Home
কলম্বাসে একেনবাবু

কলম্বাসে একেনবাবু

আর্থার কোনান ডয়েল

কলম্বাসে একেনবাবু

আর্থার কোনান ডয়েল
detective

Posted byকাব্য রচিত31-Oct-2025

Change color

তিন দিন হল নিউ ইয়র্ক থেকে কলম্বাসে বেড়াতে এসেছি, একেনবাবু এখনও দাড়ি কামিয়ে উঠতে পারেননি। ওঁর মুখে অবশ্য খোঁচা-খোঁচা দাড়ি সব সময়েই থাকে, কিন্তু তার কারণটা অন্য। ওঁর ভোঁতা ব্লেডের একটা কালেকশন আছে। প্রতিদিন তার থেকে একটা বেছে নিয়ে ক্ষৌরকর্ম সারেন। অনেক বুঝিয়েও ওঁকে নতুন ব্লেড কেনাতে পারিনি। বেশি চাপ দিলে বলেন, “কী হবে স্যার নতুন ব্লেডে, এই তো মুখের ছিরি!”

এরকম সেন্টিমেন্টাল কথা শুনে বাধ্য হয়ে একটা অসত্য ভাষণ করতে হয়। “বেশ তো চেহারা আপনার, নিজেকে এত অসুন্দর মনে করেন কেন?”

কিন্তু উনি-আমি দু-জনেই জানি, সৌন্দর্যের পরীক্ষায় পাশ করাতে হলে ওঁকে প্রচুর গ্রেস মার্ক দিতে হবে। বেঁটে, টিংটিঙে চোয়াড়ে টাইপের চেহারা, চুলগুলো উশকোখুশকো খাড়া খাড়া, জামাকাপড়গুলোর কোনোটার সঙ্গে কোনোটার সামঞ্জস্য নেই… একটাই শুধু মিল, সবগুলোই কোঁচকানো আর নোংরা। মোদ্দা কথা, অত্যন্ত আন-ইম্প্রেসিভ। তার ওপর অফুরন্ত বাজে বকেন আর লোকদের উলটোপালটা প্রশ্ন করে নানান সমস্যার সৃষ্টি করেন। এরকম একটি লোকের সঙ্গে কেন আমরা থাকি, সে নিয়ে আমি আর প্রমথ মাঝে মাঝেই নিজেদের মধ্যে গবেষণা করি। গবেষণাটা অবশ্য মজা করার জন্যেই, কারণ এই এক বছরেই একেনবাবুর সত্যিকারের মূল্যটা আমরা বেশ বুঝে গেছি। এরকম একজন ক্ষুরধার ডিটেকটিভ সারা নিউ ইয়র্ক শহরে আর একজনও আছেন কিনা সন্দেহ। তবে গোয়েন্দাগিরি করতে একেনবাবু নিউ ইয়র্কে আসেননি, এসেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজির ওপর রিসার্চ করতে। আমার সঙ্গে ওঁর প্রথম যখন যোগাযোগ হয়, তখন তো আমি জানতামও না উনি একজন গোয়েন্দা! পুরো ব্যাপারটা ‘ম্যানহাটানে মুনস্টোন’ উপাখ্যানে আমি বিশদ করে লিখেছি।

যাক সে-কথা। সংক্ষেপে, একেনবাবু, প্রমথ আর আমি নিউ ইয়র্ক শহরে ম্যানহাটানের বাসিন্দা। আমি এন-ওয়াই-ইউ, মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়াই, প্রমথ পোস্ট-ডক করছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে।

