Home
মন্দকথা

মন্দকথা

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

মন্দকথা

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
articles

Change color

বেশ বুড়ো হয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই— ওই যখন চুলে পাক ধরতে শুরু করেছে, ওই চালশের পরেই যখন চশমা নিলাম— সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, মনে মনে কিছুতেই আমি বুড়ো হব না। হ্যাঁ, এটা মানতে কোনও অসুবিধে নেই যে, মানুষের দেহপ্রস্থে পরিণতির অবক্ষীয়মাণ স্পর্শটুকু লাগবেই। সেখানে তো যম-দেবতার নোটিস পড়বে সেই অসামান্য লোক কথার কেতায়। সেই যে একজন চল্লিশেই মরতে বসেছিল বলে যমের ওপর রাগ করে গালাগাল দিচ্ছিল। যম বললেন— তোমার সময় হয়েছে, তাই নিতে এসেছি, এত বকবক করছো কেন। চল্লিশ বলল— ইয়ার্কি পেয়েছো! মর্ত্যলোকে তবু কিছু নিয়ম-কানুন আছে, জজ-সাহেবের বিচার আছে, তোমাদের স্বর্গে তো তাও নেই। সেখানে শুধু গুণ্ডামি চলে; নইলে এইভাবে এই বয়সে কোনও ভদ্রলোক আমাকে শেষ করে দিতে পারে? যম বলছেন— সেই বিচার হয়ে গেছে বলেই তো তোমায় নিতে এসেছি। লোকটি বলল— চোপ। এখানে একটা সামান্য চাকরি থেকে বরখাস্ত করলেও এক মাসের মিনিমাম নোটিস দিতে হয়। এক স্কুল ছুটি হলে পর্যন্ত আগে থেকে নোটিস দিতে হয়। এমনকি ওরে শমন! তোর নিজের নামেই আমাদের আদালতে একটা বস্তু আছে— মানে, আদালতে জজ-সাহেব তোকে যদি একবার দেখা করতে বলে, তবে শমন আসে বাড়িতে। বলে যায়, অমুক দিন যেতে হবে। তুই মর্ত্যে এসেছিস আমায় নিতে, তা নোটিস দিবি না একটা। বললি, আর চলে যাব। অত সোজা নয়।

স্বর্গলোকে বিচারহীনতার এমন অভিযোগ শুনে যম একেবারে ঘাবড়ে গেলেন। তো তো করে বললেন— আচ্ছা বুঝলাম, তুমি ঠিক কী ধরনের ‘নোটিস’ চাও বলো তো? লোকটি বলল— আমার ছেলেটা এখনও মানুষ হয়নি, মেয়েটার বিয়ে হয়নি। আর বউটা তো এখনও ডাগরই রয়ে গেছে, আর তুমি এই বেলাতেই নিতে এলে আমাকে বিনি-নোটিসে। এ-সব চলবেনে এখানে। এখেনে আইন-কানুন আছে এখনও। যমরাজ এ-সব তর্কযুক্তি শুনে একটু বিব্রতই হলেন। বললেন— আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো আরও কিছুদিন এই পৃথিবীতে। যা করবার করে নাও। লোকটি যমের মুখ থেকে ছাড়া পেয়ে যমকে পেন্নাম করে বলল— বাঁচালেন প্রভু। ছেলে-মেয়ে রেখে যা আতান্তরে পড়ে গিয়েছিলাম। কিন্তু যাই হোক, পরে যখনই আপনি আসবেন, নোটিস দিয়ে আসবেন, নইলে এখানকার আইনে আপনার জান কয়লা হয়ে যাবে। যমরাজ আচ্ছা আচ্ছা বলে চলে গেলেন।

তারপর অনেকদিন হয়ে গেল। সেই মরণোন্মুখ লোকটির ছেলে মানুষ হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, বউ বুড়ো হয়ে গেল। যমরাজ একবার লোকটিকে মৃদু মৃত্যু শঙ্কার ধাক্কা দিয়েছিলেন বলে লোকটিকে একটু বেশিই বাঁচার সুযোগ দিলেন। লোকটার এখন বয়েস হয়ে গেছে। কিন্তু বুড়ো বয়সেও তার এটা মনে হচ্ছে না যে, তার সব কাজ শেষ, কর্তব্য শেষ, এবার মরলেই হয়। বরঞ্চ সাধারণ একটা ত্যাগবুদ্ধিতেও এটা মনে হয় না যে, এই পৃথিবীতে যতটা না সফল হয়েছি, তার চেয়ে অনেক বেশি মরীচিকা সমুদ্রের জল পান করেছি আমরা, যত কাজ আরম্ভ করে শেষ করেছি, তার চেয়ে অনেক বেশি বার আরম্ভগুলো যাত্রারম্ভেই শেষ হয়ে গেছে, অনেকটা ছোট পশুর মতো— পনেরো বার চেষ্টা করার পরে একবার শিকার ধরতে পারে— সমারম্ভাঃ ভগ্নাঃ কতি ন কতিবারাংস্তব পশো। কিন্তু আশ্চর্য, এই যে লোকটার কথা বলছিলাম, এরকম মানুষ তো অনেক আছে, এমনকি দু-চারবার যমের ধাক্কা খাওয়া লোকেরও অভাব নেই পৃথিবীতে। কিন্তু তবু যেই না একটু ঠিক হল, অমনই শতধা ছিন্ন আশাগুলি আবার তাকে তাড়িয়ে নিয়ে যেতে থাকে।

