
খালি বাড়ি
আর্থার কোনান ডয়েল
১৮৯৪ সালের বসন্তকালের ঘটনা। সারা লন্ডন শহর তোলপাড়। বিশেষ করে ধনী, শৌখিন সমাজের লোকেদের মধ্যে সাঙঘাতিক উত্তেজনা। উত্তেজনা রোনাল্ড অ্যাডেয়ারের মৃত্যুকে কেন্দ্র করে। আশ্চর্য রকম পরিস্থিতিতে রোনাল্ড অ্যাডেয়ার খুন হয়েছেন। কী ভাবে যে তাকে খুন করা হয়েছে, সে ব্যাপারে মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশি-তদন্তের সূত্র ধরে এ হত্যা-রহস্যের কিছু কিছু খবর সাধারণ লোক জেনে গেছেন। কিন্তু অনেক কথাই সাধারণের কাছে প্রকাশ করা হয়নি। তার কারণ আসামির বিরুদ্ধে পুলিশ ওই অ্যাডেয়ারের মৃত্যুর ব্যাপারেই যে-সব তথ্য-প্রমাণ পেয়েছিল, তাতেই অপরাধীর শাস্তি হয়েছিল। অন্য সব কথা আদালতে জানাবার দরকার হয়নি। এত দিন পরে, অন্তত দশ বছর তো হবেই, এই আশ্চর্য হত্যা-রহস্য উদঘাটনের পেছনে যে-গোপন তথ্য ছিল, সে সব কথা সাধারণ লোককে জানাবার অনুমতি মিলেছে! রোনাল্ড অ্যাডেয়ারকে যে ভাবে হত্যা করা হয়েছিল, সেটা সত্যিই খুব অদ্ভুত। কিন্তু এই হত্যার পর যে সব ঘটনা ঘটল, সেগুলো আমার কাছে আরও অনেক বেশি অদ্ভুত। আমার জীবনে অ্যাডভেঞ্চার বড় কম হয়নি। তবুও এ কথা ঠিক, এত আশ্চর্য, এমন স্তম্ভিত জীবনে আমি কখনওই হইনি। এত দিন বাদে আমি যখনই সেই ঘটনার কথা ভাবি, আমার মন আনন্দে আর বিস্ময়ে ভরে ওঠে। মনে হয় যা দেখেছি, তা যেন সত্যি নয়, স্বপ্ন। এখানে একটা কথা খুলে বলা দরকার। আমার অদ্ভুতকর্মা বন্ধুর কিছু কিছু কাহিনী আমি অনেককে শুনিয়েছি। এ সব ঘটনার কথা পড়তে তাদের ভাল লাগে, এ কথাও আমি শুনেছি। তাই আজ যে-ঘটনার কথা লিখছি, তা পড়ে পাঠকেরা দয়া করে আমার উপর রাগ করবেন না, বা আমাকে ভুল বুঝবেন না, এইটুকু শুধু অনুরোধ। আপনারা বিশ্বাস করুন, এত দিন আমি ইচ্ছে করে এ সব কথা গোপন রাখিনি। গোপন না রেখে আমার কোনও উপায় ছিল না। আমাকে কথা দিতে হয়েছিল যে, সে না-বলা পর্যন্ত এসব কথা আমি লিখব না। গত মাসের তেসরা তারিখে এই কাহিনী আপনাদের শোনাবার অনুমতি আমি পেয়েছি।
শার্লক হোমসের সঙ্গে অনেক দিন থাকবার ফলে, আর তার তদন্তের কাজে তাকে কিছু কিছু সাহায্য করার জন্য, ক্রাইম বা অপরাধমূলক ঘটনার সম্বন্ধে আমার নিজের মনেও একটা কৌতূহল জেগে উঠেছিল। তার ফলে শার্লক হোমস যখন আমার জীবন থেকে চিরবিদায় নিল, তখনও অপরাধমূলক ঘটনার ওপর আমার টান একটুও কমল না। কাগজে যে-সব অপরাধের কথা ছাপা হত, আমি সেগুলো খুব মন দিয়ে পড়তাম। আবার কখনওসখনও স্রেফ নিজের কৌতুহল মেটাবার জন্যে নিজেই একটু-আধটু গোয়েন্দাগিরি করতাম। অবশ্য