Home
নেপোলিয়ন বোনাপার্ট: ফ্রান্সের মহান সেনাপতি ও সম্রাটের জীবনী

নেপোলিয়ন বোনাপার্ট: ফ্রান্সের...

মাইকেল এইচ. হার্ট

নেপোলিয়ন বোনাপার্ট: ফ্রান্সের মহান সেনাপতি ও সম্রাটের জীবনী

মাইকেল এইচ. হার্ট
autobiography

Change color

ইতালির অন্তর্গত কর্সিয়া দ্বীপের আজাশিও নামে একটি ছোট শহরে বাস করতেন এক আইনজীবী, নাম চার্লস। তিনটি সন্তান তার। চতুর্থ সন্তানের জন্মের সময় চিন্তিত হয়ে পড়লেন। স্ত্রীর শরীরের অবস্থা ভাল নয়। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যথাসময়েই চার্লসের স্ত্রী চতুর্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। দাই এসে সংবাদ দিতেই ঘরে ঢুকবেন চার্লস। নতুন কেনা গদির উপর শুয়ে রয়েছেন তাঁর স্ত্রী আর নবজাত শিশুসন্তান। সমস্ত গদির উপর যুদ্ধের ছবি আঁকা।


সেই দিন চার্লস কল্পনাও করতে পারেননি যুদ্ধের ছবির উপর জন্ম নিল যে শিশু, যুদ্ধ হবে তার জীবনসঙ্গী। যুদ্ধের মধ্যে দিয়ে হবে তার প্রতিষ্ঠা। যুদ্ধের মধ্যে দিয়েই একদিন তিনি ক্ষমতার শীর্ষে আরোহণ করবেন। আবার যুদ্ধই তাঁর ধ্বংসের কারণ চার্লসের সেই নবজাত শিশু সন্তান (জন্ম ১৫ আগস্ট ১৭৬৯) ভবিষ্যতের বীর নায়ক নেপোলিয়ন বোনাপার্ট। যে সমস্ত মানুষ তাঁদের ব্যক্তিত্ব, কৃতিত্ব,কর্মপন্থা, অপরিসীম সাহস ও শক্তি দিয়ে ইতিহাসের গতি পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, নেপোলিয়ন তাঁদের অন্যতম।


চার্লস বোনাপার্ট ছিলেন সুদর্শন, প্রতিভাবান, আইনজীবী। বক্তা হিসাবেও তাঁর খ্যাতি ছিল। পুত্রদের প্রাথমিক শিক্ষার সব ভার তিনি নিজেই গ্রহণ করেছিলেন।


শিশু নেপোলিয়ন দাদাদের সাথে পড়াশুনার অবসরে দ্বীপের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। ভবিষ্যৎ জীবনে নেপোলিয়নের চরিত্রে কর্সিয়ার প্রাকৃতিক প্রভাব সুস্পষ্ট হয়ে উঠেছিল। সেখানকার পাহাড়-পর্বতের মতই অনমনীয় দৃঢ়তা, শান্ত অটল প্রকৃতি নেপোলিয়নের জীবনে মূর্ত হয়ে উঠেছিল।


নেপোলিয়নের মা ছিলেন উদার শান্ত প্রকৃতির মহিলা। বাবা-মার চারিত্রিক প্রভাবও নেপোলিয়নের জীবনকে অনেকাংশে প্রভাবিত করেছিল।


নেপোলিয়নের বাল্যশিক্ষা শুরু হয় তাঁর বাড়িতে পিতার কাছে। দশ বছর বয়সে একটি ফরাসী স্কুলে ভর্তি হলেন। প্রথমে কর্সিয়া ছিল জেনোয়ার অধিকারে। পরে এই দেশ ফরাসীরা দখল করে নেওয়ার ফলে কর্সিয়া ফরাসী অধিকারভুক্ত হয়। নেপোলিয়ন ফরাসী নাগরিক হিসাবে জন্মগ্রহণ করলেও ফরাসীদের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন না। কারণ তাঁর মনে হত ফরাসীরা তাঁদের স্বাধীনতা হরণ করেছে।


ছেলেবেলা থেকেই নেপোলিয়নের ইচ্ছা ছিল সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। স্কুলের পাঠ শেষ করে তিনি ভর্তি হলেন একটি সামরিক কলেজে। সামরিক শিক্ষায় নিজেকে গড়ে তুললেও ইতিহাস ও দর্শনের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। তিনি প্লেটো, ভলতেয়ার, রুশো প্রভৃতি দার্শনিকদের রচনা গভীর মনোযোগ সহকারে পড়তেন, আলোলাচনা করতেন। তবে তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত বিভিন্ন দেশের ইতিহাস, সেই সব দেশের সম্রাট রাজাদের বীরত্ব সাহস কীর্তি তাকে মুগ্ধ করত।


