Home
দ্য রিটার্ন অব শার্লক হোমস

দ্য রিটার্ন অব শার্লক হোমস

আর্থার কোনান ডয়েল

দ্য রিটার্ন অব শার্লক হোমস

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

মোর‍্যানের মারাত্মক হাতিয়ার

[ দি অ্যাডভেঞ্চার অব দ্য এম্পটি হাউস ]

১৮৯৪ সালের বসন্তকাল।

অনারেবল রোনাল্ড অ্যাডোয়ারের হত্যায় দুনিয়ার সমস্ত শৌখিন সমাজে বিষাদের ছায়া নেমে এসেছিল, সাড়া পড়ে গেছিল লন্ডনের আপামর জনসাধারণের মধ্যে। যেরকম অস্বাভাবিক পরিবেশের মধ্যে তিনি খুন হয়েছিলেন, বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা চলে না।

দীর্ঘ দশ বছর বাদে আজ আমি অনুমতি পেয়েছি সারি সারি পরস্পরনির্ভর আশ্চর্য ঘটনাগুলোর হারিয়ে যাওয়া অংশগুলো লেখবার।

প্রথমেই সবাইকে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে এই চাঞ্চল্যকর কাহিনি চেপে রাখার জন্যে আমার কোনো দোষ নেই। অতীতে যে অতি আশ্চর্য পুরুষটির অনন্যসাধারণ চিন্তাধারা আর কার্যকলাপের একটু আধটু খবর জানিয়ে সবার চিত্তবিনোদন করতে সক্ষম হয়েছিলাম, এ-কাহিনি না-লেখার সুকঠিন নির্দেশ পেয়েছিলাম তার নিজের মুখ থেকেই। আজ তা লিখতে বসেছি, কেননা গত মাসের তিন তারিখে সে নিজেই এ-নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে আমার লেখনীর ওপর থেকে।

অনারেবল রোনাল্ড অ্যাডেয়ার আর্ল অফ মেনুথের দ্বিতীয় পুত্র। আর্ল অফ মেনুথ সে সময়ে অস্ট্রেলিয়ার একটা কলোনির গভর্নর ছিলেন। অ্যাডেয়ারের মা অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন চোখের ছানি অপারেশন করাতে। ৪২৭ নম্বর পার্ক লেনে ছেলে রোনাল্ড আর মেয়ে হিলডাকে নিয়ে থাকতেন তিনি। সমাজের সেরা মহলে ঘোরাফেরা করত রোনাল্ড। এবং যতদূর জানা যায়, তার কোনো বিশেষ বদঅভ্যাস ছিল না, কোনো শত্রুও ছিল না। কারস্টেয়ার্সের মিস এডিথ উডলির সঙ্গে তাঁর বিয়ের সম্বন্ধ হয়েছিল। কিন্তু সে-সম্বন্ধ শেষ পর্যন্ত ভেঙে যায় মাস কয়েক আগে উভয়পক্ষের সম্মতি নিয়ে। এবং এর ফলে রোনাল্ডের মনে যে কোনো দাগ পড়ছে তারও কোনো চিহ্ন দেখা যায়নি। সবাই জানত, রোনাল্ড খুব সীমিত এবং সনাতন পরিধির মধ্যে জীবন কাটিয়ে দিতে ভালোবাসেন–কেননা আবেগের কোনো বালাই ছিল না তার প্রকৃতিতে। স্বভাবটিও ছিল বেশ শান্ত। কিন্তু তবুও শেষ পর্যন্ত এমন শান্তশিষ্ট তরুণ অভিজাতের শিরে নেমে এল মৃত্যুর পরোয়ানা এল অত্যন্ত আশ্চর্য এবং অপ্রত্যাশিতভাবে ১৮৯৪ সালের তিরিশে মার্চ রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে।

