
কালো প্রাসাদের মালিক
আর্থার কোনান ডয়েল
দুশো বছরেরও আগের কথা। জার্মান সেনাদল ফ্রান্সে ( ঢুকে পড়েছে এবং প্যারি শহরকে তারা ঘিরে ফেলেছে উত্তরে ও দক্ষিণে। ফরাসি সৈনারা তাড়া খেয়ে ফ্রান্সের উত্তরদিকে চলে যাচ্ছে। জার্মানরা ধীরে-ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে।
পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মুহ্যমান। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ–সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবশ্যম্ভাবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও, চোরাগোপ্তা একক যুদ্ধে ফরাসিরা নিপুন। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরেও আর এক ধরনের যুদ্ধ চলতে লাগল ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আর এক ফরাসি তার প্রতিশোধ নিতে লাগল।
জার্মানির এক সেনাধিকারী কর্নেল ফন গ্রাম এইরকম চোরাগোপ্তা আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তার পদাতিক সেনাদল তখন নর্মান্ডির একটা ছোট শহরে। আশপাশে ছোট-ছোট গ্রাম আর খামারবাড়ি। ফরাসি সেনাদের কোনও চিহ্ন নেই কোথাও। কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খারাপ খবর আসত-হয় কোনও জার্মান সান্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিংবা জার্মান সেনাদের কোনও ছোট দল নিখোঁজ।
এইরকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয়ে কাঁপত। কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি।
এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ছিল। কিন্তু বেশ বোঝা যাচ্ছিল, অপরাধের উৎস একটাই। কেন না জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট পদ্ধতিতেই।
গ্রামবাসীদের ভয় দেখিয়েও অপরাধের কোনও সূত্র পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই কর্নেল ফন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন।
প্রথমে পাঁচশো ফ্রাংক, তারপরে আটশো ফ্রাংক পুরস্কার ঘোষণা করেও কোনও লাভ হল না। গ্রামবাসীরা কেউই। প্রলোভনের ফাঁদে পা দিল না।
শেষে একজন পদস্থ জার্মান সেনাধিকারীর হত্যার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হল এক হাজার ফ্রাংক।
এবার আশার আলো দেখা গেল। ফ্রঁসোয়া নামের এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না।
নীল পোশাক পরা, ক্ষয়াটে মুখের সোয়ার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিগ্যেস করলেন, তুমি ঠিক জানো অপরাধী কে?
–হ্যাঁ, হুজুর।
–অপরাধীর নাম?
–হুজুর, ওই এক হাজার ফ্রাংক–
–যতক্ষণ না তোমার কথার সত্যতা প্রমাণিত হচ্ছে, এক পয়সাও পাবে না। এবার বলো! আমাদের লোকদের কে হত্যা করছে?
–ওই কালো প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস!
–মিথ্যে কথা! অভিজাত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনই এই জঘন্য অপরাধ করতে পারেন না।
কাঁধ ঝাঁকিয়ে ফ্রাঁসোয়া বলল,বুঝতে পারছি আপনি কাউন্টকে চেনেন না। আমি যা বলছি তা সত্যি। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখতে পারেন। কাউন্ট ইউস্তাস এমনিতেই কড়া ধাতের মানুষ। কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর পর থেকে উনি ভয়ংকর হয়ে উঠেছেন। তার ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তার মৃত্যু হয়। তারপর থেকেই কাউন্ট উন্মাদের মতো হয়ে যান। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। জানি না কতজন জার্মানকে আজ পর্যন্ত মেরেছেন। মৃতদের কপালে ছুরি দিয়ে কেটে তৈরি করা যে ক্ৰশটা দেখা যায়, সেটা কাউন্টের বংশের চিহ্ন।
কথাটা সত্যি। প্রত্যেক মৃত জার্মানের কপালে ক্রুশ চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের ওপর রাখা ম্যাপটার ওপর আঙুল বুলিয়ে বললেন,–প্রাসাদটাতো কাছেই।
–হ্যাঁ, হুজুর। এখান থেকে মাত্র সাড়ে তিন মাইল।
–তুমি জায়গাটা চেনো?