যদিও প্রথমে লিখেছি কলম্বাসে বেড়াতে এসেছি, উদ্দেশ্যটা কিন্তু নিছক বেড়ানো নয়। কাজের সূত্রে মাঝে মাঝে আমাকে কামাসে আসতে হয়। এবারের কাজ ছিল শুধু একটা লেকচার দেওয়া, যেদিন এসেছি সেদিনই চুকিয়ে ফেলেছি। কয়েকটা দিন এখন ঘুরে বেড়াব। এই জন্যেই প্রমথ আর একেনবাবুকে পাকড়াও করে আনা। একেনবাবুকে অবশ্য পাকড়াও করতে হয়নি, কারণ টিকিটটা পেয়েছেন ফ্রি-তে। আগে বহুবার কলম্বাসে এসেছি বলে এয়ারলাইন একটা কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিল। ফ্রি-তে কিছু পেলেই একেনবাবু উৎসাহিত হন। প্রমথর আসার তেমন ইচ্ছে ছিল না, নিতান্ত আমাদের চাপে পড়ে এসেছে।

সত্যি কথা বলতে কি, কলম্বাসে বিশেষ কিছু দেখার নেই। কথাটা শুনলে কলম্বাসবাসীরা চটে যাবে, কিন্তু নিউ ইয়র্ক হল আমেরিকার ফাইনান্সিয়াল ক্যাপিটাল আর কালচারাল সেন্টার। কলম্বাসে ওয়ালস্ট্রিট নেই, ব্রডওয়ে নেই, মেট্রোপলিটন মিউজিয়াম নেই, মেসিজ হেরল্ড স্কোয়ার বা টিফানিজ-এর মতো দোকান নেই। তবে এটা ঠিক শহরটা পরিষ্কার-পরিচ্ছন্ন। বাড়িঘরদোর অনেক সস্তা। এখানে কোনো ইউনিভার্সিটিতে পড়ালে এর মধ্যেই একটা বাড়ি কিনে ফেলতে পারতাম! প্রথম দিন শহর পরিক্রমা করে এটাই হল আমাদের কনক্লুশন।

আমাদের কথা ছিল পরের দিন সকালে ‘বব এভান্স’ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে যাব। প্রমথ ঘোষণা করল, একেনবাবু দাড়ি না কামালে ও যাবে না। প্রমথর এই গোঁয়ার্তুমির জন্যই দাড়ি না কামানোর রহস্যটা উদ্ধার হল। একেনবাবু কাঁচুমাচু মুখে জানালেন যে, ওঁর ব্লেডগুলো নিউ ইয়র্কে ফেলে এসেছেন। প্রমথ ধমকাল, “কী হাড়কেপ্পন লোক মশাই আপনি, একটা ব্লেড কিনতে পারেন না?”

“ক’দিন বাদেই তো ফিরে যাব স্যার।”

“তা বলে এ-ক’দিন দাড়ি কামাবেন না! নিন, আমার এই ব্লেডটা নিন।”

একেনবাবু লজ্জা-লজ্জা মুখে ব্লেডটা নিয়ে দাড়ি কামাতে কামাতে বললেন, “অ্যামেজিং ব্লেড স্যার, ট্রলি অ্যামেজিং-একবারে ক্ষুরধার! দাড়ি কামাচ্ছি না মাখন কাটছি বোঝার উপায় নেই!”

.

আমরা যে হোটেলে আছি সেখান থেকে বেরিয়ে রুট থার্টি থ্রি দিয়ে কয়েক মাইল গেলেই বব এভান্স রেস্টুরেন্ট। ওখানকার সসেজ খুব বিখ্যাত। আমরা স্প্যানিশ স্টাইলের অমলেট, সসেজ, হোম ফ্রাই (ছোটো ছোটো করে কাটা আলু ভাজা) আর কফি নিলাম। স্প্যানিশ স্টাইলের অমলেট আবার কী? সেটা নির্ভর করছে কার রেসিপি আপনি ব্যবহার করছেন তার ওপর। বব এভান্স বানায় বেল-পেপার, পেঁয়াজ, টমাটো, মাশরুম আর চিজ দিয়ে। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য হালেপেইনো পেপারের কয়েকটা টুকরো লাগিয়ে দেয়।

খেতে খেতে একেনবাবু মন্তব্য করলেন, “একটা জিনিস খেয়াল করেছেন স্যার, এখানে খাবার জায়গা অসংখ্য, যেদিকে তাকান সেদিকেই রেস্টুরেন্ট! এখানকার লোকেরা কি বাড়িতে রান্না করে না?”