লিখেছেন কবি ভর্তৃহরি— মুখে কপালে বলিরেখার শেষ নেই চুল পেকে শনের মতো হয়ে গেল, সমস্ত গায়ের, সন্ধি-গ্রন্থি ঢিলে হয়ে গেল, কিন্তু মনের মধ্যে যুবতী হয়ে রইল যেটা, সেটা হল তৃষ্ণা, আশা, আরও আরও পাবার ইচ্ছে, তার জরা নেই, গাঁটে ব্যথা নেই, সে তরুণীতরা হয়ে ওঠে বৃদ্ধ বয়সেও— গাত্রাণি শিথিলায়ন্তে তৃষ্ণৈকা তরুণায়তে। আমাদের মতো সেই যমের ধাক্কা খাওয়া লোকটাও কিন্তু এইভাবেই ‘আশপাশশতৈর্বদ্ধঃ’ অবস্থাতেই বসেছিল। অবশেষে যমরাজ এলেন এবং মিষ্টিমুখেই বললেন— এবার তো যেতে হবে! নাকি! এবার সেই বুড়ো লোকটি বলল— সে কী কথা! আমার তো কিছু কাজ বাকি আছে এখনও। ভেবেছিলাম, তুমি নোটিস দেবে, আমি কাজ সেরে নেব। আর তোমাকে আগেই আমি বলেছিলাম— বিনি-নোটিসে কোনও কাজ হবে না এখেনে। এ তোমার ছন্নছাড়া দেবলোক নয় যে, যা ইচ্ছে তাই করা যাবে। তুমি যাও এবার, নোটিসের জোগাড় করো। তোমাদের দেবলোকের একদিন মানে মনুষ্য-দিন-মানে অনেকগুলি বছর। তোমাদের মানে দু-চার ঘণ্টা দিলেই আমার কাজ চলে যাবে।

যমরাজ বললেন— ওরে মূর্খ! অনেকক্ষণ বাতেলা শুনছি। আমি কিন্তু নোটিস দিচ্ছি বহু দিন ধরে, তুমি দেখলাম কিছুই খেয়াল করলে না। লোকটি বলল— কোথায় নোটিস, কিসের নোটিস, আমি কিছুই পাইনি। যম এবার হেসে বললেন— মুখ্যু মর্ত্যবাসী। দেবলোকের নোটিস কী তোদের মতো কাগজ ধরানো নাকি রে! শোন তাহলে— যে দিন মেয়ের বিয়ে দিলি, তার দু-মাস আগে তোর সামনের দুটো দাঁত পড়ে গেল। তুই নকল দাঁত বাঁধিয়ে মেয়ের বিয়ে সামাল দিলি বটে, তবে ওটা একটা নোটিস ছিল। অথচ দাঁত বাঁধানোর তাড়নায় তোর খেয়ালই হল না যে, এটা একটা নোটিস। তারপর পঞ্চান্নয় তোর চুলগুলো সাদা হয়ে গেল সব। কিন্তু তোর একবারও খেয়াল হল না যে, তোর মাথার ওপর যমরাজের নোটিস পড়েছে। তুই কী করলি, তুই চুলে কালো কলপ করে আমার নোটিস মুছে দিলি। একবার নয় পনেরো কুড়ি দিন পর পর চুলের সাদা তো আবার বেরিয়ে পড়ে, তুই সেই পার্মানেন্ট নোটিস বারবার ঢেকে দিয়েছিস। তুই নিজে ভাবার চেষ্টা করলি— এগুলি কিছুই নয়, একটু বয়স হলে এরকম হয়ই। কিন্তু মনে মনে তুই বুঝতে পারছিলি বলেই আমার নোটিস অগ্রাহ্য করেছিস বারবার। এরপর যেদিন রাস্তায় হাঁটতে গিয়ে ব্যালান্স হারিয়ে পা ভাঙলি, সেদিনও তোর বোধ হল না যে, সময় ঘনিয়ে আসছে। খুব তো বলেছিলি যে, বউটা এখনও ডাগর আছে, তোর ভোগের ইচ্ছে দূর হয়নি, তাই সময় দরকার; তা এখন তাঁর কী অবস্থা, আর ভোগ করার ক্ষমতা আছে, না ইচ্ছে আছে?

যমের মুখে বারবার মুখ-ঝামটা খেয়ে লোকটি এবার থতমত হয়ে গেল। সে বুঝতে পারল— দেবতার নোটিস এইভাবেই পড়ে, এইভাবেই নেমে আসে পরলোকের সাবধান-বাণী। লোকটি বলল— হ্যাঁ, মানছি তোমার কথা। নোটিস এভাবে পড়েছে বটে। কিন্তু সত্যি বলতে কী, আমার ভোগের ইচ্ছে এখনও যায়নি, বিশেষত এই অল্প বয়সি ছেলেমেয়েগুলোকে যেভাবে নির্ভাবনায় ইচ্ছাপূরণ করতে দেখছি, তাতে আমার ভোগের ইচ্ছেটা আরও বেড়ে গেছে। যম বললেন— সেটা কী আর আমি লক্ষ্য করিনি ভেবেছো। তুমি আজকাল গা-দ্যাখানো পাঞ্জাবি পরে বাজারে যাচ্ছো। বলি, কোন গা দ্যাখাচ্ছো, কাকে দেখাচ্ছো? তোমার বউ আরও স্নো-পমেটম মাখছে, বার বার ভাঙা দেওয়ালে চুনকাম করছে,

**********
No Review
Related Books
Loading books…