
রম্যাঁ রলাঁ
অন্নদাশঙ্কর রায়
রম্যাঁ রলাঁ দেশকে অতিক্রম করতে পেরেছিলেন, এইখানে তাঁর জিত। কালকে অতিক্রম করতে পারেননি, এইখানে তাঁর হার।
এ হার তাঁর একার নয়, এক জন কী দুজন বাদে আর সকলের। অথচ এ জিত তাঁর মতো এক জন কী দুজনের। আমরা আজ বিজেতাকে অভিনন্দন জানাব, কিন্তু বিজিতকেও সমবেদনা জানাতে ভুলব না! আত্মার সঙ্গে আত্মার সম্বন্ধ এমন নিগূঢ় যে হয়তো আমাদের আনন্দ-বেদনা মৃত্যুর পরপারে তাঁর কাছে পৌঁছোবে।
আঠারো-উনিশ বছর বয়সে তাঁর জন ক্রিস্টোফার আমার হৃদয় হরণ করেছিল। ‘পিপলস থিয়েটার’ আমাকে অনুপ্রাণিত করেছিল। ইচ্ছা করত জন ক্রিস্টোফারের মতো বাঁচতে, জনসাধারণের জন্যে সৃষ্টি করতে। জানতুম যে, জনসাধারণ আমাকে বুঝবে না, ক্রিস্টোফারকেও বুঝল না, সেইজন্যে আগে থাকতে শোক করতুম। শোক করতুম আর সুখী হতুম এই ভেবে যে, আমি সেই স্বল্পসংখ্যক দুঃখীজনের একজন যাদের কেউ বুঝবে না, অথচ যারা সকলের জন্যে সর্বস্ব দিয়ে গেছে। যখন বুঝবে তখন আর খুঁজে পাবে না, তার আগে আমরা জ্বলেপুড়ে নিঃশেষ।
এই যে ‘elite’ বা স্বল্পসংখ্যকের মোহ, এ মোহ আমার অনেক দিন পর্যন্ত ছিল, এখনও পুরোপুরি যায়নি। কিন্তু রলাঁ তাঁর এ মোহ শেষবয়সে কাটিয়ে উঠেছিলেন। যদি কেউ কোনোদিন তাঁর জীবনচরিত হৃদয় দিয়ে লেখেন তাহলে দেখবেন, এইটুকুর জন্যে তাঁকে কী অমানুষিক দুঃখ পেতে হয়েছিল। নিজেকে বহুসংখ্যকের একজন ভাবা শুনতে যত সহজ আসলে তত নয়। যাঁদের এক ছটাক প্রতিভা আছে তাঁরাও এক-একটি কেষ্টবিষ্টু। রলাঁর মতো দুর্লভ প্রতিভার অধিকারীর পক্ষে নোবেল প্রাইজের সিংহাসন থেকে নেমে চাষি-মজুরের সঙ্গে কাঁধ-মেলানো ইতিহাসে অপূর্ব। সতেরো বছরের অবিরাম অন্তর্দ্বন্দ্বের পরে তিনি তাঁর জীবনের মূল সমস্যার মীমাংসায় পৌঁছেছিলেন।
তাঁর জীবনের মূল সমস্যা বলেছি। বলা উচিত ছিল, তাঁর সাহিত্যিক বা শিল্পীজীবনের। এ ছাড়া তাঁর আরও একটা জীবন ছিল, নৈতিক বা আধ্যাত্মিক জীবন। তিনি ছিলেন মূর্তিমান বিবেক। টলস্টয়ের পরে ইউরোপের বিবেক ছিলেন তিনি এবং বার্নার্ড শ। বিবেকের সঙ্গে আপোশ দুজনের মধ্যে একজনও করেননি। কিন্তু শ-এর বিবেকের চেয়ে রলাঁর বিবেক নির্ভরযোগ্য। গত মহাযুদ্ধে এর অগ্নিপরীক্ষা হয়ে যায়।
তারপর থেকে ইউরোপের বিবেকীদের দৃষ্টি শ-এর প্রতি তেমন নয়, রলাঁর প্রতি যেমন। কিন্তু এবারকার এই মহত্তর যুদ্ধে দেখা গেল, রলাঁর বিবেকও অনির্ভরযোগ্য। বেঁচে থাকলে তিনি আর বিবেকীদের দৃষ্টিপথে পড়তেন না। সে-দৃষ্টি পড়ছে অলডাস হাক্সলি প্রমুখের ওপর। যদিও এঁরা কেউ রলাঁর মতো, শ-এর মতো বিরাট পুরুষ নন। এইখানেই তাঁর ট্র্যাজেডি।