তাস খেলতে ভালোবাসতেন রোনাল্ড অ্যাডেয়ার। একটানা খেলে যেতেন, কিন্তু চোট খাওয়ার মতো ঝুঁকি কখনো নিতেন না। বল্ডউইন, ক্যাভেন্ডিস আর বাগাটেলী ক্লাবের সভ্য ছিলেন তিনি। জানা গেছে, মৃত্যুর দিন বাগাটেলী কার্ড ক্লাবের ডিনারের পর রাবার অফ হুইস্ট খেলেছিলেন রোনাল্ড। বিকেলেও তাঁকে খেলতে দেখা গেছে সেখানে। খেলার সাথি ছিলেন মি. মারে, স্যার জন হার্ডি এবং কর্নেল মোর‍্যান। এঁদের কথা থেকেই জানা যায় যে হুইস্ট খেলেছিলেন রোনাল্ড এবং খেলাতে মোটামুটি সমানভাবে পড়েছিল সবার তাস। অ্যাডেয়ার খুব জোর পাঁচ পাউন্ড হেরে থাকতে পারেন তার বেশি নয়। তার আর্থিক অবস্থা খুবই সচ্ছল এবং এ সামান্য ক্ষতিতে মুষড়ে যাবার মতো মানুষ তিনি নন। প্রায় প্রতিদিনই একটা-না-একটা ক্লাবে তাস খেলতেন রোনাল্ড। কিন্তু এমনই সাবধানী খেলোয়াড় তিনি যে বড়ো-একটা হারতেন না–পকেট ভারী করে তবে টেবিল ছাড়তেন। আরও জানা গেল যে, হপ্তাখানেক আগে কর্নেল মমর্যানকে পার্টনার নিয়ে এক হাত থেকেই গডফ্রে মিলনার এবং লর্ড ব্যালোেরালের কাছ থেকে প্রায় চারশো কুড়ি পাউন্ড জিতেছিলেন। সাম্প্রতিক ইতিহাস বলতে তদন্তের ফলে এই সবই জানা গেছিল তার সম্বন্ধে।

খুনের রাতে ক্লাব থেকে ঠিক দশটায় বাড়ি ফিরে আসেন অ্যাডেয়ার। মা আর বোন বেরিয়েছেন কোনো আত্মীয়ের সঙ্গে। তিনতলায় সামনের ঘরটা সাধারণত তার বসবার ঘর হিসেবে ব্যবহার করা হয়–পরিচারিকা এই ঘরেই ঢোকবার শব্দ শুনেছে। আগেই ঘরে চুল্লি জ্বেলে দিয়েছিল সে, ধোঁয়া হচ্ছিল বলে জানলাটাও খুলে এসেছিল। রাত এগারোটা কুড়ি মিনিটে লেডি মেনুথ আর তাঁর মেয়ে ফিরে এলেন। কিন্তু তখনও পর্যন্ত কোনো শব্দ শোনা গেল না ঘর থেকে। শুভরাত্রি জানাবার জন্যে লেডি মেনুথ ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখলেন ভেতর থেকে দরজায় চাবি দেওয়া। চেঁচিয়ে, ধাক্কা দিয়ে কোনো সাড়াশব্দ যখন পাওয়া গেল না, তখন লোকজন ডেকে জোর করে খোলা হল দরজা। টেবিলের কাছে পড়ে ছিলেন হতভাগ্য রোনাল্ড। রিভলভারের বুলেটে বীভৎসভাবে বিকৃত হয়ে গেছিল তার মাথার খুলি। ঘরের মধ্যে কিন্তু ও-জাতীয় কোনো হাতিয়ার খুঁজে পাওয়া যায়নি। টেবিলের ওপর দশ পাউন্ডের দুটো নোট পড়ে ছিল–আর ছিল ছোটো ছোটো থাকে সাজানো সোনা রুপোয় মিশানো সতেরো পাউন্ড দশ শিলিং। একটা কাগজে কতকগুলো সংখ্যা বসানো ছিল–পাশে পাশে লেখা কয়েকজন ক্লাবের বন্ধুর নাম। কাজেই ধরে নেওয়া হল, মৃত্যুর আগে তাসের জুয়োর হারজিতের একটা মোটামুটি খসড়া করার চেষ্টা করছিলেন তিনি।

