Home
যাত্রা

যাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুর

যাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুর
articles

Change color

ঘূর্ণি হাওয়ায় টানটান রোদটা টাল খায়, দূরে পানিতে গায়ে গায়ে ঠেকানো মিশকালো ঢিবির মতো উপুড় হাঁড়ির পর হাঁড়ি। শরবন, ঠাসবুনট আড়ালি ঘাসের জঙ্গল, ট্রলারের টানা গোঁ গোঁ। হাওয়া, রোদ আর পানির তোড়ে চোখ-কান অবশ। দূরে বেঁটে-বেঁটে ঝোপঝাড়ে আবছা ডাঙার ঝিলমিল, আরও দূরে খসে পড়া টুকরো আসমানের মতো হঠাৎ ঝলকে ওঠে সফেদ বালির মাচান। রোদের ঘষায় পানিতে বেশুমার রাংতার ঝিলিক, মাথার ওপর গাঙশালিকের চেরা চিক্কুর। চেনা জগতের স্মৃতি-গন্ধহীন অগাধ অন্য জগৎ।


নয়া বসতের টানে কে কোথায় হারায়! চোখে আসমানজ্বলা রোদ, মাথার ভিতর গুমরানো ভাপ আর দৃষ্টিতে দুনিয়া-সয়লাব পানি আর পানি…। দেখতে দেখতে ছাইকালো উপুড় হাঁড়িগুলো দুলে দুলে পালে পাল মোষের কাঁধ-পিঠ হয়ে যেতে বা দূরে শরবনের ফাঁক-ফোকরে চোখধাঁধানো সরিষার খেত, কাশফুলের ফকফকে ঢলাঢলি কিছুটা চেনা জগতের ইশারা দিতে খালি বুকে শ্বাস জমে, রোদ-টনটন চোখের কোণে এক তিল ছায়া নড়ে।


শেফালি বেগম এত পানি, এত রোদ, এত ডাঙর আসমান দেখেনি। আর হাওয়া—গা-খোলা নাঙ্গা হাওয়া বন্ধ-কানে কী কথা ঠুকে ঠুকে যায়! তার মনে পড়ে না সে কোথায় ছিল, এখন কোথায়? শুধু রোদ-বাতাস-পানি ঠেলে কোথাও যে যাচ্ছে এ তাড়াটুকু ছাড়া মন থেকে, মাথা থেকে, হাড়-পাঁজরার গাঁট-গাঁটরি থেকে তামাম অতীত খসে পড়তে দেখে ভাবে এই তবে এত দিনে! আগুনঝরা রোদ আর শনশন বাতাসের ফেনায় মিশে গিয়ে সে যেন এখন অন্য কিছু—রোদে চিমসানো সন্ধ্যা রাতের তারা, চিন-পরিচয়হীন ঘাসফড়িং, বরুণ ফুলের চিকন একরত্তি শুঁড়, গরুর হাঁটুতে গেড়ে বসা এঁটুলি, চামকাঁঠালের বিচি, রেখাবুর আঁচল খসা এক ফোঁটা টলমল মায়া।


নয়া বসত—হারিয়ে যাওয়ার নয়া ঠিকানা। নামটা মন্দ নয়। কলকারচর।


.রোদনচাঁপার মঞ্জরি

চম্পা


চনমনে আলো-হাওয়ায় তাজা-টাটকা সকাল, তাও পা দুটোয় সাড় নাই, দেবে যাচ্ছে। ঘুমের মধ্যে গর্তে পড়ে এক পা, কখনো দুই পা-ই হারিয়ে গেলে জোর ঝাঁকুনিতে পা ফেরত পেয়ে সে জেগে উঠে হাঁফ ছাড়ে। প্রায় রাতেই এমন হয়। তবে এ সময় ঘুমটুম দূরের, পায়ের তলায় খটখটে পাথুরে মাটি, তাও যাচ্ছে—দুই ফিতার স্যান্ডেলসহ পায়ের পাতা, আঙুল, গোড়ালি-টোড়ালি তলিয়ে যাচ্ছে। গর্তে পড়ে না, ভূমিকম্পে।