কিন্তু এর উপর তাঁর হাত ছিল না। এ ট্র্যাজেডি অনিবার্য। তাঁর জীবন আলোচনা করে আমি বুঝতে পেরেছি, তিনি কেন সেবারকার যুদ্ধে যোগ দেননি, কেন এবারকার যুদ্ধে ঝাঁপ দিয়েছেন। কারণটা রাজনৈতিক বললে কিছুই বলা হয় না, কারণটা তাঁর স্বভাবের মধ্যে নিহিত। ওটা তাঁর নিয়তির নির্দেশ। বিবেক হেরে গেছে নিয়তির হাতে। তাঁর দোষ নেই।
অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসিদের দেশে যে বিপ্লব ঘটে তার স্মৃতি ফরাসি মাত্রেরই মনোজীবনের অঙ্গ। এমন দিন নেই যেদিন তাদের মনে পড়ে না বিপ্লবী জনতার সুকৃতি বা দুষ্কৃতি, বিপ্লবী নেতাদের উদয় বা অস্ত। তারপরেও আরও কয়েক বার বিপ্লব ঘটে গেছে সেদেশে। ১৮৪৮ সালের বিপ্লবের আঠারো বছর পরে রলাঁর জন্ম। তাঁর যখন পাঁচ বছর বয়স তখন আরও একবার বিপ্লব বাঁধে, কিন্তু ইতিহাসে তাকে বিপ্লব বলে গণ্য করা হয় না; বলা হয়, কমুনার্দ বিদ্রোহ। রলাঁর মনোজগতে এইসব বিপ্লব বা বিদ্রোহের জের চলছিল জন্মকাল থেকে।
কিন্তু যাদের মাঝখানে তিনি মানুষ তারা মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী, তাদের স্বার্থ প্রথম বারের বিপ্লবেই সাধিত হয়েছে, দ্বিতীয় বারের অপেক্ষা রাখেনি। দ্বিতীয় বারের বিপ্লবে তাদের যেটুকু সহানুভূতি ছিল তৃতীয় বারের বেলা সেটুকুও রইল না। কমুনার্দ বিদ্রোহে তো তাদের সহানুভূতির বদলে অবজ্ঞার ভাব ছিল। মধ্যবিত্তরা বিপ্লবের নেতৃত্ব করা দূরে থাক, বিপ্লবকে হাড়ে হাড়ে ভয় করত। আবার বিপ্লব বাঁধবে, এতে তাদের অন্তরের সায় ছিল না। তবে তারা ভালো করেই বুঝত যে, জনসাধারণকে যদি তাতিয়ে কিংবা মাতিয়ে রাখা না যায় ওরা বিপ্লবের কথা ভাববে। সেইজন্যে জার্মানির সঙ্গে আবার কবে যুদ্ধ বাঁধবে, এবার ফ্রান্স জিতবে, এই ছিল তাদের নিত্যকার জল্পনা। আর ছিল আমোদপ্রমোদের ফলাও ব্যবস্থা। অন্তহীন মত্ততা এবং তপ্ততা।
