
আমার সাহিত্যিক বিকাশ : উৎকল পর্ব
অন্নদাশঙ্কর রায়
আমার সাহিত্যিক বিকাশ : উৎকল পর্ব
১
মোগলরা যখন ওড়িশা জয় করে নেয় তখন তাদের রাজকার্যের সুবিধার জন্যে ফারসি জানা কর্মচারীর দরকার হয়। তা ছাড়া এমন কর্মচারীর দরকার হয় যিনি মোগল প্রশাসন পদ্ধতিতে অভিজ্ঞ। রাজা টোডরমলের সঙ্গে কাজ করতে করতে সেরকম অভিজ্ঞতা অর্জন করেছিলেন হুগলি জেলার কোতরংনিবাসী আমার পূর্বপুরুষ। ওড়িশার রাজস্ব বন্দোবস্ত সারা হলে তিনি সেইখানেই বসবাস করতে শুরু করেন। রাজসরকার থেকে মিলে যায় জাহাঙ্গিরি তালুক। পুরুষানুক্রমে লাখেরাজ প্রধানত বালেশ্বর জেলায়। বংশের নাম হয় মহাশয় বংশ।
মোগল আমলের মতো ইংরেজ আমলেও ঘটে অনুরূপ ঘটনা। এবার ফারসি জানা কর্মচারীর নয়, ইংরেজি জানা কর্মচারীর বা উকিলের দরকার। সেইসূত্রে ওড়িশায় গিয়ে বসবাস করেন আমার মাতৃকুল। এঁদের আদিনিবাস কোথায় ছিল জিজ্ঞাসা করিনি। তবে নেতাজি সুভাষচন্দ্রের বংশ এঁদের আত্মীয়। তার থেকে অনুমান হয় এঁরাও কলকাতার কাছাকাছি অঞ্চল থেকে স্থানান্তরী হন। এঁদের চালচলনও তার প্রমাণ। কলকাতার আধুনিকতম রেওয়াজ কী তা জানতে হলে এঁদের ওখানে যাওয়াই যথেষ্ট। দুই পরিবারের মাঝখানে দুই শতাব্দীর ব্যবধান। আমার মাতুলালয় কটকে। বাবা কাজ করতেন ঢেঙ্কানল রাজসরকারে।
বাংলাদেশ থেকে সামাজিক বা সাংস্কৃতিক কোনো অর্থেই বিচ্ছিন্ন না হলেও আমার পিতৃকুল স্বেচ্ছায় ও সানুরাগে ওড়িশার সঙ্গে একাত্ম হয়েছিলেন। ওড়িয়া বলে পরিচয় না দিলেও ওড়িয়াদের সঙ্গেই ছিল তাঁদের অন্তরের মিল। ওড়িয়ারাও তাঁদের পর মনে করতেন না। এঁদের বাড়ি ছিল ওঁদের বাড়ি। ওঁদের বাড়ি ছিল এঁদের বাড়ি। পরস্পরের সঙ্গে আত্মীয় সম্পর্ক পাতিয়ে তাঁরা একান্ত অন্তরঙ্গ বোধ করতেন। ভাষা এক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করত না। প্রত্যেক বাঙালিই ওড়িয়া জানতেন। শিক্ষিত ওড়িয়ারা তো বাংলা জানতেনই, অশিক্ষিতরাও বাংলা কীর্তন গাইতেন। বাদী পালা বলে একরকম কবিগান ছিল। তার ভাষা বাংলা। গাইয়েরা সবাই ওড়িয়া যাত্রায় বা নাটকে অভিনয় করতেন। ওড়িয়া ভাষা ও সাহিত্যের ওপর তাঁদের ঠিক ততখানি টান ছিল যতখানি বাংলার ওপর। তাঁদের বাড়িতে কাশীদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, কবিকঙ্কণ চন্ডী-ও পড়া হত, বৈষ্ণব পদাবলী-ও গাওয়া হত, আবার উপেন্দ্র ভঞ্জ ও অভিমন্যু সামন্তসিংহারের ছান্দ অনুশীলন করা হত।