–আজ্ঞে হ্যাঁ। আমি তো ওখানেই কাজ করতাম।
কর্নেল বেল বাজিয়ে একজন সার্জেন্টকে ডেকে বললেন,–এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত একে আটকে রাখো।
–কেন হুজুর, আমাকে আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না।
–তোমাকে আমরা গাইড হিসেবে চাই।
কিন্তু কাউন্ট ইউস্তাস যদি আমাকে দেখতে পান, যদি তার হাতে পড়ি–দোহাই হুজুর–
সোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল। সেইসঙ্গে বললেন, ক্যাপ্টেন বাউমগার্টেনকে এক্ষুনি আমার কাছে পাঠাও।
ক্যাপ্টেন বাউমগার্টেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়েসি। চোয়াল চওড়া, চোখ দুটো নীল, হলদেটে গোঁফ আর পোড়া ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই। মাথার চামড়াটা টানটান আর এত উজ্জ্বল যে তা আয়নার মতো লাগে। একটু ধীরপ্রকৃতির লোক হলেও ক্যাপ্টেন খুব সাহসী আর নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের ওপর।
–ক্যাপ্টেন, তুমি আজ রাতেই ওই কালো প্রাসাদে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি। তুমি কাউন্ট ইউস্তাসকে গ্রেফতার করে নিয়ে আসবে। কোনওরকম প্রতিরোধের চেষ্টা করলে তৎক্ষণাৎ গুলি চালাবে।
–কজন লোক নিয়ে যাব, কর্নেল?
–দেখো। চারদিকে তো গুপ্তচর! কাউন্ট কিছু বোঝা বা জানার আগেই তার ওপর হামলা করা দরকার। বেশি লোক না নিলেই ভালো।
–ঠিক আছে, জনা কুড়ি লোক নিলেই হবে। আর উত্তরদিকে যাওয়ার ভান করে ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়বে। তাতে কেউ কিছু বোঝার আগেই কালো প্রাসাদে পৌঁছনো যাবে।
–বেশ। কাল সকালেই তোমার সঙ্গে দেখা হবে বন্দিসহ।
ডিসেম্বরের ওই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন কুড়ি জন সৈনিক নিয়ে উত্তর-পশ্চিম দিকে বড় রাস্তা ধরে রওনা হলেন। দু-মাইল গিয়েই দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। পপলার গাছ আর দু-পাশের খেতের মধ্যে থেকে ভেসে আসছিল বৃষ্টি আর হাওয়ার শব্দ।
ক্যাপ্টেনের পাশেই ঘটছিল সার্জেন্ট মোসার। সার্জেন্টের কবজির সঙ্গে সোয়ার একটা হাত বাঁধা। ফ্রাসোয়ার কানে কানে বলে দেওয়া হয়েছে, এই দলের ওপর কোনও অতর্কিত আক্রমণ হলে প্রথম গুলিটা তার মাথায় ঢুকবে। পেছনে-পেছনে হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতোর শপশপ আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য, উদ্দেশ্য এসবই তাদের জানা এবং সাথীদের মৃত্যুর বদলা নেওয়ার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত।
রাত সাড়ে এগারোটা নাগাদ সোয়া সবাইকে নিয়ে এসে থামল দুটো বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো পাঁচিল মাঝে-মাঝেই ভেঙে গেছে। চারপাশে আগাছা আর কাটাঝোঁপ। ভাঙা পাঁচিলের মধ্য দিয়ে কম্পাউন্ডে ঢুকে পুরো দলটা ওক গাছের ছায়ার নীচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে।
কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ। বর্ষাকালের ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে প্রাসাদের ওপর একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেওয়া একটা নীচু দরজা। আর দেওয়াল জুড়ে জাহাজের জানলার মতো ছোট-ছোট জানলা। ছাদের কিছু কিছু অংশ কোণার দিকে ভেঙে পড়েছে।
একতলার একটা জানলায় আলো দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন নীচু গলায় আদেশ দিয়ে দলের লোকদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্টে পা টিপেটিপে জানলার কাছে গিয়ে উঁকি মারলেন ভেতরে।
ঘরটা ছোট, আসবাব সামান্যই। সাধারণ কাজের লোকের পোশাক পরা একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলোয় একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বাক্সের ওপর তোলা। পাশেই টুলের ওপর একটা মদের বোতল ও গেলাস। জানলার মধ্যে দিয়ে বন্দুক ঢোকাতেই লোকটা ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল।
–একদম চুপ! পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি। পালানোর কোনও রাস্তা নেই। এসে দরজাটা খুলে দাও, নাহলে আমরা জোর করে ভেতরে ঢুকব।
–গুলি চালাবেন না! এক্ষুনি দরজা খুলে দিচ্ছি।
একটু পরেই পুরোনো তালা খোলার ও দরজার হুড়কো সরানোর আওয়াজের সঙ্গে-সঙ্গে দরজাটা খুলে গেল আর কয়েকজন জার্মান সৈন্যকে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন।
–এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস কোথায়?