রলাঁ মানুষ হন এই আবহাওয়ায়। তিনিও মধ্যবিত্ত তথা বুদ্ধিজীবী। স্বার্থের দিক থেকে বিচার করলে যুদ্ধবিগ্রহ ও ইন্দ্রিয়সুখ এই তো জীবনের লক্ষ্য। এর জন্যে যত পারো টাকা কামাও, যেমন করে পারো—ছলে-বলে-কৌশলে। তখনকার দিনের নৈতিক আদর্শ এর উপরে উঠত না। কিন্তু অতি অল্পবয়স থেকে রলাঁর তাতে বিরাগ আসে। দ্বিতীয়ত, তিনি যখন স্কুলের ছাত্র তখন থেকে টলস্টয়ের শিষ্য। যাকে বলে জীবনের সাফল্য তার চরমে উপনীত হয়েও টলস্টয়ের তৃপ্তি হল না, তিনি একে একে সব ত্যাগ করলেন—যা কিছু অর্থকরী, যা কিছু অনর্থকরী। কী করে মানুষকে ভালোবাসবেন, মানুষের সেবা করবেন—সব মানুষের, দীনহীন মানুষের—এই চিন্তায় টলস্টয় বিভোর। এমন সময় রলাঁর চিঠি—অজানা অচেনা তরুণের চিঠি তাঁর হাতে পৌঁছোয়। নগণ্য একটি তরুণকে ‘প্রিয় ভ্রাতা’ বলে সম্বোধন করে তিনি যে উত্তর দিয়েছিলেন সে-উত্তর দু-কথায় দায়সারা গোছের নয়। এই তরুণটি যেন তাঁর উত্তরাধিকারী, উত্তরাধিকারীকে সমস্ত জানাতে ও বোঝাতে হয়, তাই তিনি তাঁকে প্রকান্ড একখানি পত্র লিখেছিলেন। এইভাবে রলাঁর মন্ত্রদীক্ষা হল।
স্কুলের পড়া শেষ করে তিনি ইটালি যান, সেখানে দু-বছর কাটান। এক হিসাবে তাঁর শিক্ষানবিশি শেষ হয়েছিল স্বদেশেই। শিক্ষানবিশির পরে এক বছর দেশভ্রমণের রীতি ইউরোপের সনাতন প্রথা। রলাঁর ভ্রমণকাল কাটল ইটালির রোম প্রভৃতি অঞ্চলে। সেখানে তাঁর আলাপ হল এক বর্ষীয়সী জার্মান মহিলার সঙ্গে, নাম মালভিডা ফন মাইজেনবুগ। ইনি গ্যেটের সময়কার মানুষ। ভাগনার, নিটশে, মাতসিনি, গারিবল্ডি, ইবসেন প্রমুখের অন্তরঙ্গ বন্ধু। রলাঁকে দেখে ইনি চিনতে পেরেছিলেন তাঁর অন্তরবাসীকে। দুজনেই আদর্শবাদী, যে আদর্শ মরজগতে মহত্তম সেই আদর্শ দুজনের। মালভিডা তাঁকে আত্মপ্রত্যয় দিলেন, অস্তগামী তারা যেমন সূর্যকে দেয়। রলাঁ যখন রোম থেকে ফিরলেন তখন তিনি আদর্শনিষ্ঠ হতে কৃতসংকল্প। তখন আর তাঁকে মধ্যবিত্ত বলে ভুল করা যায় না। যাঁদের সে-ভুল ছিল তাঁদের ভুল ভাঙতে দেরি হল না। একজন তাঁকে বিয়ে করলেন ও বিয়ের অল্পকাল পরে আলাদা হলেন।
উপরে যাকে স্কুল বলা হয়েছে তা প্রকৃতপক্ষে কলেজ। রলাঁ হলেন সেখানকার অধ্যাপক। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের, প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। পরবর্তী বয়সে তিনি পদত্যাগ করেন। লেখা থেকে যা পেতেন তাতেই তাঁর চলত। সারাজীবন সামান্য খরচে চালিয়েছেন।
