Home
কবির বয়স

কবির বয়স

রবীন্দ্রনাথ ঠাকুর

কবির বয়স

রবীন্দ্রনাথ ঠাকুর
articles

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

ওরে কবি , সন্ধ্যা হয়ে এল ,

কেশে তোমার ধরেছে যে পাক ।

বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে

শুনতেছ কি পরকালের ডাক ?

কবি কহে , ‘ সন্ধ্যা হল বটে ,

শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ ,

এ পারে ওই পল্লী হতে যদি

আজো হঠাৎ ডাকে আমায় কেহ ।

যদি হোথায় বকুলবনচ্ছায়ে

মিলন ঘটে তরুণ - তরুণীতে ,

দুটি আঁখির ‘পরে দুইটি আঁখি

মিলিতে চায় দুরন্ত সংগীতে—

কে তাহাদের মনের কথা লয়ে

বীণার তারে তুলবে প্রতিধ্বনি ,

আমি যদি ভবের কূলে বসে

পরকালের ভালো মন্দই গনি ।

‘ সন্ধ্যাতারা উঠে অস্তে গেল ,

চিতা নিবে এল নদীর ধারে ,

কৃষ্ণপক্ষে হলুদবর্ণ চাঁদ

দেখা দিল বনের একটি পারে ,

শৃগালসভা ডাকে ঊর্ধ্বরবে

পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে—

এমন কালে কোনো গৃহত্যাগী

হেথায় যদি জাগতে আসে রাতে ,

জোড় - হস্তে ঊর্ধ্ব তুলি মাথা

চেয়ে দেখে সপ্ত ঋষির পানে ,

প্রাণের কূলে আঘাত করে ধীরে

সুপ্তিসাগর শব্দবিহীন গানে—

ত্রিভুবনের গোপন কথাখানি

কে জাগিয়ে তুলবে তাহার মনে

আমি যদি আমার মুক্তি নিয়ে

যুক্তি করি আপন গৃহকোণে ?

‘ কেশে আমার পাক ধরেছে বটে ,

তাহার পানে নজর এত কেন ?

পাড়ায় যত ছেলে এবং বুড়ো

সবার আমি একবয়সী জেনো ।

ওষ্ঠে কারো সরল সাদা হাসি

কারো হাসি আঁখির কোণে কোণে

কারো অশ্রু উছলে পড়ে যায়

কারো অশ্রু শুকায় মনে মনে ,

কেউ বা থাকে ঘরের কোণে দোঁহে

জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ ,

কেউ বা মরে একলা ঘরের শোকে

জনারণ্যে কেউ বা হারায় পথ ।

সবাই মোরে করেন ডাকাডাকি ,

কখন শুনি পরকালের ডাক ?

সবার আমি সমান - বয়সী যে

চুলে আমার যত ধরুক পাক । '

**********
No Review
Related Books
Loading books…