এই হল মোগল আমলের বাঙালিদের ঐতিহ্য। ইংরেজ আমলের বাঙালিদের ঐতিহ্য অন্যরূপ। প্রাচীন ওড়িয়া সাহিত্য তাঁদের কাছে গ্রিক। অথছ অত বড়ো রসের খনি আর নেই। আধুনিক কাব্য—তা সে বাংলাই হোক আর ওড়িয়াই হোক—এর কাছে স্বাদহীন। ওড়িয়ারা যে তাদের প্রাচীন সাহিত্যের জন্যে গর্বিত এর কারণ তাদের সাহিত্যও তাদের শিল্পের সঙ্গে একই সুরে বাঁধা। তবে তাদের ভুলটা এইখানে যে আর একটা কোণার্ক বা ভুবনেশ্বরের মন্দির যেমন চাইলেই গড়া যায় না, আর একটি রসসাহিত্যও তেমনি চেষ্টা করলেই রচা যায় না। শুধু ‘ছান্দ’ সাজিয়ে গেলেই হয় না। রাধানাথ রায়, মধুসূদন রাও, ফকিরমোহন সেনাপতি বুঝতে পেরেছিলেন যে প্রাচীনের দিন গেছে। তাকে ফিরিয়ে আনার প্রয়াস বৃথা। তারচেয়ে আধুনিক বাংলার মতো আধুনিক ওড়িয়া গদ্য ও পদ্য প্রবর্তন করা শ্রেয়। হয়তো রসের ভাগ কম পড়বে, নীতির ভাগ বেশি হবে। তবু সেই একমাত্র পথ। অন্য পন্থা নেই।
আমার ছেলেবেলায় আমাকে অবধানের পাঠশালায় পাঠানো হয়। সেখানেই বোধ হয় ‘কেশব কোইলী’ সুর করে পড়তে শিখি। আদিমতম ওড়িয়া ‘ছান্দ’। কিন্তু স্কুলে গিয়ে যে ওড়িয়া কবিতার সঙ্গে পরিচয় হয় তার সুর জানানো সত্ত্বেও কেউ সুর করে পড়ত না। আমিও শিখিনি। তবে আধুনিক কবিতাও সুর করে পড়ার প্রথা তখনও যায়নি। স্কুলের বাইরে শুনেছি। আমাদের যুগেই এ অভ্যাস উঠে যায়। আমরা যখন লিখি তখন পড়ার মতো করে লিখি, গাওয়ার মতো করে নয়। তবু তো ছন্দ মিল রেখে লিখেছি। এখন যাঁরা লিখছেন তাঁরা ওসব মানেন না।
সাহিত্যে অনুরাগ আমাদের বাড়িতে সকলের মধ্যে লক্ষ করেছি। বাংলা আর ওড়িয়ার সঙ্গে ছিল ইংরেজি আর সংস্কৃত। মা জয়দেবের গীতগোবিন্দ গান করে গোপালের আরতি করতেন। বাংলা আমি স্কুলে পড়িনি, পড়েছি বাড়িতেই। বাবা বসুমতী নিতেন, বছর বছর বসুমতী-র উপহার পেতেন। বসুমতী সংস্করণ গ্রন্থাবলি তো ছিলই, আরও ছিল কতরকম রাজনৈতিক গ্রন্থ। নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রঙ্কোপ্রাশিয়ান যুদ্ধের ইতিহাস, দারোগার দপ্তর, দেশের কথা, গার্হস্থ্য কোষ ইত্যাদি। বাবা ইংরেজি অর্ধসাপ্তাহিক বেঙ্গলিও নিতেন। আমাকে বলতেন পড়ে শোনাতে। ভারি তো আমার বিদ্যে! বুঝতে না পারলে বলতেন ডিকশনারি দেখতে। আলস্য কাটিয়ে ডিকশনারি দেখতে হত। এমনি করে ডিকশনারি দেখার অভ্যাস হয়। ইংরেজি আমি স্কুলে যেটুকু শিখেছি তার চেয়ে অনেক বেশি শিখেছি নিজের চেষ্টায়।
