোক বললে এক কথায় যা বোঝায় ভদ্রলোক তাইই। এঁদের সাধারণভাবে ‘ককনি’ বলা হয়। কিন্তু আমি জানি যে, আমাদের সেনাবিভাগের সুনাম এই ককনিদের জন্যেই। আর আমাদের দেশের বেশির ভাগ খেলোয়াড়ই তো ককনি। এই ভদ্রলোকের গোলগাল লাল মুখের ভাবটা বেশ হাসিখুশি। তবে ঠোঁটের দু’পাশের ভাবটা দেখলে মনে হয় যেন এই কেঁদে ফেললেন বুঝি। সব মিলিয়ে ভদ্রলোকের মুখের ভাবটা বেশ মজার। তবে ভদ্রলোকটি যে কেন শার্লক হোমসের কাছে এসেছেন, এ কথাটা জানতে পারলাম ট্রেন ছাড়বার পর।
আমরা একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসলাম। হোমস বলল, “আমাদের বার্মিংহাম পৌঁছোতে ঠিক এক ঘণ্টা দশ মিনিট সময় লাগবে। মিঃ হল পাইক্রফট, আপনি আপনার যে অদ্ভুত অভিজ্ঞতার কথা আমাকে শুনিয়েছেন সেই কথা যদি আমার বন্ধুকে আর একবার শোনান তো বড় ভাল হয়। আপনি কোনও কিছুই বাদ দেবেন না, বরং যদি আর কোনও কথা মনে পড়ে যায় সেটাও জুড়ে দেবেন। সব ঘটনা আর একবার আগাগোড়া শুনলে আমার কাজেরও সুবিধে হবে।…বুঝলে ওয়াটসন, এটা এমনই একটা ঘটনা যে, এর মধ্যে অনেক সমস্যা থাকতে পারে আবার কোনও সমস্যা নাও থাকতে পারে। তবে যে-ধরনের উদ্ভট ব্যাপার আমরা পছন্দ করি এটা সেই ধরনের ব্যাপার। আচ্ছা মিঃ পাইক্রফট, আপনি শুরু করুন।”
আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে ভদ্রলোকটি নিজের কথা বলতে লাগলেন।
“সবচেয়ে দুঃখের কথা এই যে, এ ব্যাপারে আমি সাঙ্ঘাতিক রকম বোকামি করে ফেলেছি কিনা তা বুঝতে পারছি না। হয়তো ব্যাপারটা সে রকম কিছু নয় আর আমিও কিছু বেঠিক কাজ করিনি। কিন্তু আমার যদি চাকরিটা যায় আর তার বদলে কিছুই না পাই তা হলে বুঝব যে, আমার চেয়ে আহাম্মক এ দেশে আর কেউ নেই। ডাঃ ওয়াটসন, আমি গল্প ভাল বলতে পারি না। তাই ঘটনা যা ঘটেছে সেটা আপনাকে সাধাসিধে ভাবে বলছি।
“আমি ড্রেপারস গার্ডেনসের কক্সটন অ্যান্ড উডহাউসের আপিসে চাকরি করতাম। এ বছরের গোড়াতে ভেনেজুয়েলায় বেশ কিছু টাকা লগ্নি করে এবং সেই টাকা লোকসান করে আমাদের কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি ওখানে পাঁচ বছর চাকরি করেছি। কক্সটনসাহেব আমাকে একটা খুব ভাল সার্টিফিকেটও দিয়েছিলেন। কিন্তু হলে কী হবে, আপিস একদিন বন্ধ হয়ে গেল।
“আমরা সাতাশ জন কেরানি বেকার হয়ে গেলাম। আমি এখানে-ওখানে চাকরির চেষ্টা করতে লাগলাম। আমার মতো আরও অনেক লোক বেকার। কোথাও কোনও আশার আলো নজরে পড়ছিল না। আমি কক্সটন অ্যান্ড উডহাউস থেকে সপ্তাহে তিন পাউন্ড মাইনে পেতাম। আমি তার থেকে প্রায় সত্তর পাউন্ড জমিয়ে ছিলাম। এক সময় সেই জমানো টাকা সব খরচ হয়ে গেল। অবস্থাটা এমন দাঁড়াল যে কাগজের বিজ্ঞাপন দেখে ডাকে যে দরখাস্ত পাঠাব সে উপায়ও রইল না। ডাকটিকিট কেনবারও পয়সা নেই। আপিসপাড়ায় হেঁটে হেঁটে জুতোর সুকতলা ক্ষয়ে গেল। কিন্তু কোথায় চাকরি!
