
দ্য কেস বুক অফ শার্লক হোমস
আর্থার কোনান ডয়েল
বিখ্যাত মক্কেলের বিচ্ছিরি বিপদ
[ অ্যাডভেঞ্চার অফ দি ইলাসট্রিয়াস ক্লায়েন্ট ]
বেশ কয়েক বছরের মধ্যে বার দশেক অনুমতি চেয়েছি শার্লক হোমসের কাছে নীচের এই আশ্চর্য অ্যাডভেঞ্চারের ইতিবৃত্ত লেখবার জন্যে। অনুমতি মিলল দশমবার খোশামোদের পর। বলল, লিখতে পারো, এখন কারো গায়ে লাগবে না।
টার্কিশ বাথ অর্থাৎ বাম্প-স্নান দারুণ ভালো লাগে আমার আর হোমসের। স্নানের পর গা শুকানোর ঘরে পাইপ টানবার সময়ে এমন একটা আমেজ আসে হোমসের মেজাজে তখন, অন্য সময়ের মতো অতটা অমানুষ আর মুখটেপা থাকতে পারে না। এইরকমই একটা দুর্বল মুহূর্তে নর্দামবারল্যান্ড অ্যাভিন্যুর একটা স্নানঘরের ওপরতলায় পাশাপাশি দুটো কোচে চাদর মুড়ি দিয়ে আয়েশ করে বসে থাকার সময়ে শুরু এই অত্যাশ্চর্য কাহিনির। তারিখটা সেপ্টেম্বরের তৃতীয় দিবস, সাল ১৯০২। গা ঢালা অবস্থায় বসে থেকে ওকে জিজ্ঞেস করেছিলাম চাঞ্চল্যকর কোনো কেস হাতে আছে কি না। জবাবে কোটের পকেট থেকে একটা খাম টেনে নিয়ে চাদরের বাইরে লম্বা সরু হাতে বাড়িয়ে ধরল হোমস।
বলল, অদ্ভুত ব্যাপার। হয় জীবন মরণের প্রশ্ন, নয় আকাট বোকামি। চিঠিতে যা লেখা আছে, এর বেশি আর কিছুই জানি না।
চিঠি লেখা হয়েছে আগের সন্ধ্যায় কার্লটন ক্লাব থেকে।
মিস্টার শার্লক হোমসকে অভিনন্দন জানাচ্ছেন স্যার চার্লস ড্যামারি। আগামীকাল বিকেল সাড়ে চারটায় আসছেন দেখা করতে। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ–বলতেও কুণ্ঠাবোধ হচ্ছে। সেই কারণেই পরামর্শ দরকার মিস্টার হোমসের। তিনি যেন কার্লটন ক্লাবে টেলিফোন করে জানিয়ে দেন দেখা করতে রাজি আছেন।
হোমস বললে, রাজি আমি হয়েছি, ওয়াটসন। ফোনেও জানিয়ে দিয়েছি, ড্যামারি লোকটাকে চেনো?
নাম শুনেছি।
আমি আরও কিছু শুনেছি। যেসব কথা বাইরের লোককে বলা যায় না, সেইসব ব্যাপারে নাক না-গলিয়ে মিটমাট করিয়ে দিতে ইনি সিদ্ধহস্ত। হ্যামার ফোর্ড উইল মামলায় স্যার জর্জ লিউইসের সঙ্গে ইনি যে কথাবার্তা চালিয়েছেন, তা মনে রাখার মতো। সুতরাং ধরে নিতে পারি কেসটা বাজে নয়–ঠেকায় পড়েই উনি চিঠি লিখেছেন–আমাদের সাহায্য চাইছেন।
আমাদের বলছ কেন? চিঠি তো লিখেছেন তোমাকে?
ক্ষমাঘেন্না করে তুমিও থাকছ, নয় কি?