আমাদের স্কুলের লাইব্রেরিতে ইংরেজি বাংলা ওড়িয়া বই এন্তার ছিল। সব বাছা বাছা। ঢেঙ্কানলের মতো বহুদূরবর্তী দেশীয় রাজ্যে আমাদের স্কুলের লাইব্রেরিটি অপ্রত্যাশিত এক সৌভাগ্য। নোবেল প্রাইজ পাবার আগে রবীন্দ্রনাথের বাংলা বই ওড়িশার ছোট্ট একটি বুনো জায়গায় আনিয়ে রাখা কার আইডিয়া ছিল জানিনে। তবে আমার হাতে যখন পড়ে তখন তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। হেডমাস্টারমশায় ছিলেন বাঙালি থিয়োসফিস্ট। আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারও উদারমতি বাঙালি। একজনের কাছে পেয়েছি বাংলায় রুচি, আরেক জনের কাছে ইংরেজিতে রুচি। হেডমাস্টারমহাশয় কেন জানিনে একদিন আমার হাতে স্কুলের ম্যাগাজিন সেকশনের ভার দেন। কী করে জানলেন যে আমি পড়ার বই ফেলে মাসিকপত্র পড়তে ভালোবাসি। আমাদের ম্যাগাজিন সেকশনে ছিল ভারতী, মানসী ও মর্মবাণী প্রমুখ সেকালের যাবতীয় প্রসিদ্ধ মাসিকপত্র। তারই মধ্যে সবুজপত্র। পড়ি সবই, কিন্তু সবচেয়ে মনোযোগ দিয়ে পড়ি সবুজপত্র। বারো বছর বয়সে আমি সবুজপত্র-এর আস্বাদন পাই ও মনে মনে সেই ভাবের ভাবুক হই।
দশ বছর বয়সেই আমার বঙ্কিমচন্দ্র পড়া হয়েছিল। শরৎচন্দ্রের আদি পাঠকদের মধ্যে আমিও একজন। আমাদের প্রতিবেশীদের মধ্যে কয়েক জন ছিলেন যাঁদের বাড়িতেও বিস্তর বাংলা বই ছিল। মাঝে মাঝে পড়তে পেতুম। দ্বিজেন্দ্রনাথ বসু ছিলেন ব্রাহ্ম। তাঁর লাইব্রেরিতে বসে অসংখ্য বাংলা বই পড়েছি। এমনি করে বাংলা সাহিত্যের সঙ্গে আমার ব্যাপক পরিচয় ঘটে। ঠিক অতখানি ব্যাপক পরিচয় ওড়িয়া সাহিত্যের সঙ্গে হয়নি। তখনকার দিনে ওড়িয়া সাহিত্য বলতে সাধারণত যা বোঝাত তা প্রাচীন সাহিত্য ও আধুনিক পাঠ্যপুস্তক। তার বাইরে খুব বেশি বই ছিল না। থাকলে আমি নিশ্চয় পড়তুম। স্কুলের লাইব্রেরিতে অগুনতি ইংরেজি বই ছিল, যা পাঠ্য নয়। অপাঠ্যেই আমার অধিকতর রুচি। স্কট, ডিকেনস ইত্যাদি তো পড়তুমই, পড়তুম ইতিহাসের বই, ভূবৃত্তান্ত, কোষগ্রন্থ। যেমন—চিলড্রেন্স এনসাইক্লোপিডিয়া, সেলফ এডুকেটর। মাসিকপত্রের মধ্যে মাই ম্যাগাজিন।
বছর খানেক আমি একাই একটি মাসিকপত্র সম্পাদনা করি। ওড়িয়া ভাষায়। প্রভা তার নাম। অধিকাংশ রচনাই ছিল আমার। গদ্য, পদ্য, কাহিনি, নিবন্ধ। গম্ভীর ভাবের ও ভাষার সম্পাদকীয়। নাটক লিখে অভিনয়ও করিয়েছি বন্ধুদের দিয়ে। রাজবাড়িতে প্রায়ই থিয়েটার দেখতে যেতুম। থিয়েটারের ম্যানেজার ছিলেন আমার বাবা। আমার সমবয়সিদের কেউ কেউ অভিনয় করছে অথচ আমি তার সুযোগ পাচ্ছিনে, যদিও আমার বাবা স্বয়ং ম্যানেজার। লজ্জার মাথা খেয়ে তাঁকে জানাই আমার অভিলাষ। তিনি এককথায় উড়িয়ে দেন। সেইজন্যেই তো আমি বাড়িতেই থিয়েটার খুলে বসি। বাবা একদিন রাগ করেন, তাই সে-থিয়েটার ভেঙে যায়।