সকাল সাড়ে সাতটায় ফ্যাক্টরি গেট থেকে গজ পঞ্চাশেক দূরে লাইনে দাঁড়ানো মেয়েদের ঠেলাঠেলির ফাঁকে চম্পা যা দেখার দেখে ফেলেছে। দূর থেকে এক নজর দেখলেও ভুল নাই দেখায়। ঝট্ করে ঘুরে খানিকটা আড়ালে সরে দাঁড়াতেই টের পেল পা জোড়া থরথরিয়ে কাঁপছে, আর ভূমিকম্প যে ভাবছে তার প্রমাণ পায়ের তলায় দাপাদাপি, ঝুরঝুরিয়ে মাটি সরে যাচ্ছে।


কেউ জানে না, চম্পা একাই টের পাচ্ছে।


ডানে-বাঁয়ে না তাকিয়ে পা চালিয়ে লাইন ছেড়ে সরে পড়তে মনে হয়েছিল কেউ না আবার পেছন থেকে ডেকে ঝামেলা বাধায়। ডাকেনি। সবাই গেট বরাবর ছুটতে ব্যস্ত। মাসের আট তারিখ। বেতনের দিনটা আজ না হয়ে যদি গতকাল হতো! কিছু করার নাই। পুরো মাসের মাইনা, সঙ্গে বেশ কয়েক দিনের ওভারটাইম।


অন্যান্য দিনের চেয়ে আজ খানিকটা আগেই ঘর থেকে বেরিয়েছিল। কোনো কারণ ছিল না, ফজরের আজানে ঘুম ভেঙে গিয়েছিল। রোজই ভাঙে, আবার জোড়াও লাগে। আজ কী মনে করে উঠে পড়েছিল। বাইরে তাকিয়ে আকাশটাকে মনে হয়েছিল বেশি-বেশি টাটকা। আজান কি দেরিতে হয়েছে, না কি ভাদ্র মাসে বৃষ্টি-বাদলা না হলে ভোর-ভোরই আসমানে রোশনাই ফোটে, এসব ভাবতে ভাবতে মনে পড়েছিল তারিখটা—ইংরেজি আট তারিখ। ঘরের বেড়ায় এক পাতায় খোপ-খোপ পুরো বারো মাসের একটা ক্যালেন্ডার আছে, নতুন মাস আসামাত্র আগের মাসের খোপটায় কোনাকুনি টান দিয়ে সে আট তারিখে একটা গোল্লা আঁকে। চম্পার এই গোল্লা পাকানোয় জবা মজা পায়, বলে, মাইনষ্যে দাগ দেয় য্যেন ভুইলা না যায়, তুমি দাগ দেও ক্যান? চম্পা জবাব দেয়, দাগ কই? এইটা পুন্নিমার চান্দ, আসমানে ওই দিন ডাঙর চান্দ ওঠে।


খালি চৌকি পেয়ে জবা হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছে। গত সন্ধ্যায় মার খাওয়ার পর কথাবার্তা বলেনি। ভাত বেড়ে দিতে চুপচাপ খেয়ে শুধু নিজের প্লেটটাই ধুয়ে রেখে চৌকির কিনার ঘেঁষে কুঁকড়ে-মুকড়ে শুয়ে পড়েছিল, মার খাওয়ার শোধ তুলতেই যেন। চম্পার ইচ্ছা হয়নি ডেকে ওঠায়, বাকি বাসন-কোসন ধুয়ে শুতে এসে খেয়াল করেছিল জবা ঘুমায়নি। বারবার চুলের জটে আঙুল দিয়ে খোঁচাচ্ছিল আর হয়তো আশা করছিল চম্পা তাকে কিছু বলবে বা টেনে কাছে নেবে বা বলবে আর মারুম না যা—বরাবর যেমন বলে। চম্পা হয়তো কিছু একটা করত, কিন্তু সারাদিন টানা খাটনির পর ঘুমে মাথা কাবু হয়ে থাকলে কী করা!