সে তো আমার পক্ষে সম্মানের ব্যাপার হে।
বেশ তো, সম্মানটা না হয় দেওয়াই গেল। সময়টা মনে থাকে যেন সাড়ে চারটে, তার আগে এ নিয়ে আর কথা নয়।
কুইন অ্যানি স্ট্রিটে আলাদা থাকতাম তখন। যথাসময়ে এলাম বেকার স্ট্রিটে হোমসের ডেরায়। কাঁটায় কাটায় সাড়ে চারটের সময়ে এলেন কর্নেল স্যার জেমস ড্যামারি। গম্ভীর মমালায়েম গলা। ফিটফাট পোশাক। পরিষ্কার কামানো গাল। সজ্জন ব্যক্তিত্ব। ধূসর আইরিশ চোখে অসীম সরলতা আর সুমিষ্ট ঠোঁটে নিঃসীম কৌতুকবোধ দেখবার মতো। টপহ্যাট থেকে ভার্নিশ করা জুতো পর্যন্ত সর্বত্র বনেদিয়ানার ছাপ, ঘর যেন আলো হয়ে উঠল তার আবির্ভাবে।
আমাকে দেখে বাতাসে মাথা ঠুকে অভিবাদন করে বললেন, ভালোই হল ডক্টর ওয়াটসনকে পেয়ে। যার সঙ্গে লাগতে যাচ্ছি তার মতো মারকুটে বিপজ্জনক লোক ইউরোপে আর দুটি নেই। কোনো কিছুতেই সে পেছপা নয়।
হাসল হোমস। বলল, পরলোকগত প্রফেসর মরিয়ার্টি অথবা এখনও জীবিত কর্নেল সিবাসটিয়ান মোরানের চাইতেও যদি বিপজ্জনক হয়, তাহলে একহাত নিতে পারলে খুশিই হব। সিগারেট খান? না! বেশ তাহলে আমি ধরাচ্ছি। নাম কী লোকটার?
ব্যারন গ্রানারের নাম শুনেছেন?
অস্ট্রিয়ার সেই মানুষখুনে?
হেসে ফেললেন কর্নেল ড্যামারি, ওয়ান্ডারফুল! কিছুই দেখছি চোখ এড়ায় না আপনার। লোকটাকে এর মধ্যেই খুনি ঠাউরে নিয়েছেন?
কোন মহাদেশে কী ধরনের অপরাধ ঘটছে, সব খবর রাখাটাই যে আমার কাজ কর্নেল। সপ্নজেন গিরিবক্সে দুর্ঘটনায় বউ মারা গেছে বললেই হল? ওভাবে আইনের চোখে ধুলো দেওয়া যেতে পারে। লন্ডনে যখন এসেছে রাসকেল, তখন আমার সঙ্গেও টক্কর লাগবে জানি। কিন্তু এসেছেন কেন? পুরোনো কাসুন্দি ঘাঁটতে?
আজ্ঞে না। নতুন ঘটনা ঘটাতে। মি. হোমস, ব্যাপারটা ভয়ানক, অত্যন্ত ভয়ানক। যে-মক্কেলের হয়ে এসেছি, তার স্বার্থ আপনাকে দেখতেই হবে।
আপনি যে কারো হয়ে এসেছেন বুঝিনি। আসল মক্কেলটি তাহলে কে?
মি. হোমস, নামটা জিজ্ঞেস করবেন না। আমি প্রতিজ্ঞাবদ্ধ।
তাহলে আমাকে মাপ করবেন। আমি একমুখো রহস্যের জট খুলতে অভ্যস্ত–দু-মুখো রহস্যের নয়।
মি. হোমস, এ যে শাঁখের করাতে ফেললেন আমাকে। নাম বলতে পারব না কথা দিয়ে এসেছি যে। বেশ তো, ঘটনাটা শুনতে কি আপত্তি আছে?
বলতে পারেন। কিন্তু আমি কোনো কথা দিচ্ছি না।
জেনারেল দ্য মারভিলের নাম শুনেছেন?
খাইবার পাস বিখ্যাত দ্য মারভিল?