কারণটা আমি জানতাম। কলম্বাস হচ্ছে আমেরিকার রেস্টুরেন্ট ক্যাপিটাল। বড়ো বড়ো রেস্টুরেন্ট কোম্পানিগুলো নতুন কোনো খাবার বাজারে চালু করার আগে এখানে ট্রায়াল দেয়। এখানে খাবারটা যদি চলে, তাহলেই অন্যান্য শহরে সেগুলো চালু করে। কোম্পানিগুলোর ধারণা কলম্বাসে যদি কিছু চলে, তাহলে আমেরিকার অন্যান্য জায়গাতেও সেটা চলবে। কথাটা নিশ্চয় কিছুটা সত্যি। আমেরিকার অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট চেইন-এর শুরু এই কলম্বাস থেকে। একেনবাবুকে এটা জানাতেই উনি বললেন, “বাঃ, বেশ সায়েন্টিফিক থিংকিং তো… ইন্ডিয়াতে কিন্তু এটা চলবে না।”

প্রমথ জিজ্ঞেস করল, “কেন?”

“কারণ ইন্ডিয়াতে জিভের কোনো কমন স্বাদ নেই স্যার। এই দেখুন, সাউথ ইন্ডিয়াতে চলবে ইডলি-ধোসা, নর্থে মোগলাই খানা, কিন্তু কলকাতায় শাক-চচ্চড়ি। এখানকার হ্যামবার্গার বা পিৎজার মতো কোনো ইউনিভার্সাল খাবারই নেই।”

আমি একবার ভাবলাম কথাটার প্রতিবাদ করব, কিন্তু করলাম না। একেনবাবুর যা বাজে-বকা স্বভাব। এই নিয়ে এক ঘণ্টা কান ঝালাপালা করে দেবেন! প্রমথও দেখলাম চুপ করে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। একেনবাবু কিন্তু রেস্টুরেন্ট প্রসঙ্গ ছাড়লেন না। খানিক বাদেই বললেন, “যাই বলুন স্যার, একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখলাম না।”

“কটা ভারতীয় এখানে থাকে যে গণ্ডায় গণ্ডায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবে?” প্রমথ আর চুপ করে থাকতে পারল না।

“তা বললে শুনব কেন, স্যার। এদিকে বলছেন এটা রেস্টুরেন্ট ক্যাপিটাল, অথচ ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই! কেন স্যার, ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো নিউ ইয়র্কে খুব চলে। আমি বলব, ওরা আমেরিকার কার কী ভালো লাগবে ঠিক জানে না!”

একেনবাবু সব কিছুই এমন তির্যকভাবে দেখেন, মাঝে মাঝে বিরক্তি লাগে। কিন্তু ওঁর সঙ্গে তর্কাতর্কি জুড়লাম না। প্রমথ আবার একটা কিছু বলতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ এক ভদ্রলোক আমাদের টেবিলের সামনে এসে দাঁড়াতে থেমে গেল।