ইটালি থেকে ফেরার পরে তিনি যখন সাহিত্যে প্রবেশ করলেন তখন তাঁর প্রিয় বিষয় হল বিপ্লব ও প্রিয় বিভাগ হল নাটক। জনগণের নাট্যশালা বলে তাঁর একটি পরিকল্পনা ছিল। সাধারণ রঙ্গালয় তো আমোদপ্রমোদের দোকান। তারজন্যে নাটক লেখা মানে দোকানদারি। যাতে দু-পয়সা হবে না তেমন কোনো নাটকে কেউ অভিনয় করবে না। আর অভিনয় করলেও কেউ পয়সা দিয়ে দেখবে না। অথচ নাটকের মতো সার্বজনীন অভিজ্ঞতাকে আমোদপ্রমোদের আধার করে তাই দিয়ে বণিকবৃত্তি সম্পাদন যে ঘোর অসভ্যতা ও অনীতি। গ্রিকদের নাট্যশালা গির্জার মতো, মন্দিরের মতো ধনগন্ধহীন ছিল। ফরাসিদের নাট্যশালাও তাই হবে। তারজন্য তিনি লিখতে লাগলেন বিপ্লবের কাহিনি। বিপ্লবের ও ন্যায়নিষ্ঠতার। কিন্তু লিখলে কী হবে! বিপ্লবের প্রতি মধ্যবিত্তদের মনোভাব প্রসন্ন নয়, তাদের হাতেই কলকাঠি। তাতে জল মেশাতে রলাঁ রাজি নন। সবচেয়ে দুঃখের কথা, জনগণ উদাসীন। হাড়ভাঙা খাটুনির পরে তারা চায় একটু রঙ্গ, একটু বিস্মৃতি। রলাঁ তা দিতে অক্ষম।
এরপরে তিনি নাটক লেখায় ক্ষান্তি দিয়ে জীবনচরিত ও উপন্যাস রচনায় মন দিলেন। এসব জনগণের জন্যে নয়। এগুলিতে বিপ্লবের কথা ছিল না, তবে বিদ্রোহের কথা ছিল। তাঁর মনের তার বিপ্লবের না হোক বিদ্রোহের সুরে বাঁধা প্রথম থেকেই। কিন্তু যুদ্ধের ওপর তাঁর আন্তরিক বিরাগ। যুদ্ধ বলতে ফরাসির কাছে বোঝায় জার্মানের সঙ্গে যুদ্ধ। জার্মান মানে মালভিডা ফন মাইজেনবুগ, জার্মান মানে বেঠোফেন। সংগীতের প্রতি তাঁর আকর্ষণ আশৈশব। তিনি বোধ হয় মনে মনে চেয়েছিলেন সংগীতশিল্পী হতে, ঘটনাচক্রে হয়ে দাঁড়ালেন সংগীতসমালোচক ও সাহিত্যিক। সংগীত ভালোবাসতেন বলে সংগীতনায়কদেরও ভালোবাসতেন। তাঁদের মধ্যে বেঠোফেনকেই ভালোবাসতেন সকলের চেয়ে বেশি। বেঠোফেন ছিলেন তাঁরই মতো বিপ্লবী বা বিদ্রোহী। সেই বেঠোফেনের স্বজাতির বিরুদ্ধে অসিধারণ? রলাঁর জন ক্রিস্টোফারও জার্মান। জন ক্রিস্টোফার-এর স্বদেশের বিরুদ্ধে অস্ত্রধারণ? কখনো নয়। যুদ্ধ যদি আর কারও বিরুদ্ধে হত তাহলে হয়তো কথা ছিল। কিন্তু আর কারও বিরুদ্ধে হলেও তিনি যুদ্ধবিরোধী হতেন। কারণ তাঁর হৃদয়টা আন্তর্জাতিক। তিনি জাতিভেদে বিশ্বাস করতেন না। সেইজন্যে তাঁর পক্ষে কঠিন হত যেকোনো জাতির বিরুদ্ধে খড়্গধারণ।
অথচ তিনি যে ঠিক অহিংসাবাদী ছিলেন তা নয়। তা যদি হতেন বিপ্লবের কথা ভাবতেন না। বিপ্লব কি কোনোদিন বিনা রক্তপাতে হয়েছে? না। তিনি তা জানতেন। সেইজন্যে তাঁকে অহিংসক বলে ধরে নেওয়া যায় না। কিন্তু টলস্টয়ের প্রভাবে তিনি অহিংসার প্রয়োজন মানতেন। বিপ্লব বা বিদ্রোহ ছিল তাঁর উদ্দেশ্য। উদ্দেশ্য যদি অহিংসভাবে সিদ্ধ হয় তো অহিংসাই শ্রেয়, যদি না হয় তো হিংসার আশ্রয় নিতে হবে। উপায়কে উদ্দেশ্যের উপরে স্থান দিলে চলবে