মিনিটখানেক অবস্থা পর্যবেক্ষণ করতে আরও জটিল হয়ে দাঁড়াল কেসটা। প্রথমত ভেতর থেকে দরজায় চাবি দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পাওয়া গেল না। খুব সম্ভব এ-কাজ খুনির। খুনের পর খোলা জানলা দিয়ে উধাও হয়েছে সে দরজায় চাবি যেমন ছিল তেমনি রেখে। মাটি থেকে কম করে বিশ ফুট উঁচুতে জানলাটা। অবশ্য জানলার ঠিক নীচেই ফুলে ফুলে ঢাকা ক্রোকাসের একটি ঝোপ ছিল। বিশ ফুট উঁচু থেকে সেখানে কেউ লাফিয়ে পড়লে ফুল-টুল ছিঁড়ে ঝোপ তো লন্ডভন্ড হতই, মাটিতেও গভীর পায়ের ছাপ পাওয়া যেত। কিন্তু সে-রকম কোনো চিহ্নই দেখা গেল না। ঝোঁপের মধ্যে দিয়ে ইদানীং কেউ হেঁটেছে বলেও মনে হল না। তাহলে দাঁড়াচ্ছে এই যে, অ্যাডেয়ার নিজেই দরজায় চাবি দিয়েছিলেন ভেতর থেকে। তাই যদি হয়, তাহলে মৃত্যু এল কোন পথে? কোনোরকম চিহ্ন না-রেখে কারো পক্ষেই কিছু বেয়ে জানলায় উঠে আসা সম্ভব নয়। ধরা যাক জানলা দিয়ে কেউ গুলি চালিয়ে উড়িয়ে দিয়েছে তার খুলি। তাহলে তো হত্যাকারীর হাতের টিপ অসাধারণ বলতে হবে। কেননা, রিভলভার থেকে গুলি ছুঁড়ে এ-রকম মরণ ঘা দেওয়া বড়ো সোজা কথা নয়। বেশ, তাই যদি হয়, তাহলে জনবহুল পার্ক লেনে কেউ-না-কেউ গুলির আওয়াজ নিশ্চয় শুনতে পেত। বাড়ি থেকে শ-খানেক গজের মধ্যে ভাড়াটে গাড়ির একটা আচ্ছা আছে। সেখান থেকেও ফায়ারিং-এর কোনো শব্দ শোনা যায়নি। সব ঠিক। কিন্তু তবুও রিভলভারের বুলেটেই মারা গেছেন অ্যাডেয়ার। মারা গেছেন নিতান্ত আচম্বিতে খুদে কালান্তকের চকিত চুম্বন পলকের মধ্যেই অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারের দেহ থেকে মুছে নিয়ে গেছে প্রাণের সমস্ত চিহ্ন।

এই হল পার্ক লেন রহস্য। খুনের পেছনে কোনো মোটিভ পাওয়া যায়নি, কেননা আমি আগেই বলেছি রোনাল্ডের কোনো শত্রু ছিল না। তা ছাড়া তাঁর ঘরের টাকাপয়সা সরানোরও কোনো প্রচেষ্টা হয়নি। কাজেই, মোটিভের কোনো নামগন্ধ না-থাকায় আরও জটিল হয়ে উঠেছে। এই আশ্চর্য রহস্য।

সারাদিন ধরে শুধু এই সবই ভাবলাম বার বার। স্বীকার করতে লজ্জা নেই, যে-পরিমাণে মস্তিষ্কের গ্রে-সেলগুলোকে কষ্ট দিলাম, সে-অনুপাতে সমস্যার সুরাহা বলতে গেলে কিছুই হল না।

সন্ধের দিকে বেড়াতে বেড়াতে পার্কের দিকে এসেছিলাম। ছ-টা নাগাদ এসে পৌঁছোলাম পার্ক সেন আর অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে। ফুটপাথের ওপর এক দঙ্গল উঞ্ছ প্রকৃতির লোককে দেখলাম ভিড় করে একদৃষ্টে ওপরতলার বিশেষ একটা জানলার পানে তাকিয়ে থাকতে। বুঝলাম যে-বাড়ির সন্ধানে আসা এ সেই বাড়ি। পিছু হটতে গিয়ে ধাক্কা লেগে গেল আধবুড়ো এক কুঁজোর সঙ্গে। আমার ঠিক পেছনেই একগাদা বই হাতে দাঁড়িয়ে ছিল লোকটা। ধাক্কা লেগে কয়েকটা বই ছত্রাকার হয়ে পড়ল ফুটপাথের ওপর। লজ্জিত হয়ে দুঃখ প্রকাশ করতে গিয়ে দেখলাম আমার কাছে বইগুলোর যে-দামই থাকুক না কেন এবং তাদের সঙ্গে আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, আধবুড়ো গ্রন্থকীট ভদ্রলোকের কাছে তাদের দাম অপরিসীম। কেননা, আমার কথা শুরু হতে-না-হতেই দাঁত খিচিয়ে দারুণ ঘৃণায় এক হুংকার ছেড়ে পেছন ফিরে পা চালালেন ভদ্রলোক ভিড়ের দিকে। পেছন থেকে ভিড়ের মধ্যে আমি শুধু দেখতে পেলাম তার সাদাকালো কোঁকড়ানো জুলপি জোড়া।