তাতে যে খুব একটা বড় রকমের কোনও ফল হত, তা নয়। তবে রোনাল্ড অ্যাডেয়ারের হত্যার ব্যাপারটা নিয়ে আমার মনে সত্যিই খুব কৌতূহল হয়েছিল। রোনাল্ড অ্যাডেয়ারের মৃত্যুর পর যে ইনকোয়েস্টের খবর কাগজে ছাপা হয়েছিল, তা পড়েছিলাম। মৃত্যুর সম্বন্ধে বলা হয়েছিল যে, এটা একটা ঠান্ডা মাথায় খুনের ঘটনা। তবে কে বা কারা খুন করেছে, তা অবশ্য ঠিক বলা যায়নি। অর্থাৎ খুনি বা খুনিদের পরিচয় জানা যায়নি। এই ঘটনার বিবরণ কাগজে পড়তে পড়তে হোমসের কথা আমার আরও বেশি করে মনে পড়তে লাগল। হোমসের মৃত্যুতে সাধারণ মানুষের কত ক্ষতিই না হয়েছে। আমার মনে হল, এই রোনাল্ড অ্যাডেয়ারের হত্যার ব্যাপারটা হোমসের নিশ্চয়ই একটা পছন্দসই ‘কেস’ হত। ব্যাপারটা রীতিমতো ঘোরালো। আজ যদি হোমস থাকত, তা হলে পুলিশ যে-কাজ করতে পারছে না। তা সহজেই হয়ে যেত। পুলিশের ত্রুটি দেখিয়ে দিয়ে হোমস যে কত বার অপরাধীকে ধরতে পুলিশকে সাহায্য করেছে, তা বোধহয় পাঠকরা এত দিনে জেনে গেছেন। কিন্তু এখন হাহুতাশ আর আক্ষেপ করা ছাড়া কোনও উপায় নেই। সারা দিন রুগি দেখার ফাঁকে ফাঁকে আমার মাথায় এই খুনের ব্যাপারটা ঘুরতে লাগল। নানা দিক থেকে ভেবেও আমি এমন। কোনও সমাধান বের করতে পারলাম না, যা দিয়ে সব ব্যাপারটা ব্যাখ্যা করা যায় বা রহস্যের জট খুলতে পারা যায়। সকলেরই ঘটনাটা হয়তো জানা, তবুও আমি কাগজে পুলিশ কোর্টের যে-রিপোর্ট বেরিয়েছিল, সেটা সংক্ষেপে লিখছি।
মহামান্য রবার্ট অ্যাডেয়ার আর্ল অফ মেনাথ-এর মেজো ছেলে। যে-সময় এই ঘটনা ঘটে, তখন তিনি অস্ট্রেলিয়ার একটি রাজ্যের গভর্নর। অ্যাডেয়ারের মা চোখের ছানি কাটাবার জন্যে কিছু দিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে রোনাল্ড আর তাঁর মেয়ে হিলডা। ওঁরা তিন জন ৪২৭ নম্বর পার্ক লেনে থাকতেন। রোনাল্ড সৎসঙ্গে মেলামেশা করতেন। যতদূর জানা গেছে, ওঁর কোনও বাজে নেশা বা খারাপ অভ্যেস ছিল না। ওঁর কারও সঙ্গে শত্রুতা ছিল বলেও জানা যায়নি। রোনাল্ডের সঙ্গে কারস্টেয়ার্সের মিস এডিথ উলি-র বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্বন্ধ ভেঙে যায়। তবে এর জন্যে পাত্রীপক্ষের সঙ্গে ছেলের বাড়ির লোকের কোনও রকম মন কষাকষি বা রাগারাগি হয়নি। রোনাল্ড এমনিতে খুব শান্ত প্রকৃতির। তাঁর বন্ধুবান্ধবের সংখ্যাও বেশি নয়। আত্মীয়-বন্ধুদের নিয়েই তাঁর সময় কাটত। ধীর স্থির, বিচক্ষণ যুবক। অথচ এই রকম একটি নিরীহ-ভদ্র-শান্ত-সম্ভ্রান্ত যুবক ১৮৯৪ সালের ৩০ মার্চ তারিখে রাত্রি দশটা থেকে এগারোটা কুড়ির মধ্যে রহস্যজনক ভাবে খুন হয়ে গেলেন।