প্রথমে চিনতে পারিনি, কিন্তু নামটা বলতেই মনে পড়ল। গত বছর যখন এসেছিলাম আলাপ হয়েছিল। ডক্টর অনাদি রায়, ওহায়ও স্টেট ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি পড়ান। সেবার ওঁকে দেখেছিলাম হাসিখুশি, উৎসাহে টগবগ করছেন। এবার মনে হল বেশ মিইয়ে গেছেন— একটু যেন দুশ্চিন্তাগ্রস্তও। “কেমন আছেন? জিজ্ঞেস করে প্রমথ আর একেনবাবুর সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিতেই উনি একটু অদ্ভুতভাবে একেনবাবুর দিকে তাকালেন। তাতে আমি কিছুমাত্র অবাক হলাম না, একেনবাবুকে দেখে সবারই এরকম রিয়্যাকশন হয়। ওঁর চেহারার সঙ্গে গোয়েন্দা- ইমেজটা একেবারেই মেলানো যায় না। প্রমথ আবার একেনবাবুকে নিয়ে আমার চেয়ে অনেক বেশি হাসিঠাট্টা করে। ডঃ রায়কে বলল, “আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? উনি কিন্তু সত্যিই একজন ডিটেকটিভ, তবে ছদ্মবেশে আছেন!”

ডঃ রায় থতমত খেয়ে বললেন, “না না, তা নয়। আসলে আমি একজন ডিটেকটিভ খুঁজছি।”

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “কেন, কী ব্যাপার?”

আমার প্রশ্নের উত্তরে ডঃ রায় যা বললেন তা এতই অবিশ্বাস্য, আমার মনে হল ভদ্রলোকের মাথায় একটু গণ্ডগোল হয়েছে। যাই হোক, ঘটনাটা হল… উনি এক মাস আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে কলকাতায় যান। দিন কুড়ি ওখানে ছিলেন। তারপর এখানে ফিরে এসে যখন কাজকর্ম শুরু করলেন, ওঁর মনে হতে লাগল ওঁর অনুপস্থিতিতে কেউ বাড়িতে এসে ঢুকছে।

প্রমথ জিজ্ঞেস করল, কী করে উনি সেটা বুঝলেন? উত্তরে ডঃ রায় বললেন, বাড়িতে ফিরে এসে উনি দেখতেন যে টুকিটাকি জিনিসগুলো কেমন যেন একটু অন্য জায়গায়! যেমন অ্যাশট্রেটা উনি সব সময়ে টেবিলের ঠিক মধ্যিখানে রাখেন, বাড়িতে ফিরে দেখেন সেটা টেবিলের এক কোনায় রয়েছে। দুটো ফুলদানি বুকশেলফের ওপরে দু-দিকে থাকত। সে-দুটোও যেন একটু সরানো। কৃষ্ণনগরের একটা মাটির পুতুল এনেছিলেন দেশ থেকে—সেটা তো ভেঙে টুকরো টুকরো! ক্লজেটে রাখা জামাকাপড়ও একটু যেন অবিন্যস্ত, মনে হয় কেউ ঘাঁটাঘাঁটি করেছে। প্রথম দিন ব্যাপারটাকে পাত্তা দেননি, ভেবেছিলেন বোধহয় জেটল্যাগ। দেশ থেকে ফিরে দু-এক দিন চোখে এত ঘুম-ঘুম থাকে সব কিছু ঠিকঠাক খেয়ালও থাকে না। কিন্তু ফিরে আসার দু-দিন পরে উনি যখন পুরোপুরি নর্মাল, বাড়ি ফিরে এসে দেখেন ওঁর সুটকেস খুলে কেউ ঘেঁটেছে! ড্রেসার-ড্রয়ারের ভেতরগুলোও বেশ ওলটপালট। আর যেটা খুবই ডিস্টার্বিং, সেটা হল ওঁর নতুন কোলাপুরি চটিটা কেউ ছুরি দিয়ে ফালাফালা করে গেছে!

“আপনি পুলিশে খবর দিয়েছিলেন স্যার?” একেনবাবু জিজ্ঞেস করলেন। “দিয়েছিলাম। কিন্তু পুলিশ যখন শুনল কিছুই চুরি যায়নি, তখন আর পাত্তা দিল না। ওদের ধারণা আমি দরজা-জানলা খোলা রেখে কলেজে গেছি। আর পাড়ার কোনো দুষ্টু ছেলে ঘরে ঢুকে এই দুষ্কর্মটি করেছে!