ফ্যাক্টরি কম্পাউন্ড ছেড়ে হাঁটার বেগ বাড়াতে মনে হলো চেনাজানা কেউ যদি দেখেও থাকে, ভাববে তাড়াহুড়ায় আসার সময় ঘরে জরুরি কিছু ফেলে এসেছে। তেমন অবশ্য চম্পার কদাচিৎ হয়। ঘর ছাড়ার আগে তাকে ঠান্ডা মাথায় অনেক কিছু ভাবতে হয়, সাবধান হতে হয়। মেয়েটা বড় হচ্ছে, ঘরে একা রেখে যাওয়ার কারণেই সাবধানতা। রোজই ওকে কিছু না কিছু কাজ দিয়ে বেরোয় যাতে ব্যস্ত থাকে। কাপড় কাচা, হাঁড়িকুড়ি মাজা এসব তো থাকেই। বাড়তি কিছু না থাকলে চাল থেকে ধান বা চিটা বাছা, আটা চালা। মেয়ে চালাকি বোঝে, ঘরে আটকানোর ফন্দি। খুচরা এসব কাজে জবাকে সারাদিন ঘরবন্দি রাখা যাবে না জেনেও চম্পা রোজই বেরোনোর আগে কাজের কথাগুলো মনে করায়। এমন না যে জবা করে না, তারপরও বলে। আর আসল কথাটা যা না বললেও চলে, তাও। বাইরে যেন না যায়। যদি শোনে গিয়েছে, ঠ্যাং ভেঙে ফেলবে।


বস্তিটা বড় না, চার বছরের ওপর জবাকে নিয়ে চম্পা এখানে। লোকজন প্রায় সবাই জানাশোনা। তারপরও বস্তি তো বস্তিই। কাজিয়া-ফ্যাসাদ ছাড়া একদিনও যায় না। এ ছাড়া কে কার মেয়েকে ফুসলানোর ধান্ধা করছে বা নিয়ে ভেগেই গেছে বা খালি ঘর পেয়ে কার উঠতি কি নাবালিকাকে নিয়ে দরজা আটকেছে কোন লুচ্চা—এসব তো আছেই। ঠেকানোর ক্ষমতা নাই, চম্পা জানে। তবু তার যা করার করে। মেয়েকে সাবধান করে, বাইরে যেতে মানা করে। পুরনো বই-খাতা নিয়ে বসতেও বলে। বই-খাতায় জবার মন নাই। আর বই বলতে টিকে আছে ক্লাস থ্রি-র ছেঁড়াফাড়া বাংলা আর সমাজ বই দুটো। বাংলা বইয়ের পদ্যগুলো এক সময় সুর করে তালে তালে মুখস্থ বলতে পারত। এতদিনে ভুলে গেছে, তবে মাঝে মাঝে অনেকটা যেন বেখেয়ালে বাঁশ বাগানের মাথার ওপর পদ্যটার কয়েক লাইন আউড়ে থেমে যায়। চম্পা মনে করাতে চায়, জবা যখন আগে দুলে দুলে কোলের ওপর মাথা ঝুঁকিয়ে পড়ত তখন শুনে শুনে তারও মুখস্থ হয়ে গিয়েছিল। জবা ভুলে গেলেও সে ভোলেনি। আর তাই সে যখন তাকে ধরিয়ে দিতে পরের লাইনগুলো বলে, জবা চোখমুখ কটমট করে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে থাকে। যেন পড়া-ই যখন ছেড়ে দিয়েছে, মিছামিছি বাঁশ বাগানের চাঁদ দেখে কী ফায়দা! জবা স্কুল ছাড়তে চায়নি, এখানে আসার আগে বিএনপি বস্তিতে মহিলা সমিতির স্কুলে থ্রি পর্যন্ত পড়েছিল।


মেয়েকে যে ঘরে রেখে যায়, এতে অন্য ভয়ও আছে। প্রতিবছর দুই-চারটা বস্তিতে নিয়মমাফিক আগুন লাগে। কেউ না কেউ লাগায়। বস্তির ভিতরের মানুষ বাইরের মানুষ, যারাই হোক, লাগায়। চুলার আগুনে এত তেজ থাকার কথা না। তুফানের বেগে যে একেকটা বস্তি চোখের পলকে ছারখার হয়ে যায়, তাতে কে না বোঝে চুলা-টুলা না, পেট্রোল। আশপাশে গুলশান, নিকেতনে বড়লোকেরা থাকে। বস্তি উঠে গেলে সাফসুতরা, তবে ঠেকায়ও পড়বে তারা। বস্তি যদি না থাকে, ছুটা বা বাঁধা বুয়া পাবে কই?