রোনাল্ড অ্যাডেয়ারের জীবনে প্রধান শখ ছিল তাস খেলা। বন্ধুবান্ধব মহলে বাজি রেখে তিনি তাস খেলতেন। তবে বাজি ধরা হত সামান্যই। তাই বাজিতে হেরে গেলেও তাঁর কোনও ক্ষতি হত না। রোনাল্ড বলডুইন, ক্যাভেনডিস আর ব্যাগাটেল তিনটে ক্লাবেরই মেম্বার। পুলিশি-তদন্তে জানা গিয়েছিল যে, যে-দিন রাত্রে তিনি খুন হন, সেই দিন ডিনারের পর রোনাল্ড ব্যাগাটেল ক্লাবে অনেকক্ষণ তাস খেলে ছিলেন। ওঁর সঙ্গে আর যাঁরা তাস খেলে ছিলেন তাঁরা হলেন মিঃ মারে, সার জন হার্ডি এবং কর্নেল মোরান। তাঁদের কথা থেকে জানা গেল যে, তাঁরা হুইস্ট খেলছিলেন। আর সকলের হাতেই মোটামুটি সমান তাস ছিল। সেদিন রোনাল্ড খুব কম টাকাই বাজি হেরে ছিলেন। বড় জোর পাঁচ পাউন্ড। রোনাল্ডের অবস্থা বেশ ভাল। পাঁচ পাউন্ডের লোকসান ওঁর কাছে কিছুই নয়। তা ছাড়া রোনাল্ড খুব হিসেবি স্বভাবের লোক ছিলেন। তিনি রোজই তাস খেলতেন, জিততেন বেশি, হারতেন কম। পুলিশ অনুসন্ধান করে জানতে পারে যে, কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেন মোরানকে জুটি নিয়ে রোনাল্ড প্রায় ৪২০ পাউন্ড জিতে ছিলেন। ওঁদের সঙ্গে খেলতে এসে গডফ্রে মিলনার আর লর্ড বালমোরাল গোহারান হেরে যান। পুলিশ তদন্তের সময় রোনাল্ড অ্যাডেয়ার সম্বন্ধে এইটুকু খবরই জোগাড় করতে পেরেছে।
খুনের দিন রোনাল্ড অ্যাডেয়ার রাত দশটা নাগাদ বাড়ি ফিরে আসেন। তাঁর মা আর দিদি তাঁদেরই এক আত্মীয়দের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বাড়ির কাজের মেয়েটি সাক্ষী দিতে গিয়ে বলেছে যে, রাত দশটা নাগাদ বাড়ি ফিরে রোনাল্ড দোতলার সামনের দিকে যে-ঘরটা আছে, সেই ঘরে চলে যান। ঘরে ঢুকে তিনি দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। ওই ঘরটা রোনাল্ড বসবার ঘর হিসেবে ব্যবহার করতেন। ওই ঘরের ফায়ার প্লেসে মেয়েটি আগুন দিয়ে রেখেছিল। ঘরের ভেতরে খুব ধোঁয়া হচ্ছিল বলে কাজের মেয়েটিই ঘরের জানলাগুলো খুলে দেয়। এগারোটা কুড়ি-পঁচিশ মিনিটের আগে ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এ সময়ে লেডি মেনাথ আর তাঁর মেয়ে বাড়ি ফিরে আসেন। শুতে যাবার আগে রোনাল্ডের সঙ্গে দেখা করবার জন্যে লেডি মেনাথ ওই ঘরের দিকে যান। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় উনি দরজায় ধাক্কা দেন। কিন্তু ধাক্কাধাক্কি বা ডাকাডাকিতে ঘরের ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে বাইরে থেকে লোক ডেকে এনে দরজা ভেঙে ফেলা হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় যে, হতভাগ্য রোনাল্ডের মৃতদেহ টেবিলের কাছে পড়ে আছে। রিভলভারের গুলি লেগে তাঁর মাথা একদম থেঁতলে গেছে। আশ্চর্যের ব্যাপার, ঘরের মধ্যে কোনও অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। সেই ঘরের টেবিলে দুটো দশ পাউন্ডের নোট ছাড়াও, নোট আর খুচরো মিলিয়ে আরও সতেরো পাউন্ড দশ শিলিং রাখা ছিল। পাউন্ড আর শিলিং থাক থাক করে রাখা। টেবিলের ওপরে একটা কাগজে রোনাল্ডের কয়েক জন বন্ধুর নাম, আর তাঁদের প্রত্যেকের নামের পাশেই একটা করে টাকার অঙ্ক লেখা। এঁরা প্রত্যেকেই কোনও-না-কোনও তাসের ক্লাবের মেম্বার। এই কাগজটা পরীক্ষা করে পুলিশের ধারণা হয় যে, মারা যাবার আগে রোনাল্ড হয়তো তাস খেলায় লাভ-লোকসানের হিসেবনিকেশ করছিলেন।
সমস্ত কিছু খুঁটিয়ে দেখে পুলিশের দৃঢ় বিশ্বাস হয় যে, এই হত্যার ব্যাপারটা খুবই জটিল, গোলমেলে। প্রথমত, রোনাল্ড কেন যে ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন তার কোনও রকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া গেল না। প্রথমে মনে হয়েছিল যে, খুনি খুন করে ঘরের দরজা বন্ধ করে জানলা দিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু জানলাটা জমি থেকে কম করে কুড়ি ফুট উঁচু। তার ওপর জানলার ঠিক তলায় ক্রকাস ফুলের ঝোপ। ক্রকাস ফুটে রয়েছে প্রচুর। সেই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল যে, ক্রকাস ঝোপের বা জমিতে এমন কোনও চিহ্ন নেই, যার থেকে বোঝা যেতে পারে যে, কুড়ি ফুট উঁচু থেকে কেউ সেখানে লাফ দিয়ে পড়েছিল। ফুলগাছের পরেই খানিকটা ঘাসের জমি। সেই জমিটার পরেই রাস্তা। সেই জমিটার ওপরও কোনও পায়ের ছাপটাপ কিছুই পাওয়া গেল না। সব দিক দেখে মনে হয় যে, রোনাল্ড নিজেই দরজা বন্ধ করে ছিলেন। কিন্তু তা হলে তিনি খুন হলেন কী করে? জানলা দিয়ে ঘরে কেউ ঢুকলে তার প্রমাণ বাইরে থেকে পাওয়া যেতই। তা ছাড়া জানলার ও পাশ থেকে যদি কেউ রিভলভার ছুড়েও থাকে, তো সেই রিভলভারের গুলিতে এ রকম প্রচণ্ড আঘাত লাগা সম্ভব বলে মনে হয় না। তা ছাড়া খুব পাকা হাত না হলে এত দূর থেকে রিভলভারে এ রকম নির্ভুল নিশানায় গুলি ছুড়তে কেউ পারবে না। তার ওপর পার্ক লেন দিয়ে সর্বদাই গাড়ি আর লোকজন যাতায়াত করে। রোনাল্ডের বাড়ির কাছেই একটা ভাড়াটে গাড়ির আড্ডা। সেখানে কেউই গুলির শব্দ শুনতে পায়নি। অথচ ঘরের মধ্যে রোনাল্ডের মৃতদেহ পড়েছিল। রিভলভারের গুলিতে যে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারেও সন্দেহ নেই। বিশেষ এক ধরনের গুলি ব্যবহার