পার্ক লেনের ৪২৭ নম্বর বাড়ি দেখে আমার আসল সমস্যার কোনো সুরাহাই হল না। রাস্তা আর বাড়ির মাঝে রেলিং লাগানো একটা নীচু পাঁচিল দেখলাম। তাও সব মিলিয়ে পাঁচ ফুটের উঁচু নয়। কাজেই রেলিং টপকে যে কেউ অনায়াসেই ঢুকতে পারে বাগানে, কিন্তু জানলার নাগাল পাওয়া একেবারেই অসম্ভব। কেননা, জলের পাইপ কি ওই জাতীয় কিছুই দেখতে পেলাম না ধারেকাছে। আগের চেয়ে আরও বেশি হতভম্ব হয়ে ফিরে এলাম কেনসিংটনে। পাঁচ মিনিটও হয়নি আমার স্টাডিতে বসেছি আমি, এমন সময়ে পরিচারিকা এসে খবর দিলে এক ভদ্রলোক দেখা করতে চান আমার সঙ্গে।

ঘরে ঢুকলেন যিনি তাঁকে দেখে অবাক হয়ে গেলাম। পার্ক লেনের সেই অদ্ভুত প্রকৃতির আধবুড়ো গ্রন্থকীট। লম্বা লম্বা পাকা চুলের মাঝে ধারালো কঠিন মুখ। ডান বগলে ডজনখানেক তার সেই মহামূল্যবান কেতাব।

কীরকম যেন অদ্ভুত কর্কশ স্বরে শুধোলেন, আমাকে দেখে বেজায় অবাক হয়ে গেলেন দেখছি?

স্বীকার করলাম যে কিছুটা হয়েছি বই কী।

কিছু মনে করবেন না স্যার, বিবেকের কামড় সইতে না-পেরে আসতে হল আমায়। আপনার পিছু পিছু আসছিলাম আমি। আপনাকে এ-বাড়িতে ঢুকে পড়তে দেখে ভাবলাম বলে যাই আমার রুক্ষ ব্যবহারে যেন কিছু মনে না-করেন। আপনার ওপর মোটেই রাগ করিনি আমি, বরং বইগুলো তুলে দেওয়ার জন্যে অশেষ কৃতজ্ঞ।

আমি আপনার প্রতিবেশী। চার্চ স্ট্রিটের মোড়ে আমার বইয়ের দোকানটা হয়তো দেখে থাকবেন আপনি। আপনার সঙ্গে আলাপ করে সত্যিই খুব খুশি হলাম, স্যার। আপনারও হয়তো বই কেনার বাতিক থাকতে পারে। এই দেখুন ব্রিটিশ বার্ড, ক্যাটাল্লাস, আর হোলি ওয়ার প্রতিখানা বাড়িতে রাখার মতো। পাঁচখানা বই দিয়ে আপনার দ্বিতীয় সেলফের ওই ফাঁকটা ভরাট করে ফেলতে পারেন। বড়ো নোংরা লাগছে, কি বলেন স্যার?