হ্যাঁ। ওঁর মেয়ে ভায়োলেট দ্য মারভিল শয়তানটার খপ্পরে পড়েছে। অথচ মেয়েটি যেমন সুন্দরী, তেমনি মার্জিত। কম বয়স, হাতে পয়সা আছে, অপূর্ব মেয়ে বলতে যা বোঝায় তাই।
ভালোবেসে। জানেন তো এ-কবজায় পড়লে কোনো মেয়েই আর বেরোতে পারে না। লোকটা শুনেছি সাংঘাতিক সুন্দর। চালচলন চমকে দেওয়ার মতো, কথাবার্তা মধু ঝরানো। দারুণ রোম্যান্টিক ফিগার দেখলেই মেয়েরা ভালোবেসে ফেলে।
কিন্তু মিস ভায়োলেট দ্য মারভিলের মতো মেয়ের সান্নিধ্যে সে এল কী করে?
ভূমধ্যসাগরে জাহাজে বেড়ানোর সময়ে। দুজনের দেখা সেইখানেই, আলাপটা এমন ভালোবাসায় এসে ঠেকেছে যে বিয়ে হতে চলেছে সামনের মাসে। কিছুতেই টলানো যায়নি মিস মারভিলকে। ব্যারন ছাড়া ওর কাছে দুনিয়া এখন অন্ধকার।
ব্যারনের কুকীর্তি শোনবার পরেও?
ব্যারন নিজেই নিজের কুৎসা শুনিয়েছে মেয়েটিকে এমনভাবে শুনিয়েছে যেন সবই মিথ্যে অপবাদ। ফলে মেয়েটিকে কোনো কুৎসাকাহিনিই আর টলাতে পারছে না।
আপনি কিন্তু অজান্তে মক্কেলের নাম বলে ফেলেছেন, কর্নেল। জেনারেল দ্য মারভিলের হয়ে এসেছেন, তাই না?
আজ্ঞে না। জেনারেল এই ব্যাপারে এক্কেবারে ভেঙে পড়েছেন। আমি এসেছি এমন একজনের তরফে যিনি মেয়েটিকে ফ্ৰকপরা অবস্থা থেকে দেখে এসেছেন, নিজের মেয়ের মতোই ভালোবাসেন। কথা দিয়েছি, তার নাম ফাঁস করব না। মি. হোমস, দয়া করে পীড়াপিড়ি করবেন না।
বেশ, কথা দিলাম। কেসটাও হাতে নিলাম–বেশ ইন্টারেস্ট লাগছে। যোগাযোগ করব কীভাবে?
কার্লটন হোটেলে। খুব জরুরি দরকার থাকলে XX.31 এই প্রাইভেট নাম্বারে ফোন করবেন!
ব্যারনের ঠিকানা?
কেনসিটংনের ভারনন লজে। বেশ বড়ো বাড়ি। অবস্থাপন্ন লোক। সেই কারণেই আরও বেশি বিপজ্জনক।
এখন বাড়িতেই আছে তো?
আছে।
ব্যারন সম্বন্ধে আর কোনো খবর দিতে পারেন?
লোকটার রুচি আছে–দেদার টাকা ওড়ায় বই আর ছবি কিনতে। বদমাশ হলেও শিল্পী-সত্তা আছে। চৈনিক বাসন-কোসনের অনেক খবর রাখে। এই নিয়ে একটা বইও লিখেছে। হার্লিংটনে এক সময়ে পোলা খেলত। প্রাহার কেলেঙ্কারির জন্যে চলে আসে।
পৃথিবীর বড়ো বড়ো বদমাশরা এই ধরনেরই জটিল চরিত্রের অধিকারী হয়, কর্নেল। চার্লি পিস বেহালায় তুখোড় ছিল, ওয়েনরাইটমস্ত আর্টিস্ট ছিল। এবার পড়া যাক ব্যারন গ্রানারকে নিয়ে।
কর্নেল তো গেলেন, মুখ গোমড়া করে অনেকক্ষণ বসে রইল হোমস–আমার অস্তিত্বই যেন ভুলে গেল। তারপরেই আচমকা ফিরে এল চিন্তার জগৎ থেকে বাস্তব জগতে।
ওয়াটসন, কী মনে হয় তোমার?