আমার ছোটোকাকা ছিলেন উৎকল সাহিত্য মাসিকপত্রের গ্রাহক তথা লেখক। তাঁর সৌজন্যে ওই পত্রিকার একরাশ পুরোনো সেট আমার হাতে পড়ে। দিনরাত পড়ি। পড়তে পড়তে ওয়াকিবহাল হই। আধুনিক ওড়িয়া সাহিত্য গড়ে ওঠে যেসব পত্রিকা অবলম্বন করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকল সাহিত্য। সম্পাদক বিশ্বনাথ কর মহাশয় ছিলেন ব্রাহ্মসমাজের একটি স্তম্ভ। সঙ্গে সঙ্গে সাহিত্যেরও। বাংলাদেশে রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের যে স্থান, ওড়িশায় বিশ্বনাথ কর মহাশয়েরও সেই স্থান। সাহিত্যের মান যাতে উচ্চ হয় এই ছিল উভয়ের ধ্যান। এরজন্যে রামানন্দবাবুকে লোকসান দিতে হয়েছিল, বিশ্বনাথবাবুকেও। আমার পরবর্তী জীবনে আমি এই দুই মহাপ্রাণ সাধকের সংস্পর্শে এসেছি। এঁরা দুজনেই আমাকে সাহিত্যের রাজ্যে পরিচিত হতে দিয়েছেন।
আমার উচ্চাভিলাষ ছিল আমি প্রবাসী-তে ও উৎকল সাহিত্যে লিখব। বছর ষোলো যখন বয়স তখন প্রবাসী-তে আমার টলস্টয়ের কাহিনির অনুবাদ বেরোয়। আঠারো বছর যখন বয়স তখন উৎকল সাহিত্যে আমার একটি সামাজিক প্রবন্ধ ছাপা হয়। ইতিমধ্যে আমার পিতৃব্যবন্ধু লক্ষ্মীনারায়ণ সাহু মহাশয় আমার একাধিক ওড়িয়া রচনা তাঁর সহকার মাসিকপত্রে প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে ইংরেজিতেও লিখতুম আর কটকের কলেজ ম্যাগাজিনে তা পত্রস্থ হত। পরে পাটনা কলেজ ম্যাগাজিনে। প্রবাসী ছাড়া ভারতী-তে আমি লিখেছি। উনিশ-বিশ বছর বয়সে এমন একটি সমাজবৈপ্লবিক প্রবন্ধও লিখি যার সুদীর্ঘ প্রতিবাদ লেখেন অমিয় চক্রবর্তীর জননী অনিন্দিতা দেবী, ছদ্মনাম ‘বঙ্গনারী’। ঢেঙ্কানল ছেড়ে পুরীতে কিছুদিন পড়েছি, সেখানে সমুদ্রতীরে বেড়াবার সময় তাঁকেও বেড়াতে দেখেছি। তিনি আমার পরিচয় জানতেন না, জানলে অর্বাচীনকে বয়স্ক ব্যক্তি ভেবে অতটা সিরিয়াস হতেন না।
পুরী জেলা স্কুলে যে কয় মাস পড়ি তার অমৃতফল কালিন্দীচরণ পাণিগ্রাহীর সঙ্গে বন্ধুতা। তিনি জানতেন না যে আমি একজন প্রচ্ছন্ন সাহিত্যিক। আমিও জানতুম না যে তিনিও তাই। পরস্পরের প্রতি একটা টান অনুভব করতুম। সমুদ্রের ধারে বেড়াতুম। কালিন্দী গান গেয়ে শোনাতেন। এখনও মনে আছে তাঁর সুর আর কথা। তাঁর স্বকীয় নয়, ভিখারীচরণ পট্টনায়কের। আমাদের সেই আলাপই পরবর্তীকালে সবুজযুগ প্রতিষ্ঠার ভিত্তিশিলা। তখন কিন্তু সেটা স্বপ্নেও ভাবিনি। সাহিত্য নিয়ে নাড়াচাড়া করলেও আমার কল্পনা ছিল পক্ষীরাজের পিঠে চড়ে দেশ-বিদেশে যাব। সাংবাদিকতা করে নিজের খরচ চালাব। আমেরিকাই ছিল আমার আপাত লক্ষ্য।