“শেষে একদিন লম্বার্ড স্ট্রিটের স্টকব্রোকার কোম্পানি ‘মসন অ্যান্ড উইলিয়ামস’-এ একটা চাকরির সন্ধান পেলাম। আপনারা জানেন কিনা জানি না, এই মসন অ্যান্ড উইলিয়ামস খুব নামজাদা কোম্পানি। লন্ডনের বোধহয় সবচেয়ে ধনী কোম্পানি। বিজ্ঞাপনে লেখা ছিল, ডাক-মারফত দরখাস্ত পাঠাতে। আমি তো কোনও রকমে ডাকটিকিট জোগাড় করে সার্টিফিকেট দিয়ে দরখাস্ত পাঠিয়ে দিলাম। তবে চাকরিটা যে পাব এমন কোনও আশা মনের মধ্যে ছিল না। কী আশ্চর্য, সঙ্গে সঙ্গে উত্তর এল। আমাকে পরের সোমবার আপিসে গিয়ে দেখা করতে হবে। যদি অন্য কোনও বাধা-বিঘ্ন না হয় তো ওই দিনই আমাকে চাকরিতে যোগ দিতে হতে পারে। কী ভাবে যে এই চাকরি পাওয়ার ব্যাপারটা হয়, তা ভাবলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। আমি এমনও শুনেছি যে, আপিসের বড়কর্তা নাকি ডাঁই-করা আবেদনপত্রগুলো থেকে চোখ বন্ধ করে একটা তুলে নেন আর তারই চাকরি হয়। সে কথা যাক। আমার খুবই আনন্দ হল এই ভেবে যে, এত দিন পরে আমার সামনে আবার একটা সুযোগ এল। মাইনেও বেড়ে গেল সপ্তাহে এক পাউন্ড করে। আর কাজ কক্সটনের ওখানে যা করতাম, তাই-ই।
“এইবার আপনাকে যা বলব তা শুনে আপনিও খুব আশ্চর্য হয়ে যাবেন। আমি হ্যাম্পস্টেড অঞ্চলে পটারস টেরেসের সতেরো নম্বর বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। যে-দিন চাকরির ব্যাপারটা পাকাপাকি হয়ে গেল সে দিন সন্ধেবেলায় ঘরে বেশ আরাম করে বসে পাইপ খাচ্ছিলাম। মনটাও বেশ খুশি খুশি ছিল। হঠাৎ আমার বাড়িওয়ালি একটা কার্ড নিয়ে এসে হাজির হলেন। কার্ডের ওপরে লেখা ছিল: ‘আর্থার পিনার, ফাইনানসিয়াল এজেন্ট’। এই নামের কোনও লোককে আমি চিনি না। এ রকম কোনও নামও আমি আগে শুনিনি। তাই বুঝে উঠতে পারলাম না আমার সঙ্গে এই লোকটির কী দরকার থাকতে পারে। যাই হোক, আমি বাড়িওয়ালিকে বললাম লোকটিকে ওপরে আমার কাছে নিয়ে আসতে। যে-লোকটি ঘরে ঢুকলেন তাঁর গড়ন মাঝারি। মাথায় কালো চুল, দাড়ি কালো, চোখের তারাও বেশ কালো। নাকটা অনেকটা ইহুদিদের মতো। ভদ্রলোকের হাঁটাচলার ভঙ্গিটি তড়বড়ে। কথাগুলো কাটা কাটা। ভদ্রলোক যেন সব সময়েই সকলকে মনে করিয়ে দিচ্ছেন যে, তিনি বাজে কথার লোক নন। তাঁর সময়ের দাম আছে।
“তিনি বললেন, “আপনিই মিঃ হল পাইক্রফট তো?”
“ভদ্রলোকের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে আমি বললাম, ‘হ্যাঁ।’
‘“আপনি আগে কক্সটন অ্যান্ড উডহাউস কোম্পানিতে কাজ করতেন?’
‘“হ্যাঁ।’
‘“আপনি খুব সম্প্রতি মসনের আপিসে যোগ দিয়েছেন?’