একমাত্র যাঁরা জেনেছেন নিয়মের মধ্যে আনন্দ নিজেকে প্রকাশ করে তাঁরাই নিয়মকে পেরিয়ে যেতে শিখেছেন। এমন নয় যে তাঁদের কাছে নিয়মের বন্ধনগুলির অস্তিত্ব চলে গেছে— বরং বন্ধনগুলি তাঁদের কাছে স্বাধীনতার মূর্ত রূপ হয়ে উঠেছে। মুক্ত আত্মা আনন্দিত হয়ে সকল বন্ধন স্বীকার করেন, আর তাদের কোনোটিকেই এড়িয়ে যাওয়ার পথ খোঁজেন না, কারণ প্রত্যেকের মধ্যে তিনি এমন এক অনন্ত কর্মশক্তির প্রকাশ অনুভব করেন সৃষ্টিতে য...