আগুন লাগার দুশ্চিন্তাটা চম্পাকে যখন-তখন ভোগায়। জবা গায়ে-গতরেই বাড়ছে, মাথায় আক্কেল-বুদ্ধির ছিটাফোঁটা যদি থাকত! আগুন যদি লাগে, ওর মগজেই আসবে না কী করা উচিত, অন্তত নিজের জান বাঁচানোর জন্য।


তো হনহনিয়ে যে ছুটছে, যাচ্ছে কোথায়? ঘর ছাড়া আর কোথায়! চোরের মতো ঘাপটি মেরে যতক্ষণ ঘরে পার করতে পারে। ঘরই-বা কতক্ষণ ঘর থাকবে? আজই কি সরে পড়বে? গত চার বছর এ জায়গায় ঠাঁই গেড়ে সরে পড়ার চিন্তাটা মাথা থেকে বলতে গেলে বিদায়ই নিয়েছিল।


মিনিট বিশেকের পথ। জোরে পা ফেলছে, তাতেও পথ ফুরাচ্ছে না। ঘরে ঢুকে মাথা ঠান্ডা করে ভাববে কী করা। এ সময় হাতে যদি বেতনের টাকা কয়টা থাকত! একটা টিনের কৌটায় কিছু টাকাপয়সা যখন যা পারে জমায়। কতই বা হবে, বড়জোর হাজার দুই হয় কি না। যা করতে হবে তাড়াতাড়ি। মাথা ঠান্ডা রাখতে হবে। ঘটনা নতুন না। এই নিয়ে চারবার। তারপরও প্রতিবারই যখন ঘটে, মাথায় মনে হয় আসমান ভেঙে পড়ছে। পায়ের তলায় মাটি কাঁপে। ভূমিকম্প। এবার চার বছর পরে বলে পায়ের তলায় মাটিটা যেন বেশি বেশি হুড়োহুড়ি করছে।


জবা


দূর থেকে মাকে অসময়ে ফিরে আসতে দেখে জবা তোরাবের টঙের দোকান থেকে ঘরমুখো ছুটবে, না মায়ের দিকে এগোবে এ দোটানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে কাছে ভিড়তে দিল। মা বেরিয়ে যেতেই সে যে পাড়া বেড়াতে বের হয়নি, তোরাবের দোকানে বাকিতে বাংলা সাবান কিনতে এসেছে এর প্রমাণ পলিথিন মোড়ানো সাবানের গোল্লাটা হাতে থাকার পরও বুক ধুকপুক করছে।


বাইরে যাওয়া তার একদম মানা। বড়জোর যেতে পারে পাশের ঘরে মর্জিনার মায়ের কাছে। বুড়ি নড়তে-চড়তে পারে না, তবে একবার টেনেটুনে কাঁথা-বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিলে দুনিয়ার গালগল্প জুড়বে। বেশিরভাগই নদী ভাঙার আগে যখন তার ভরা সংসার ছিল, ঘরগেরস্তি ছিল সেসব নিয়ে। শুনতে হয় বলে জবা শোনে, বিশ্বাস করে না। দুই বেলা নাকি আড়াই সের দুধ পেত দুইটা গাই দুইয়ে। ভাতের অভাব কী জিনিস জীবনে দেখে নাই—মানে যতদিন জমাজমি, ভিটি, ঘর-দুয়ার পদ্মা গিলে খায় নাই। কতক্ষণ বুড়ির ভ্যাজরভ্যাজর শোনা যায়! জবা মাঝে মাঝে ঘরে টিপতালা মেরে এদিকে-ওদিকে যায়।