মেয়েটির সঙ্গে তোমার দেখা করা দরকার।
ভায়া ওয়াটসন, ভগ্নহৃদয় পিতৃদেব নিজে যেখানে ব্যর্থ, সেখানে আমার মতো উটকো লোক কিছু করতে পারবে? অন্যদিক থেকে চেষ্টা করতে হবে। শিনওয়েল জনসনকে দিয়ে কাজ হতে পারে।
হোমসের কর্মজীবনের শেষের দিকে আবির্ভাব ঘটেছিল এই শিনওয়েল জনসনের। সেই কারণেই তার সম্বন্ধে কোনো কথা আগের কাহিনিতে লেখা হয়নি। লোকটা মহা দুবৃত্ত। পার্কস্টে দু-বার জেল পর্যন্ত খেটেছে। তারপর অনুতাপের আগুনে পুড়ে পালটে যায় এবং হোমসের শাগরেদি করে এই শতাব্দীর প্রথম কয়েক বছরে। লন্ডনের সুবিশাল অপরাধী মহলের নাড়িনক্ষত্র তার নখদর্পণে। হোমসের এজেন্ট হিসেবে এনে দিত সেইসব খবরাখবর। পুলিশের তাঁবেদারি করলে কোনকালে কুকীর্তি ফাঁস হয়ে যেত শিনওয়েলের। কিন্তু হোমসের কাছ থেকে কোনো খবর বেরোত না শিনওয়েলের স্যাঙাতরাও জানতে পারত না খবর চালান করেছে কে। দু-বার জেলখাটার ফলে দাগি আসামি হিসেবে শহরের সমস্ত খারাপ জায়গায় অবাধ গতিবিধি ছিল শিনওয়েলের। লোকটার ব্রেন ছিল, চোখ ছিল। ফলে যা দেখত ঝটপট তা থেকে খবর বার করে এনে উপহার দিত হোমসকে। শার্লক হোমস ঠিক করল এই শিনওয়েল জনসনকেই এবার কাজে লাগবে।
হাতে অন্য কাজ ছিল বলে হোমসের সঙ্গে লেগে থাকতে পারিনি–কী করল, কোথায় গেল সে-খবরও রাখিনি। দেখা হল সন্ধ্যায়—সিম্পসনে। রাস্তার দিকের জানলার ধারে ছোট্ট টেবিলে বসলাম দুই বন্ধু। স্ট্যান্ডের চলমান জলপ্রবাহের দিকে তাকিয়ে হোমস বললে সারাদিনের ঘটনা। জনসন বেরিয়ে পড়েছে খবরের খোঁজে। লন্ডনের চোরডাকাত মহলেই পাওয়া যাবে বদমাশটার গোপন কুকীর্তির যাবতীয় সংবাদ।
কিন্তু যে-মেয়ে কোনোরকম কুকীর্তি শুনেই টলেনি৷ সে তোমার জানা নতুন কুকীর্তি শুনে টলবে কি?
বলা যায় না। মেয়েদের মন বোঝা ভার। খুন-টুনকেও মানিয়ে নেওয়া যায়। কিন্তু ছোটোখাটো ব্যাপার মন বিষিয়ে দিতে পারে। ব্যারন গ্রানারই তো বলছিল—
বলছিল! তোমাকে!
লোকটার সঙ্গে মুখোমুখি বসে চোখাচোখি চেয়ে দেখতে চেয়েছিলাম দৌড় কতখানি। জনসনকে খবর আনতে পাঠিয়ে নিজেই গেছিলাম কেনসিংটনে। বেশ তোফা মুডে পেলাম ব্যারনকে।
চিনে ফেলেনি তো?
না ফেলার কোনো কারণ ছিল না–কেননা নিজের ভিজিটিং কার্ড পাঠিয়ে দিয়েছিলাম। এ-লোকের সঙ্গে টক্কর দিয়েও সুখ। বরফের মতো ঠান্ডা মেজাজ, কথাবার্তা সিল্কের মতো মসৃণ, রীতিমতো ফ্যাশন দুরস্ত, কেউটের মতো বিষধর। উঁচু জাতের ক্রিমিনাল। অভিজাত অপরাধী। মুখে মধু ভেতরে ছুরি।
তোফা মুডে পেলে?