“আপনার কী ধারণা স্যার?“

“আমার কোনো ধারণাই নেই। তবে আমি শিওর জানলা-দরজা দুটোই আমি বন্ধ করে গেছি। প্রথম দিন যদিও-বা না করে থাকি পরের দিনগুলোতে নিশ্চয় করে গেছি।”

“ক’বার এরকম কেউ বাড়িতে ঢুকেছে বলে আপনার মনে হয় স্যার?”

“অন্তত বার চারেক আমি শিওর, জিনিসপত্র এদিক-ওদিক হতে দেখেছি।”

“আপনার বাড়ির চাবি কি আর কারো কাছে আছে?” এবার আমি প্রশ্নটা করলাম।

“আমার এক বন্ধু সত্য, মানে সত্য গুপ্ত— ওর কাছে একটা ডুপ্লিকেট আছে। প্রতি বছর যখন দেশে যাই বা বাইরে কোথাও যাই, ও মাঝে মাঝে এসে দেখে যায় বাড়িটা ঠিকঠাক আছে কিনা। ওর বাড়ির একটা চাবিও আমার কাছে থাকে।”

“আপনার বন্ধু আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করছেন না তো!” আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল।

“কেন করতে যাবে! তার ওপর আমার এই শোকের সময়!” ডঃ রায় আমার কথায় একটু বিরক্তই হলেন। “ইন ফ্যাক্ট, সত্যও এ ব্যাপারে বেশ উদ্‌বগ্ন!”

আমি দেখলাম প্রমথ অধৈর্য হয়ে উঠেছে। আমাদের আবার ব্রেকফাস্ট খেয়েই কিংস আইল্যান্ড যাবার প্ল্যান। কিংস আইল্যান্ড খুব বড়ো একটা অ্যামিউজমেন্ট পার্ক। জায়গাটা কাছেও নয়, কলম্বাস থেকে গাড়ি করে প্রায় দেড় ঘণ্টার পথ।

আমি ডঃ রায়কে বললাম, আমাদের এক জায়গায় যেতে হবে। বিকেলে ফিরে এসে ওঁর সঙ্গে যোগাযোগ করব। কিংস আইল্যান্ডের কথাটা আর বললাম না। পাছে ভাবেন ওঁকে সাহায্য না করে আমরা অ্যামিউজমেন্ট পার্কে মজা করতে যাচ্ছি!

কিংস আইল্যান্ড যাবার পথে প্রমথ মন্তব্য করল, “লোকটা উন্মাদ। নইলে এরকম অদ্ভুত ঘটনা কেউ কোনোদিন শুনেছে, চুরি না করে বাড়ির জিনিসপত্র ঘেঁটে চোর চলে যাচ্ছে!”

একটা বিদেশি গল্পে ঠিক এরকম একটা ঘটনার কথাই পড়েছিলাম, কিন্তু তার শেষটা ঠিক কী ছিল মনে করতে পারলাম না। তাই একটু মজা করেই বললাম, “হয়তো চুরি করার মতো পছন্দসই কিছু পায়নি।”

“তোর মুণ্ডু! চোরের আবার পছন্দ-অপছন্দ কী রে!” প্রমথ ধমক লাগাল। একেনবাবু দেখলাম চুপচাপ। আমি ঠাট্টা করে বললাম, “কী মশাই, রহস্যের মধ্যে একেবারে ডুবে গেছেন মনে হচ্ছে। আমাদের কথা কানেই তুলছেন না!”

একেনবাবু চমকে উঠে বললেন, “ছি ছি, কী যে বলেন স্যার, রহস্য আবার কোথায় পাব?”

প্রমথ ছাড়ল না। বলল, “আমাদের কথা একটু শুনলেই রহস্যের গন্ধ পেতেন।”

একেনবাবু কান চুলকোতে চুলকোতে

**********
No Review
Related Books
Loading books…