ভূভারতের বিশিষ্ট সংবাদপত্রগুলির নমুনা আমি চিঠি লিখে আনিয়েছিলুম, পড়েছিলুম। ইংরেজি আমি অমনি করেই আয়ত্ত করেছিলুম। আমার ধারণা ছিল আমিও ইংরেজিতে সম্পাদকীয় লিখতে পারি। ম্যাট্রিকুলেশন পরীক্ষার দিন আমি পাঠ্যপুস্তক ছেড়ে মডার্ন রিভিউ পড়ি। তখন অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে। কী হবে পাশ করে, যদি ইংরেজদের গোলামখানায় উচ্চশিক্ষার জন্যে যেতে না হয়? যাচ্ছি তো আমেরিকা, সেখানে কেই-বা জানতে চাইছে আমার পরীক্ষার ফলাফল? আর ইংরেজি যদি ঠিকমতো লিখতে পারি তো সার্টিফিকেট দেখতে চাইবে কে?
পরীক্ষাটা গুরুজনদের খাতিরে কোনোরকমে দেওয়া গেল। তারপরে রওনা হলুম কলকাতা। সেখানে সাংবাদিকতা হাতে-কলমে শিখে পালিয়ে যাব আমেরিকায়। কিন্তু বিধাতা বাম। বসুমতী সম্পাদক হেমেন্দ্রপ্রসাদ ঘোষ আমাকে উপদেশ দিলেন শর্টহ্যাণ্ড শিখতে। সেইসঙ্গে টাইপরাইটিং। এখন বুঝতে পারছি উদীয়মান সাংবাদিকের পক্ষে সেটা অবশ্য শিক্ষণীয়। তখন কিন্তু ভুল বুঝেছি—কী! আমি বাংলা লিখতে পারিনে! সার্ভ্যান্ট সম্পাদক শ্যামসুন্দর চক্রবর্তী আমাকে প্রুফ সংশোধন করতে দেন। এখন বুঝতে পারছি সম্পাদক হতে হলে প্রুফ দেখা অপরিহার্য। তখন কিন্তু বিরক্ত হয়েছি—কী! আমি ইংরেজি লিখতে পারিনে! মন তো খারাপ হবেই। শরীরও খারাপ হল অর্থাভাবে যা-তা খেয়ে। ছোটোকাকার চিঠি পেয়ে ফিরে গেলাম ওড়িশায়। ভরতি হলুম কটক কলেজে। ইতিমধ্যে পাশ করেছিলুম। সামান্য একটা স্কলারশিপও জুটে গেল।
আমার পুরীর সহপাঠী কালিন্দীচরণ পাণিগ্রাহী ও আমার ঢেঙ্কানলের সহপাঠী বৈকুন্ঠনাথ পট্টনায়ক কটকেও আমার সতীর্থ হন। এদের সঙ্গে যোগ দেন শরৎচন্দ্র মুখোপাধ্যায় ও হরিহর মহাপাত্র। আমরা পাঁচ জনে মিলে একটা ক্লাব করি, তার নাম ‘ননসেন্স ক্লাব’। তার থেকে আসে একটি পত্রিকা চালানোর সংকল্প। হাতে লেখা পত্রিকা। কেউ লিখত ইংরেজিতে, কেউ ওড়িয়ায়, কেউ বাংলায়। আমি লিখতুম তিন ভাষায়। হাতে লেখা পত্রিকার পাঠক কোথায়? পাঠক না থাকলে জানব কী করে লেখা কেমন হচ্ছে? অথচ আমাদের এমন সামর্থ্য নেই যে পত্রিকাখানা ছেপে বার করব। তাই অন্যত্র লেখা দিই। ইংরেজি রচনা কলেজ ম্য