তার যৌবনে একটি মাত্র উদ্দেশ্য ছিল কর্সিয়ার স্বাধীনতা অর্জন। তিনি বিশ্বাস করতনে একমাত্র সামরিক শক্তিতেই এই স্বাধীনতা পাওয়া সম্ভব। মাত্র একুশ বছর বয়সে তিনি ফরাসী সামরিক বাহিনীতে ক্যাপ্টেন হিসাবে ভর্তি হলেন।


এই সময় ফ্রান্সের রাজা ষোড়শ লুই-এর বিরুদ্ধে দেশ জুড়ে শুরু হয়েছে বিপ্লব। রাজাকে পদচ্যুত করে দেশের ক্ষমতা দখল করল বিপ্লবী পরিষদ। তৈরি হল কনভেনশন। বা প্রজাতান্ত্রিক ফরাসী সরকার। সমস্ত দেশ জুড়ে আরম্ভ হল হানাহানি মারামারি আর সন্ত্রাসের রাজত্ব। নিহত হল রাজা ষোড়শ লুই। ফ্রান্সের এই রাজনৈতিক বিশৃঙ্খলার ফলে বিভিন্ন রাষ্ট্র ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এ সব দেশের সৈন্যদের একত্রিত করে তৈরি হল শক্তি সঙ্ঘ।


ফরাসী বিপ্লব শুরু হওয়ার পর যখন নতুন শক্তি দেশের ক্ষমতা দখল করল, তারা ফরাসী অধিকারভুক্ত বিভিন্ন দেশকে স্বতন্ত্র প্রদেশ হিসাবে ঘোষণা করে অভ্যন্তরীণ শাসনের পূর্ণ স্বাধীনতা দান করল। এই ঘোষণার ফলে নেপোলিয়নের মনে ফ্রান্সের প্রতি। যে ঘৃণা ছিল তা সম্পূর্ণ দূর হয়ে গেল।


১৭৯৩ সালে ইউরোপের শক্তি সঙ্রে তরফে ইংরেজ নৌবাহিনী ফরাসী সামরিক বন্দর টুলো অবরোধ করল। সেখানকার স্থানীয় নাগরিকরাও রাজার সমর্থনে ইংরেজদের সাহায্য করতে এগিয়ে এল।


নেপোলিয়ন বোনাপার্ট তখন ফরাসী বাহিনীর এক ক্যাপ্টেন, ইংরেজ বাহিনীর অবরোধ মুক্ত করবার ভার পড়ল তাঁর উপর। সসৈন্যে এগিয়ে গেলেন নেপোলিয়ন। দুপক্ষে শুরু হল তুমুল যুদ্ধ। ইংরেজ বাহিনীর সৈন্যসংখ্যা ফরাসীদের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও নেপোলিয়নের সুদক্ষ রণনীতির সামনে তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়ে ফ্রান্স পরিত্যাগ করতে বাধ্য হল। এই জয়ে নেপোলিয়নের খ্যাতি সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল।


যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তাঁকে ফরাসী সামরিক বাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল হিসাবে ঘোষণা করা হল। এর অল্প কিছুদিন পর মিথ্যা সন্দেহবশত নেপোলিয়নকে বন্দী করে কারারুদ্ধ করা হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি বিপ্লব বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অনুসন্ধানে এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে মুক্তি দেওয়া হল।


এ সময় ফ্রান্সের বিরুদ্ধে যে শক্তি সঙ্ গড়ে উঠেছিল, একে একে অনেক দেশ সেই সঙ্ থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করে নতুন ফরাসী সরকারকে অস্বীকৃতি করে যুদ্ধ ঘোষণা করল।


একদিকে বিদেশী শত্রুর আক্রমণের আশঙ্কা, অন্যদিকে দেশের মধ্যে নানান বিশৃঙ্খলা গণ্ডগোল। এই অবস্থায় জনগণও বিপ্লবকে রক্ষা করবার জন্য ১৭৯৫ সালে কনভেনশন ডাইরেক্টরী নামে নতুন শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হল, এই কনভেনশন দেশের শাসনভার পরিচালনার দায়িত্ব গ্রহণ করল।