না। এটা যে কেবল তাঁর শেষবয়সের যুক্তি তা নয়, এ যুক্তি বরাবরই তাঁর মনের তলে প্রচ্ছন্ন ছিল। কিন্তু এক বার যদি এ যুক্তিকে প্রশ্রয় দেওয়া হয় তো যুদ্ধবিগ্রহেরও সমর্থন করা হয়। যুদ্ধবিগ্রহকে সমর্থন করলে জার্মানির বিরুদ্ধে ইটালির বিরুদ্ধে যুদ্ধ বাঁধে। বেঠোফোনের বিরুদ্ধে, মাইকেল এঞ্জেলোর বিরুদ্ধে যুদ্ধ? ক্রিস্টোফার-এর বিরুদ্ধে, গ্রাতসিয়ার বিরুদ্ধে যুদ্ধ? অসম্ভব।
গত মহাযুদ্ধের মধ্যভাগে রাশিয়ায় যখন বিপ্লব ঘটে তখন রলাঁ পড়লেন দোটানায়। বিপ্লবী তিনি, তাঁর তো আনন্দে উদবাহু হওয়া উচিত। লেনিন না কি তাঁকে সহযাত্রী হতে সেধেছিলেন সুইটজারল্যাণ্ড থেকে রুশ দেশে। তিনি গেলেন না। বিপ্লব হলেই প্রতিবিপ্লব হবে, উভয় পক্ষে হাতাহাতি বেঁধে যাবে, তার মানে গৃহযুদ্ধ। তাই হল রাশিয়ায়। যুদ্ধের বিরুদ্ধে যিনি সুইটজারল্যাণ্ড থেকে প্রচারকার্য চালাচ্ছিলেন তিনি কেমন করে গৃহযুদ্ধের পোষকতা করতেন? অসংগতির অপবাদ রটত। তবে একথাও ঠিক যে, তিনি রক্তপাতে কাতর ছিলেন। ইতিহাসের বৃহত্তম যুদ্ধজনিত যে ভয়াবহ রক্তপাত ও তজ্জনিত শোকতাপ ইউরোপের বক্ষ ব্যাকুল করেছিল, রলাঁর বুকে বাজছিল সেই ব্যাকুল ব্যথা। এর উপর আবার বিপ্লব! তিনি প্রস্তুত ছিলেন না তারজন্যে।
মহাযুদ্ধের পরেও বহুকাল যাবৎ প্রস্তুত ছিলেন না। বিপ্লব যে মন্দ, এ যুক্তি তাঁর নয়। তাঁর যুক্তি, বিপ্লবের পদ্ধতি মন্দ। উদ্দেশ্য মন্দ নয়, উপায় মন্দ। বারবুসকে লিখেছিলেন,
I wrote in Clerambault (and I am more than ever of that opinion) : It is not true that the end justifies the means. The means are ever more important for true progress than the end. ..For the end (so rarely reached and always incompletely) but modifies the external relation, between men. The means, however, shape the mind of men according either to the rhythm of justice or to the rhythm of violence.
কিন্তু উপায়ের উপর এতটা জোর দিলে প্রকারান্তরে বিপ্লবের মূলোচ্ছেদ করা হয়, কারণ ইতিহাসে এমন বিপ্লব কোথায় যাতে উপায়ের শুদ্ধিরক্ষা হয়েছে? এই স্বতোবিরোধ রলাঁকে নিষ্ফল করত যদি-না তিনি আকস্মিকভাবে আবিষ্কার করতেন গান্ধীকে। গান্ধীও বিদ্রোহী জননায়ক, অথচ তাঁর উপায় অশুদ্ধ নয়। রলাঁর মন যা চায় তিনি তাই, তিনিই সেই বিপ্লবী যাঁর যুক্তি বিপ্লবের মূলোচ্ছেদ করে না। গান্ধীকে রলাঁ