দূরে কোথাও না। এই যেমন তোরাবের টঙের দোকানে বা বেড়িবাঁধের দিকে যেখান থেকে দূরে ইটভাটার চোঙগুলো নজরে পড়ে, গোল্লা-গোল্লা কালো ধোঁয়া মেঘের মতো ওড়ে। উড়তে উড়তে এক সময় মেঘ ছুঁয়ে ফেললে সাদা মেঘে কালচে গোল্লাগুলো কখনো হাতি, কখনো শিং-বাগানো মোষ হয়ে যায়। তাকিয়ে থেকে ঘাড় টনটন করে, তবে কিছুটা সময় সয়ে গেলে শুধু হাতি-মোষ না, মন যা চায় তা-ই দেখা যায়। গাছপালা, পাহাড়-পর্বত, পালতোলা জাহাজ। মায়ের এসব বরদাস্ত হয় না। যদি জানতে পারে ঘর ছেড়ে বেরিয়েছিল, এমনকি তোরাবের দোকানেও গেছে, দুম দুম কিলাবে।


গত রাতেও এক দফা হয়ে গেছে। বস্তির শেষ মাথায় যেখানে এনজিও-ওয়ালারা নাইট ইশকুল করবে বলে শামিয়ানা খাটিয়ে বক্তৃতা আর গানের ফাঁকে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বাজাচ্ছিল, শুনে তার খুব ইচ্ছা করছিল এক চক্কর ঘুরে আসে। গিয়েওছিল। বড় ঘরের সুন্দর-সুন্দর মহিলারা নাকে কালো চশমা, হাতে ভোম্বা মোবাইল নিয়ে কাজের তদারকি করেছিল। ওদের একজন নাদুসনুদুস দেখতে, তাকে নাম জিজ্ঞাসা করেছিল। পড়ে কি না জানতে চাইলে সে বলেছিল কেলাস ফাইভ। আসলে থ্রি শেষ না করতেই যে পড়া ছেড়ে দিয়েছে সে কথা চেপে গিয়ে ফাইভে পড়ে বলায় কেন যেন ভালো লাগছিল। তার মতো বারো-তেরো বছরের মেয়ে মাত্র থ্রি-তে, এ কথায় মহিলা হয়তো অবাক হতো। যাই হোক, মহিলাটা ভালো, তাকে কাছে ডেকে বলেছিল নাইট ইশকুলে ছোট-বড় সবার পড়ার বন্দোবস্ত হবে, সে যেন আসে, খরচাপাতি লাগবে না। তার পর তাকে অবাক করে এদিকে আসো তো বলে—মাগ্‌গো মা, কী মায়া গলায়—তার কাঁধে হাত বেড় দিয়ে মোবাইলে ছবি তুলেছিল। তাকে দেখিয়েওছিল ছবিটা।


মায়ের কাছে কি খবর চাপা থাকে! ক্যান গেছিলি হারামজাদি বলে কিল আর কিল।


মাকে আসতে দেখে কিল খাওয়া পিঠের যন্ত্রণাটা যেন টনটন করে উঠল দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করল মা কী করে। তাকে দেখে কি এখানেই গত রাতের মতো হাত দুটো আবার চালু করবে? অবাক হলো, মা যেন তাকে দেখেও না দেখার মতো তেরচা চোখে একবার তাকিয়ে বলল, চল।


পেছন পেছন চলতে গিয়ে জবা ভাবল মা যদি উল্টাপাল্টা কিছু শুরু করে, সে মুখে যা আসবে বলবে। তোরাবের দোকানে বা বেড়িবাঁধের দিকে যে যায়, কুমতলবে তো যায় না। ঘরের মধ্যে গরমে সেদ্ধ হয়ে সারা দিন তার কিভাবে কাটে মা খোঁজ রাখে? তাও যদি নড়াচড়ার জায়গা থাকত! মা যদি আজ তেড়িবেড়ি

**********
No Review
Related Books
Loading books…