–মালিক তো এখন নেই। বাইরে গেছেন।
–এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি?
–সত্যি বলছি উনি বাড়িতে নেই।
–কোথায় গেছেন?
–জানি না।
–কী করতে গেছেন?
–জানি না…স্যার, পিস্তলটা আমার দিকে ওভাবে তাক করবেন না। আপনারা আমায় মেরে ফেলতে পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তা কী করে দেব?
–প্রায়ই কি উনি এরকম সময়ে বাইরে যান?
–হ্যাঁ।
–কখন ফেরেন?
–রাত ফুরোবার ঠিক আগে।
ক্যাপ্টেন বাউমগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলছে–লর্ড হয়তো সত্যিই বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পিছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা দরকার। ভয়ে কাঁপছিল লোকটি। তার হাতে ধরা মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাড়ি সার্চ করা হল। একতলার বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাওয়ার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও কোথাও কোনও জীবনের লক্ষণ পাওয়া গেল না। একদম ওপরে চিলেকোঠায় ছিল মেরি–কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনও চাকর-বাকর নেই এবং মালিকের কোনও চিহ্ন নেই।
বেশ কিছুক্ষণ পরে সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউমগার্টেন।
বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু-সরু সিঁড়ি, যাতে একজনই যেতে পারে। বাড়ির চতুর্দিকে গোলোকধাঁধার মতো অজস্র অলিন্দ। দেওয়ালগুলো এত চওড়া যে পাশাপাশি ঘরগুলোও কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ার প্লেস। জানলাগুলো দেওয়ালের মধ্যে প্রায় ছফুট ঢোকানো। বহু চেষ্টা করেও কিন্তু ক্যাপ্টেন কোথাও কোনও গুপ্ত লুকোনোর জায়গা খুঁজে পেলেন না।
অবশেষে তিনি সার্জেন্টকে বললেন,–আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে আমাদের একজন গার্ডকে রেখে দাও। লক্ষ রেখো, ও যেন কারোর সঙ্গে কোনওরকম যোগাযোগ না করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদের বলে দাও অতর্কিতে আক্রমণ করার জন্য তৈরি থাকতে। মনে হয়, ভোরের আগেই পাখি বাসায় ফিরবে।
-–ঠিক আছে। আমাদের বাকি লোকরা কী করবে?
–ওদের সবাইকে রান্নাঘরে গিয়ে খেয়ে নিতে বলল। আর তুমিও কিছু খেয়ে নাও। ঝড়বৃষ্টির রাত, বাইরে থাকার বদলে বাড়িতে বসে পাহারা দেওয়াই ঠিক হবে। আমি এই খাওয়ার ঘরেই বসছি। কোনওরকম বিপদের আঁচ পেলেই আমায় ডাকবে।
ক্যাপ্টেন পোড়-খাওয়া সৈনিক। শত্ৰু পরিবেষ্টিত অনেক পরিবেশেই আগে রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের দশটা মোমবাতিই জ্বালালেন। ফায়ারপ্লেস থেকে কাঠ জুলার গন্ধ আর নীল ধোঁয়া বেরিয়ে আসছে। জানলার কাছে গিয়ে দেখলেন, চাঁদ আবার মেঘের আড়ালে চলে গেছে। ঝেপে বৃষ্টি এসেছে। হাওয়ায় শোশোঁ শব্দ।
এরই মধ্যে খাবার ও পানীয় এসে গেল। সারাদিনের ধকলের পর ক্যাপ্টেন ক্লান্ত ও ক্ষুধার্ত। সুতরাং তলোয়ার, হেলমেট ও বেল্টসুষ্ঠু রিভলভার খুলে একটা চেয়ারের ওপর রেখে তিনি খাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গেলাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পিছনদিকে হেলিয়ে আরাম করে বসলেন।
মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশ আলোছায়ায় কেমন রহস্যময় লাগছিল। দুটো দেয়ালে কালো কাঠের প্যানেল আর দুটো দিকে পরদা ঝোলানো–তাতে শিকারের ছবি। ফায়ার প্লেসের ওপর বেশ কটা পারিবারিক শিল্ড রাখা–প্রতিটির ওপর ক্রশ
আগের প্রজন্মের চারজন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ারপ্লেসের উলটোদিকের দেওয়ালে।