করা হয়েছে রোনাল্ডকে খুন করতে। একে বলে ‘সফট নোজড বুলেট’। দেহের মধ্যে প্রবেশ করেই বুলেটটা ফেটে যায়। ফলে সে লোক প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়। অল্প কথায় এই হল পার্ক লেন হত্যা-রহস্য। রহস্যটা আরও জটিল হয়ে গেল এই জন্যে যে, রোনাল্ড যে কেন খুন হলেন সে কথাটা মোটেই বোঝা গেল না। অ্যাডেয়ারের সঙ্গে কারও শত্রুতা নেই। আর যে-ঘরে তাঁকে খুন করা হয়েছিল, সেখান থেকে কোনও কিছু চুরি যায়নি।
ঘটনার বিবরণ কাগজে পড়বার পর সারা দিন এই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। এই রহস্যের সমাধান বের করবার জন্যে আমি নানা ভাবে চিন্তা করতে লাগলাম। শার্লক হোমসের একটা কথা মনে পড়ল। হোমস বলত, রহস্য ভেদ করতে গেলে অনেক সূত্রের মধ্যে যে-সূত্র ধরে সব ব্যাপারটা সহজে ব্যাখ্যা করা যায়, সেটাই আসল সূত্র। স্বীকার করতে লজ্জা নেই যে, আমি সে রকম কোনও সূত্র খুঁজে বের করতে পারলাম না। সন্ধে ছ’টা নাগাদ আমি পার্ক পেরিয়ে পার্ক লেনের যে-মুখটা অক্সফোর্ড স্ট্রিটের দিকে শেষ হয়েছে সেই মোড়ের কাছে পৌঁছে গেলাম। একদল বেকার লোক ফুটপাতের ওপর দাঁড়িয়ে হাঁ করে একটা জানলার দিকে তাকিয়ে ছিল। তাদের দেখেই রোনাল্ড অ্যাডেয়ারের বাড়ি চিনতে আমার কোনও অসুবিধে হল না। ওই ভিড়ের মধে কালো চশমা-পরা, রোগা-ঢ্যাঙা একটা লোক অ্যাডেয়ার হত্যা-রহস্য সম্বন্ধে তার নিজের ধারণার কথা বেশ জোর গলায় বলছিল। লোকটার বোলচাল শুনে আমার মনে হল যে, ও বোধহয় সাদা পোশাক-পরা কোনও পুলিশ কনস্টেবল হবে। আমিও ভিড়ের মধ্যে জুটে গিয়ে লোকটার কথা শুনতে লাগলাম। তবে ও যা বলল, তা আমার এতই আজগুবি বলে মনে হল যে, আমি আর সেখানে দাঁড়ালাম না। জটলা থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, এমন সময় এক বয়স্ক লোকের সঙ্গে ধাক্কা লাগল। এ লোকটি আবার প্রতিবন্ধী। লোকটির হাতে কয়েকটি বই ছিল। আমার সঙ্গে ধাক্কাধাক্কিতে বইগুলো রাস্তায় পড়ে গেল। আমি বইগুলো কুড়িয়ে তুলে দিতে গেলাম। তুলতে গিয়ে একটা বইয়ের মলাটের দিকে চোখ পড়ে গেল। বইটার নাম দেখলাম ‘দি অরিজিন অফ ট্রি ওয়রশিপ’। বইয়ের নাম দেখে আমার মনে হল যে লোকটি হয় সাঙঘাতিক রকমের পড়ুয়া, নয়তো বইয়ের ব্যবসা করে। তা না হলে এই ধরনের অদ্ভুত ব্যাপারের ওপর লেখা বই কেউ পড়ে নাকি? আমি না দেখে ধাক্কা দেওয়ার জন্যে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। ভদ্রলোকটি আমার দিকে একনজর তাকিয়ে মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করে তাড়াতা