ঘাড় ফিরিয়ে পেছনের ক্যাবিনেটটা দেখে আবার যখন সামনে তাকালাম দেখলাম আমার পানে হাসিমুখে তাকিয়ে স্টাডি-টেবিলের ওপাশে দাঁড়িয়ে রয়েছে শার্লক হোমস।

দাঁড়িয়ে উঠে সেকেন্ড কয়েক রীতিমতো ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলাম তার দিকে। তারপরেই বোধ হয় জীবনে সেই প্রথম এবং শেষবারের মতো অজ্ঞান হয়ে গেছিলাম আমি। ধোঁয়াটে রঙের খানিকটা কুয়াশা ঘুরপাক খেয়ে উঠল চোখের সামনে! কুয়াশা পরিষ্কার হয়ে যেতে দেখলাম আমার কলারের বোতাম খোলা এবং ঠোঁটের ওপর ব্র্যান্ডির চনচনে স্বাদ। ফ্লাস্ক হাতে ঝুঁকে পড়ে আমার চেয়ারে বসে ছিল হোমস।

শুনলাম সেই পরিচিত স্বর যা কোনোদিনই ভোলা যায় না, মাই ডিয়ার ওয়াটসন, আমার ঘাট হয়েছে, ক্ষমা করো আমায়। তুমি যে এ-রকম শক পাবে, তা আমি কল্পনাই করতে পারিনি।

সজোরে আঁকড়ে ধরলাম তার হাত।

হোমস! সত্যিই তুমি তো? বাস্তবিকই কি তুমি বেঁচে আছ? শেষ পর্যন্ত সেই ভয়ংকর খাদ বেয়ে উঠে আসতে পেরেছিলে তুমি?

সবুর! সবুর! এসব কথা আলোচনা করার মতো অবস্থায় আছ তো? আবির্ভাবটা এতটা নাটকীয় করার কোনো দরকার ছিল না। বড়ো জোরালো শক দিয়ে ফেলেছি তোমায়।

কিচ্ছু হয়নি আমার। কিন্তু, হোমস, আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না ভাই। গুড হেভেনস আমি ভাবতেও পারিনি কোনোদিন যে তুমি… তুমি আবার এসে দাঁড়াবে আমার স্টাডিতে, সজোরে আবার তার বাহু আঁকড়ে ধরে শিরাবহুল সরু পাকানো হাতে হাত বুলিয়ে বললাম, না, তুমি আর যাই হও, প্রেত নয়। বলো কীভাবে সেই ভয়াবহ খাদের ভেতর থেকে প্রাণ নিয়ে ফিরে এলে।

আমার উলটোদিকে বসে হোমস তার পুরোনো কায়দায় যেন কিছুই হয়নি এমনি উদাসীন ভাবে একটা সিগারেট ধরালে। পরনে তার বইয়ের দোকানির জীর্ণ ফ্রক কোট। বাকিটুকু, অর্থাৎ চুলের রাশি আর পুরোনো বইয়ের গাদা, পড়ে ছিল টেবিলের ওপর। হোমসকে আগের চাইতেও রোগা এবং সজাগ মনে হচ্ছিল বটে, কিন্তু তার তীক্ষ্ণ্ণ নাক, ধারালো চিবুক আর শুকনো মুখে মৃতের মুখের মতো পাঙাশপানা রক্তহীনতা লক্ষ করে বুঝলাম ইদানীং খুব স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব হয়নি তার পক্ষে।

সিগারেট ধরিয়ে বলল হোমস, গা এলিয়ে বসে বাঁচলাম, ওয়াটসন। লম্বা মানুষের পক্ষে পুরো এক ফুট ছেটে ফেলে ঘণ্টার পর ঘণ্টা অভিনয় করে যাওয়া বড়ো সোজা কথা নয়। যাক, ভাই, তোমার সাহায্য আমার এখন দরকার। আজ রাতেই অত্যন্ত কঠিন আর বিপজ্জনক অভিযানে তোমাকে পাশে না-পেলে আমার চলবে না। কাজটা শেষ হলে, সমস্ত কিছু খুলে বলাই ভালো, কি বল?

কৌতূহলের চাপে ফেটে মরে যাব আমি। যা বলবার এখনই বলো।

আজ রাতে আমার সঙ্গে আসছ তো?

এক-শোবার। যখনই বলবে, যেখানেই বলবে–আমার অমত নেই।

বাস্তবিকই পুরোনো দিনগুলো যেন আবার ফিরে এল। যাবার আগে চটপট হাত চালিয়ে ডিনারটাও খেয়ে যেতে হবে। বেশ, তাহলে শুরু হোক খাদ-প্রসঙ্গ।

**********
No Review
Related Books
Loading books…