এই নতুন কলভেনশনের বিরুদ্ধে বিপ্লবের সময় প্রতিষ্ঠিত জাতীয় রক্ষীবাহিনী ও প্যারিসের কিছু সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল। কনভেনশনের সদস্যরা প্যারিসের প্রাসাদে এক অধিবেশনে যোগ দিয়েছিলেন। জাতীয় রক্ষীবাহিনীও এক বিরাট জনতা সেই প্রাসাদ আক্রমণ করল। এই গুরুতর বিপদের মুহূর্তে কনভেনশনকে রক্ষা করার জন্যে এগিয়ে এলেন নেপোলিয়ন। তাঁর অধীনে তখন ছিল মাত্র পাঁচ হাজার সৈন্য, অপরদিকে বিরোধী দলে ত্রিশ হাজার রক্ষী। নেপোলিয়ন সৈন্যবাহিনীকে দুটি দলে ভাগ করে ঝটিকা বেগে আক্রমণ করলেন রক্ষীবাহিনীকে। কয়েক ঘণ্টার মধ্যেই বিপর্যত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হল রক্ষীবাহিনী। উচ্ছখল জনতা প্রাণ ভয়ে পালিয়ে গেল। রক্ষা পেল কনভেনশন। এই সাহসিকতার জন্য নেপোলিয়নকে জেনারেল পদে নিয়োগ করা হল।


খ্যাতি সম্মানের শীর্ষে উঠে নেপোলিয়ন বিয়ে করলেন সুন্দরী তরুণী জোসেফাইনকে। ইতিপূর্বে জোফেফাইন বিবাহ করেছিলেন। তার স্বামী বিপ্লবের সময় নিহত হন। বিবাহের অব্যবহিত পরেই শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই-এ যেতে হল নেপোলিয়নকে। যুদ্ধে যখন তাঁর সৈন্যবাহিনী বীরদর্পে এগিয়ে চলেছে তখন তিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে যুদ্ধক্ষেত্র থেকে চিঠি লিখছেন–


“তোমার কাছ থেকে দূরে এখানে আমার কোন আনন্দ নেই। তুমি আমার প্রাণের আত্মাকে কেড়ে নিয়েছ, এখন তুমিই শুধু আমার ধ্যান-জ্ঞান।”


পরবর্তীকে যখন নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন, তিনি বলেছিলেন, জীবনে যদি কোন নারীকে সামান্যও ভালবেসে থাকি তবে সে জোসেফাইন।


কিন্তু রণক্ষেত্রে যুদ্ধের দামামা শুনতে শুনতে কয়েকদিনেই নেপোলিয়ন ভুলে গেলেন তার প্রেম ভালবাসা প্রিয়তমা নারী। যুদ্ধের উন্মত্ততায় মেতে উঠলেন তিনি।


ফ্রান্সের বিরুদ্ধে যে শক্তি সঙ্ গড়ে উঠেছিল সেই শক্তি সঙ্ ভেঙে যাওয়ার পর তিনটি মাত্র দেশ ইংলন্ড, অস্ট্রিয়া এবং সার্ডিনিয়া ফ্রান্সের প্রবল প্রতিপক্ষ হয়ে দেখা দিল।


ইংলন্ডের নৌবাহিনী ফ্রান্সের জলপথ অবরোধ করল। উত্তরপূর্ব সীমান্তে তখন ইংলন্ড আর অস্ট্রিয়ার মিলিত বাহিনী। পূর্ব সীমান্ত অস্ট্রিয়ার বাহিনী, দক্ষিণপূর্ব সীমান্তে অস্ট্রিয়া আর সার্ডিনিয়ার যুগ্ম বাহিনী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হচ্ছে।


দেশের এই বিপন্ন পরিস্থিতিতে সৈন্যবাহিনীর ভার নেওয়ার মত একটি মাত্র মানুষ ছিলেন, তিনি নেপোলিয়ন বোনাপার্ট।


কনভেনশন নেপোলিয়নের উপর যুদ্ধ পরিচালনার সম্পূর্ণ ভার অর্পণ করল। নেপোলিয়ন তখন মাত্র ২৭ বছরের এক যুবক। কিন্তু গভীর দূরদর্শিতা ও সামরিক বোধের দ্বারা উপলব্ধি করতে পারলেন তাঁর সর্বপ্রধান কাজ হবে সার্ডিনিয়া ও অস্ট্রিয়ার সৈন্যদের গতি রোধ করা। সীমান্ত অতিক্রম করার আগেই যদি না তাদের প্রতিহত করা যায় তবে দেশের সার্বভৌমত্ব বিপন্ন।


কিন্তু সমস্যা দেখা গেল। দুই দেশের যুগ্ম বাহিনীর বিশাল সৈন্যের মুখোমুখি হওয়ার মত সামরিক সামর্থ্য নেপোলিয়নের ছিল না। তাই স্থির করলেন দুই দেশের সাথে আলাদা আলাদাভাবে যুদ্ধ করবেন। প্রথমেই তিনি সৈন্যবাহিনী নিয়ে ঝড়ের গতিতে সার্ডিনিয়া আক্রমণ করলেন। সার্ডিনিয়া বাহিনী এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, তাছাড়া বিপন্ন ফ্রান্স যে এইভাবে তাদের উপর আঘাত হানবে এও তাদের ধারণার মধ্যে ছিল না।