ইঁদুর দেখলে বেড়ালের মুড় যেরকম হয়–সেইরকম আর কি। কিছু লোক যখন মুড়ে থাকে, তখন তারা মারদাঙ্গা লোকদের চাইতেও বিপজ্জনক। আমাকে দেখেই মহা খাতির করে বললে, মিস্টার হোমস, আমি জানতাম আজ হোক কাল হোক আপনি আসবেনই। ভায়োলেটের সঙ্গে আমার বিয়েটা ভন্ডুল করার জন্যেই নিশ্চয় আপনাকে পাঠিয়েছেন জেনারেল দ্য মারভিল?
আমি বললাম, কথাটা ঠিক।
মশায়, মিছিমিছি সময় নষ্ট করছেন। এতদিনের সুনাম খোয়াবেন। দুর্নামের শেষ থাকবে না। মাঝখান থেকে বিপদ ডেকে আনবেন। আমার কথা শুনুন। এ-কেস ছেড়ে দিন।
আমি বললাম, মশায়, ঠিক ওই উপদেশটা আপনাকেও দিতে চাই। আপনার ব্রেনকে খাতির করি বলেই বলছি। এতদিনের নামডাক ধুলোয় লুটোবে যদি পত্রপাঠ সরে না-পড়েন। মেয়েটাকে ছাড়ুন। নইলে ইংলন্ডের এমন সব বাঘা বাঘা ব্রেন আপনার পেছনে লাগবে যে তিষ্ঠোতে পারবেন না! অতীতে অনেক কাণ্ড করেছেন—এখন যদি সেসব ভায়োলেটের কানে তোলা যায়, পরিণামটা সুখের হবে কি?
ব্যারনের নাকের নীচে পোকামাকড়ের কুঁড়ের মতো মোম মাখানো কয়েক গাছি গোঁফের চুল বিষম মজায় থিরথির করে কাঁপতে লাগল আমার কথায়। শেষকালে খুক খুক করে হেসেও ফেলল রাসকেলটা।
বলল, মিসটার হোমস, হাতে রঙের তাস একটাও নেই কিন্তু বেশ তড়পে যাচ্ছেন দেখছি। আমার হাতে কিন্তু তুরুপের তাস আছে–দরকার হলে দেখাতে দ্বিধা করব না।
ওই জেনেই বসে থাকুন।
বসেই তো আছি। মিস্টার হোমস, বহাল তবিয়তে আছি। আমার সব কুকীর্তিই ভায়োলেটকে বলেছি। সেইসঙ্গে বলে রেখেছি বেশ কিছু বদলোক সেইসব কাহিনি বলে মন ভাঙাতে আসতে পারে–আপনিও কিন্তু তাদের একজন মিস্টার হোমস। সম্মোহন করে যা হুকুম দেওয়া যায়, সম্মোহিত মানুষ সেই হুকুম হুবহু মেনে চলে২ জানেন তো? এক্ষেত্রে আমার ব্যক্তিত্ব দিয়ে সম্মোহন করেছি ভায়োলেটকে বলে রেখেছি মন ভাঙাতে যারা আসবে, তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয়। কাজেই আপনি স্বচ্ছন্দে দেখা করতে পারেন ভায়োলেটের সঙ্গে, সে দেখাও করবে–ফলটা হাতে হাতে পেয়ে যাবেন।
ওয়াটসন, এরপর আর কথা চলে না। মানে মানে সরে পড়াই ভালো। খুবই গম্ভীরভাবে দরজার হাতলে হাত রাখলাম দরজা খুলব বলে, এমন সময়ে ডাক এল পেছন থেকে।
মিস্টার হোমস, ফ্রেঞ্চ এজেন্ট লাবার্নের নাম শুনেছেন?
হ্যাঁ।
লাবার্নের পরিণামটা কী হয়েছিল জানেন?
মারের চোটে পঙ্গু হয়ে গেছে।
কী অদ্ভুত যোগাযোগ দেখুন, তার ঠিক আগেই সে ঘাঁটাতে এসেছিল আমাকে, আরও অনেকের একই হাল হয়েছে বেশি বাড়াবাড়ি করায়। মিস্টার হোমস, সরে পড়ুন, সরে পড়ুন, নিজের চরকায় তেল দিন।
ওয়াটসন, এই হল গিয়ে আজ