নেপোলিয়নের সৈন্যবাহিনী কয়েকদিনের মধ্যেই স্যাভয় ও নিস শহর দখল করে নিল। সার্ডিনিয়ার সৈন্যবাহিনী তখন বহুদূরে। বিপন্ন সার্ডিনিয়া আত্মরক্ষার জন্য ফ্রান্সের সঙ্গে সন্ধিপত্রে স্বাক্ষর করল, এতে তারা তিনটি দুর্গ নেপোলিয়নকে ছেড়ে দিল, এবং ফ্রান্সের বিরুদ্ধে শক্রতার নীতি পরিত্যাগ করল।


এইবার নেপোলিয়ন তাঁর সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে চললেন ম্যান্টুয়ার দুর্গ অভিমুখে। ম্যাটুয়া অস্ট্রিয়ার এক সর্বপ্রধান দুর্গ। এই দুর্গ দখল করবার জন্যে এগিয়ে চললেন নেপোলিয়ন। এই দুর্গ রক্ষার জন্য অস্ট্রিয়া তার বিশাল সেনাবাহিনীকে নিয়োজিত করল। কিন্তু নেপোলিয়ন সুকৌশলে অস্ট্রিয়ার সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করে প্রথমে আরকোলা তারপর রিভেলি, সবচেয়ে লাফভভারিটার যুদ্ধে অস্ট্রিয়ার বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করে ম্যাটুয়া দখল করে নিলেন।


দুই প্রধান শত্রুকে পরাজিত করে নেপোলিয়ন সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে চললেন ইতালির দিকে। তখন সমগ্র ইউরোপ পোপের প্রভাব-প্রতিপত্তির কথা নেপোলিয়নের অজানা ছিল না। পোপ ছিলেন রাজতন্ত্রের সমর্থক। ফ্রান্সের নবগঠিত শক্তিকে তিনি স্বাগত জানাতে পারেননি। নানাভাবে তার শত্রুতা করছিলেন।


নেপোলিয়ন পোপের অধিকারভুক্ত রাজ্যগুলো মাত্র দু সপ্তাহের মধ্যে দখল করে নিলেন। বিপন্ন পোপ নিরুপায় হয়ে নেপোলিয়নের সঙ্গে সন্ধি করলেন। এই সন্ধির শর্ত অনুসারে বহু অর্থ ও বহু নগর ছেড়ে দিতে বাধ্য হলেন।


নেপোলিয়ন ইতালি পরিত্যাগ করবার সময় রোম থেকে বহু প্রাচীন পুঁথিপত্র, শিল্পকলা, স্থাপত্য মূর্তি ফ্রান্সে নিয়ে গেলেন।


এই যুদ্ধ সাময়িকভাবে ফ্রান্সে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পেলেও মাত্র কয়েক মাসের মধ্যেই অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হল। তাদের উদ্দেশ্য ছিল ম্যান্টুয়া পুনরায় উদ্ধার করা।


কিন্তু নেপোলিয়ন অস্ট্রিয়াকে সেই সুযোগ দিলেন না। নিজেই সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন অস্ট্রিয়ার উপর। বিপন্ন অস্ট্রিয়া নিরুপায় হয়ে নেপোলিয়নের সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হল (অক্টোম্বর ১৭, ১৭৯৭)। এই চুক্তির ফলে বিভিন্ন দ্বীপে অবস্থিত অস্ট্রিয়ার নৌবহর দখল করল ফ্রান্স। এছাড়াও বহু দেশ ছেড়ে দিতে বাধ্য হল।


দুই প্রধান শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করে যখন প্যারিসে ফিরে এলেন নেপোলিয়ন তখন সমস্ত দেশ তাকে অভিনন্দন জানাল। তাঁকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হল। প্রকৃতপক্ষে বিপ্লব উত্তরকালে নেপোলিয়নই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সমগ্র দেশের মানুষের ভালবাসা শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।


নেপোলিয়নের এই বিজয়ের মূলে ছিল তাঁর সাহস, রণনীতি, প্রখর বাস্তব বোধ। এছাড়াও তাঁর আর একটি প্রধান গুণ ছিল, তিনি সমগ্র সৈন্যবাহিনীকে দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।


দুটি দেশের পরাজয়ের পর ফ্রান্সের একমাত্র শত্রু ছিল ইংলন্ড। নেপোলিয়ন চেয়েছিলেন প্রথমে মিশরের মধ্যে দিয়ে প্রবেশ করে

**********
No Review
Related Books
Loading books…